রংধনু গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসঙ্গে তার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকার ব্যাংক হিসাব ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত এক লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস ক্রোক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি কিনে বা পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তা পুনরায় বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে।
বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু ২০২২ সালের মার্চে ৭.৫৭৫১ একর জমি বিক্রি করেন।
একই জমির ৬.৩৩৭৫ একর পরবর্তীতে ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেড (বসুন্ধরা গ্রুপ)-এর কাছে পুনরায় বিক্রি করা হয়, যার মাধ্যমে ৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আয় করা হয়।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২০০ কোটি টাকা জাল কার্যাদেশ ও ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণ গ্রহণ করা হয়।
ইসলামী ব্যাংক বারিধারা শাখা থেকে ভুয়া মূল্যায়ন প্রতিবেদন দিয়ে ৪০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়।সিআইডির তথ্য অনুযায়ী, অবৈধভাবে উপার্জিত অর্থ পাচার করে রফিকুল ইসলাম ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা’র নাগরিকত্ব গ্রহণ করেন, যেখানে ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছেন।গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৭ আগস্ট মামলা দায়ের করেছে সিআইডি।
১৩টি ব্যাংক হিসাবে থাকা ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল-২ এ এক লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস বিজ্ঞ আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে।সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারসহ সংশ্লিষ্ট অপরাধে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



