আব্দুল কাইয়ুম আরজু : পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের নবগঠিত ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা “পকেট কমিটি মানি না, মানবো না” স্লোগান দেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদ সিকদার, পৌর যুবদল নেতা হারুন মুসুল্লি, আবুবকরসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে গঠিত এই কমিটি দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী। তাদের দাবি, নতুন কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং বহিষ্কৃত কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর ও প্রশ্নবিদ্ধ। ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগের পদে থাকা শাকিব নামের একজনসহ বহিষ্কৃত অন্তত তিনজনকে কমিটিতে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, শাকিব পূর্বে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং জেলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে পৌর ছাত্রদলের রানিং আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজকে যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক সংগঠনে দায়িত্বে থাকতে পারেন। তবে দল চাইলে যেকোনো একটি পদ থেকে তাকে অব্যাহতি দিতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর। তিনি বলেন, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করেই ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। যারা পদ পাননি, তাদের অনেকেই ওয়ার্ড পর্যায়ে দায়িত্বে আছেন। উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কুয়াকাটা পৌর যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন কমিটিতে সৈয়দ মো. ফারুককে সভাপতি এবং মো. জহিরুল ইসলাম মিরনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে একটি আংশিক (সুপার ফাইভ) কমিটি গঠন করা হয়েছিল, যা প্রায় তিন বছর দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা দ্রুত কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে সতর্ক করে বলেন, দাবি মানা না হলে তারা কমিটি থেকে পদত্যাগসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কুয়াকাটা পৌর যুবদলের নতুন কমিটি ঘিরে সৃষ্ট এই বিতর্ক এখন স্থানীয় রাজনীতিতে বড় ইস্যুতে পরিণত হয়েছে। তৃণমূলের ক্ষোভ এবং নেতৃত্বের অবস্থানের মধ্যে তৈরি এই দূরত্ব কত দ্রুত কমে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
বরিশাল অফিস : বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তা এম এ খায়ের কাওছার (আবুল খায়ের) বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হওয়া জুয়ার আসরে অংশ নেওয়ার অভিযোগ তদন্তের দাবি আরও জোরালো করেছে। সাম্প্রতিক ঘটনায়, ১৩ এপ্রিল রাতে বরিশাল নগরের একটি ফ্ল্যাটে জুয়ার আসরে তার উপস্থিতির অভিযোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা প্রশাসনের নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরও পড়ুন: ক্ষমতার বলে কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছেন ওসি আবুল খায়ের! পুলিশের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রাথমিক পর্যায়ের খোঁজখবর শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ভিডিও ফুটেজ যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এর আগে মহিপুর থানায় দায়িত্ব পালনকালে অবৈধ সম্পদ অর্জন, কুয়াকাটা এলাকায় জমি ক্রয় ও আত্মীয়দের নামে হস্তান্তরের অভিযোগ উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের একটি অংশ দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধে প্রভাব খাটানোর ঘটনাও ঘটেছে, যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখনো প্রকাশ পায়নি। কুয়াকাটার ব্যবসায়ী মহলের অভিযোগও নতুন করে সামনে এসেছে। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা দাবি করেছেন, নিয়মিত অর্থ প্রদানের জন্য চাপ সৃষ্টি করা হতো। কেউ কেউ অভিযোগ করেছেন, দাবিকৃত অর্থ না দিলে প্রশাসনিক হয়রানি বা ভীতি প্রদর্শনের শিকার হতে হয়েছে। একটি রেস্টুরেন্টের মালিক বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগ তুলেছেন, অন্যদিকে এক মাছ ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় ব্যবসায়িক সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। এছাড়া সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে। বিষয়টি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বর্তমানে নলছিটি পুলিশ ফাঁড়িতে কর্মরত খায়েরের বিরুদ্ধে একাধিক স্থানে কর্মরত অবস্থায় অভিযোগ ওঠার ধারাবাহিকতা প্রশ্ন তুলছে তার দায়িত্ব পালনের ধরন নিয়ে। সচেতন মহল মনে করছে, এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা জরুরি, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা অটুট থাকে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা বা তার পক্ষ থেকে এখনো এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তদন্তের অগ্রগতি ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকে নজর রাখছেন স্থানীয়রা।
আব্দুল কাইয়ুম আরজু : পটুয়াখালীর কুয়াকাটায় মদ্যপানকে কেন্দ্র করে সংঘটিত একটি হামলায় এক জেলে গুরুতর আহত হয়েছেন। ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামের ওই ঘটনায় অভিযুক্ত আব্বাস গাজীসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের পরিবারের পক্ষ থেকে সোমবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয় সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে মদ্যপানে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক ও জাবেদ গাজীসহ ২০-৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা মিজান হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার বাবা শাহ আলম হাওলাদারকেও বেধড়ক মারধর করা হয় এবং হাত ভেঙে দেওয়া হয়। আহতদের মধ্যে মেশকাত, লিমন ও বসারও রয়েছেন। গুরুতর আহত মিজান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবার দাবি করেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত আব্বাস গাজী সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "মিজানসহ অনেকেই আমার ছেলেকে মারধর করেছে। আমার ছেলের হাতের কবজি ভেঙে গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, আমি কাউকে মারধর করিনি।" মিজানের বাবা শাহ আলম হাওলাদার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন রয়েছে।
তুষার কান্তি হালদার,কলাপাড়া : অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকত-এ সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে পুণ্যস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। অক্ষয় পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এখানে সমবেত হন। স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টা থেকে শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। এতে আহ্বানী ও সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী বিষ্ণু পূজা এবং গঙ্গা মায়ের পূজা শেষে সমুদ্রস্নানের আয়োজন করা হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে ভক্তদের উপস্থিতি আরও বাড়তে থাকে। এই আয়োজনের নেতৃত্ব দেয় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন হরপ্রিয়া দেবী এবং ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামীসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বরা। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি। বিশ্বাস করা হয়, এই দিনে ভগবান বিষ্ণু-এর অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন। এছাড়া এই দিনেই মহাভারত রচনার সূচনা হয় এবং রাজা ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে আসেন—এমন ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। সৈকতে দেখা যায়, অনেক ভক্ত স্নান শেষে পরিবার-পরিজন নিয়ে ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন। কেউ কেউ প্রার্থনা ও পূজায় নিমগ্ন সময় কাটাচ্ছেন। ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে পুরো সমুদ্রসৈকত এলাকা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্ত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং জীবনের দুঃখ-কষ্ট দূর হয়—এমন বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে। অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করেছে। প্রতিবছরের মতো এবারও অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে কুয়াকাটায় ধর্মীয় ও সামাজিক উৎসবের আবহ সৃষ্টি হয়, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।
মামুনুর রশীদ নোমানী,বরিশাল : এম এ খায়ের কাওছার ওরফে আবুল খায়ের।ওসি খায়ের নামে পরিচিত।ঘুরে ফিরে বরিশাল বিভাগেই কর্মরত।বিতর্ক যেন তার পিছু লেগেই আছে। ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও নারী কেলেঙ্কারির পর এবার যোগ হয়েছে জুয়ার খেলোয়াড় হিসেবে।গড়েছেন সম্পদের পাহাড়ও। টাকার গরমে প্রতিনিয়ত বসেন হাজার হাজার টাকা নিয়ে জুয়ার আসরে। যেখানেই যান সেখানেই বিতর্কিত যেখানেই যান সেখানেই বিতর্কিত হয়ে রাতের আধারে চলে আসতে হয়। ওসির ক্ষমতার অপব্যবহার করে ঘুষ–দুর্নীতির মাধ্যমে পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ আবুল খায়ের তার স্ত্রী,শাশুড়ী, নামে -বেনামে ও শ্বশুরের নামে কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছেন। শুধু অবৈধ সম্পদ উপার্জনই নয়, তার বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি, অন্যায়-অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা-সহ নানা অভিযোগ। মহিপুর থানার সাবেক এই পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে এসব জানা যায়। ওই থানার আওতাধীন নির্যাতিত সাধারণ মানুষের দাবি একটাই, এই দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। কুয়াকাটায় শ্বশুরের নামে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় মহিপুর থানার সাবেক ওসি খন্দকার মো. আবুল খায়ের কর্মরত থাকা অবস্থায় প্রথমে নিজের নামে বায়না রেজিস্ট্রি করলেও পরবর্তিকালে ওই জমি শ্বশুরের নামে কিনেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। ওই সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ না করে প্রতিবেশী হালিম মোল্লা নামের এক জমির মালিককে জেল হাজতে প্রেরণ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সাবেক ওই কর্মকর্তা ওই থানায় কর্মরত অবস্থায় প্রকাশ্যে ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দাবিকৃত অর্থ না দিলে চলতো হয়রানি ও মামলা দেওয়ার হুমকি। টাকা না দিয়ে যেভাবে দখল করেছেন জমি জমি সংক্রান্ত ভুক্তভোগী হালিম বলেন, দেড় বছর আগেও পটুয়াখালীর পশ্চিম কুয়াকাটা এলাকায় সড়ক লাগোয়া ৭ শতাংশ জমির বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করতেন। হঠাৎ ২০২৩ সালের কোনো এক রাতে তৎকালীন মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের একটি মামলায় স্বাক্ষী দেওয়ার জন্য হালিম মোল্লা ও তার ছেলেসহ থানায় নিয়ে আসে। পরের দিন সকালে তাদের একটি মামলায় জেল হাজতে প্রেরণ করেন। সাত দিন হাজত বাস শেষ করে বাড়ি ফিরে দেখেন কোনো অর্থ পরিশোধ না করে তার বাড়ির ওই সম্পত্তির চারপাশে উচ্চ সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখলে নেয় ওসি। পরবর্তীকালে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করে সেখানে ওই জমির মালিক হিসেবে ওসি খায়েরের শ্বশুর মো. এনায়েত করিমের নাম লিখে দেন। আর তার বাড়িতে তিনি পরিবারসহ প্রবেশ করতে চাইলে মামলা ও গুম হওয়ার হুমকি দেন ওসি। রেহাই পায়নি সরকারের খাস জমিও তিনি আরও বলেন, আমাদের কাছ থেকে জোর করে নেয়া সাত শতাংশ জমির পাশাপাশি ক্রয় করেছেন মোট ৬০ শতাংশ জমি এবং তার হাত থেকে রেহাই পায়নি সরকারের খাস জমিও। এই সব জমি একসঙ্গে করেই গড়েন সীমানা প্রাচীর। এদিকে সাইনবোর্ডে জমির তফসিল উল্লেখ থাকলেও পরিমাণ উল্লেখ নেই। সাইনবোর্ডে লেখা রয়েছে, রেজিস্ট্রি বায়না সূত্রে এই জমির মালিক মো. এনায়েত করিম। জেএল নং ৫৭, কুয়াকাটা মৌজা, বিএসখতিয়ান নং ১২৮৪, বিএসদাগ ১২২৯। তবে বায়না রেজিস্ট্রি দলিল অনুযায়ী জমির পরিমান ৬০ শতাংশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। স্থানীয় বাসিন্দা শুকুর মাঝি জানান, ওসি খায়ের তার শ্বশুরকে উপহার দেওয়া সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ না করে হালিম মোল্লা নামের এক জমির মালিককে জেল হাজতে প্রেরণ করে জমি দখলে নিয়েছেন। অসহায় পরিবারটি আজ ভূমিহীন অবস্থায় আছেন। সাবেক ওসি দুর্নীতির সরজমিনে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। খায়েরের অভিনব কৌশলে চাঁদাবাজি কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটের মো. কাওসার বলেন, ওসি খায়ের সাহেব একজন অসৎ মানুষ। থানায় কর্মরত থাকাকালীন আমাকে অফিসে ডেকে টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমার দোকানের বৈদ্যুতিক লাইন কেটে দেয়। পরে টাকা দিয়ে সংযোগ আবারও চালু করি। আমার ফিশ ফ্রাইয়ের দোকান থেকে বিভিন্ন সময় মেহমান এবং তার পরিবার নিয়ে এসে মাছ খেয়ে টাকা না দিয়ে চলে গেছে। বিএনপির সমর্থনকারীদের থেকে চাঁদা নিতো খায়ের স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির সমর্থনকারীদের থেকে ওসি প্রায়ই চাঁদা নিতো। টাকা না দিলে মামলার হুমকি দিতো। বিএনপি করো কেন- সেজন্য সবসময় গালমন্দ করতো। মহিপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার মতো অসৎ এবং দুর্নীতিবাজ ওসি এ থানায় আসেনি। ওসি খায়ের মহিপুর থানায় কর্মরত সময়কালে কী কী অপকর্ম করেছে এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি। প্রতিমন্ত্রীর ছেলে পরিচয় দিত ওসি খায়ের কুয়াকাটা পৌর ছাত্রদল নেতা সোহেল রানা বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রতিমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে এই ওসি খায়ের বহু মানুষকে অত্যাচার করেছে। বিনা অপরাধে আমাকে বহু মামলায় অজ্ঞাত আসামি করার ভয় দেখিয়ে প্রায় প্রায় মোটা অংকের টাকা নিতো। টাকা না দিলে থানার লোক পাঠিয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতো। টাকা দেওয়া মাত্র চলে যেতো। ওসি খায়ের এভাবে শুধু আমাকে নয় বিএনপির সকল নেতা-কর্মীকে এভাবে রাত-দিন ভয়ভীতি ও হুমকির মাধ্যমে অত্যাচার চালাত। তিনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক বলে মনে করছি আমি। ঘুষ না দিলে গুম ও মিথ্যামামলায় ফাঁসানোর হুমকি ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ওসি খায়ের থানায় কর্মরত অবস্থায় প্রকাশ্যে চাঁদা গ্রহণ করতেন। আর ঘুষের অর্থ পরিশোধ করতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে গুম ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ করেন অনেক ভুক্তভোগী। এছাড়া সাবেক প্রতিমন্ত্রীর ক্ষমতা দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত বলে অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। বিভিন্ন আবাসিক হোটেল রেস্টুরেন্ট ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট থেকে বাকিতে মালামাল নিয়ে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে একাধিক। এমনকি সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদকে প্রকাশ্যে আব্বা বলে সম্বোধন করতেন। রেষ্টুরেন্টে খেত ফাঁও কুয়াকাটার বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ইমাম হোসেন বলেন, মহিপুর থানার ওসি খায়ের সাহেব এখানে কর্মরত থাকা অবস্থায় কুয়াকাটা আসলেই তিনি আমার হোটেলে খাওয়া দাওয়া করতেন। কিন্তু কোনো সময় টাকা পরিশোধ করতেন না। টাকা চাইলে বলতো, লিখে রাখুন খাতায়। এভাবে খেতে খেতে তিনি ২৭ হাজার ২৪০ টাকা বিল করেছেন। কিন্তু যাওয়ার আগে তিনি বিল পরিশোধ না করেই চলে গেছেন। আমি আমার এই টাকা ফেরত চাই। বিনা অপরাধে সাদ্দাম মালকে আটক করে জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে করাবাস করিয়েছেন ওসি খায়ের। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে বাদীপক্ষের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করে, আমাকে বেশ কয়েকদিন কারাবাস করিয়েছেন ওসি খায়ের। আমার সাথে অন্যায় হয়েছে এমনটা বলে ওসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দুঃখ প্রকাশ করেছেন সে সময়। জমিজমা সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তিনি আমার কাছ থেকে একটি মোটা অংকের টাকাও নিয়েছেন। এবং সে বিষয়টি আমি তাৎক্ষণিক তৎকালীন উপজেলা প্রশাসনকে অবহিত করেছিলাম। অভিনেতা আরও বলেন, তার কাছে কেউ নিরাপদ নয়। দুর্নীতিবাজ সাবেক ওসির দুর্নীতির সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান এই শিল্পী। বর্তমানে কর্মরত নলছিটি পুলিশ ফাড়িতে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ১ জুন পর্যন্ত এ থানায় কর্মরত ছিলেন। এরপর সেখান থেকে পটুয়াখালী পুলিশ লাইনে। সেখান থেকে বিশেষ তদবিরের মাধ্যমে কিছু দিনের জন্য ঝালকাঠি জেলার সদর থানার শেখেরহাট তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে আবার তাকে ঝালকাঠি পুলিশ লাইনে নিয়ে আসা হয়। পরে ঝালকাঠি সদর ফাঁড়ি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।বর্তমানে নলছিটি পুলিশ ফাড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন এই কর্মকর্তা। জুয়ার আসরে খায়ের সম্প্রতি বরিশালের ফকিরবাড়ি রোডের একটি ফ্লাটে জুয়া খেলার খবর ভিডিও ও ছবিসহ সংবাদ প্রকাশিত হলে ওসি খায়েরের অপকর্ম সামনে চলে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ এপ্রিল দিবাগত রাতে নগরীর একটি ফ্লাটে জুয়া খেলা চলছে এমন সংবাদ পেয়ে সেখানে ছুটে যান সাংবাদিকরা। সেখানে গিয়ে দেখেন একটি লম্বা টেবিল। টেবিল ঘেঁষে চারদিকে চেয়ার সাজানো। চেয়ারে পাঁচ থেকে ছয়জন বসে আছেন। একপাশে ওসি এমএ আবুল খায়েরও বসে রয়েছেন।প্রত্যেকের সামনে টেবিলে মানিব্যাগ ও মোবাইল রাখা। প্রত্যেকের সামনে টেবিলের ওপরে তাস ও ৫০০-১০০০ টাকার নোট। চেয়ারে বসে টেবিল থেকে তাস নিচ্ছে। সাংবাদিকদের ক্যামেরা দেখেই কয়েকজন দৌঁড়ে পালিয়ে যান।এসময় আবুল খায়ের ক্যামেরা থেকে নিজেকে আড়াল করতে টাকা আর মোবাইল নিয়ে পাশের বাথরুমে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেন। এরপর সুযোগ বুঝে তড়িঘড়ি করে তিনি নেমে যান। পরে অন্য লোক দিয়ে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নারী কেলেঙ্কারি কলাপাড়া উপজেলার মহিপুর থানার সাবেক ওসি খায়ের পুলিশের গাড়ি ব্যাবহার করে নারী নিয়ে কুয়াকাটার একটি নামি দামি রিসোর্টে গিয়ে নিয়মিত ফূর্তি করতেন। কুয়াকাটার বিলাসবহুল ঐ রিসোর্টের সামনে সরকারি গাড়ি থামিয়ে নারী নিয়ে প্রবেশের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছেন এক প্রবাসী সাংবাদিক। সচেতন মহলের মতে,এসব বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে পুলিশ বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।ভেঙ্গে পড়বে চেইন অব কমান্ড তার খায়েরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেযার দাবী জানিয়েছেন।
আব্দুল কাইয়ুম আরজু ,কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটায় যুব উন্নয়ন কর্মকর্তার পৈত্রিক বসতবাড়ির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও ঘর নির্মাণের প্রতিবাদ করলে খুন জখম নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। পরিবার ও নিজের নিরাপত্তায় আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলার তালতলী যুব উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দীন। ১৮ এপ্রিল (শনিবার) বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, এস এ ১০০০ নং খতিয়ান ভুক্ত যাহা, বিএস-৪২৪৯ নং খতিয়ানের ৫০৫৯ নং দাগের ০.৭৭ একর বিএস ২০৬২ নং দাগের ১.৫১ একর এবং বিএস ৫০৬৩ নং দাগে ০৩১ একর, মোট ২.২৮ একর ভূমি বন্দোবস্থমূলে সরকারের নিকট হইতে বিগত ৭১৯৭১ ইং তারিখের ১৭৭ নং কবুলিয়ত মূলে প্রাপ্ত জমিতে বাড়িঘর নির্মাণ করে ৫০ বছরেরও অধিক সময়ে ভোগদখল করে আসছে। তাদের বসতবাড়ি কুয়াকাটা তুলাতলী হাসপাতাল সংলগ্ন হওয়ায় জমির গুরুত্ব বেড়ে যায়। তাই তাদের ওই জমির উপর স্থানীয় প্রভাবশালী ভূমি খেকো চক্রের লোলুপ দৃষ্টি পরে। ওই চক্রটি ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে ১৯৭১ সালে বন্দোবস্ত প্রাপ্ত জমি ২০০০ সালে পুনরায় বন্দোবস্ত দেয় ভূমি অফিস। যা সম্পুর্ন বেআইনি ভাবেকরা হয়েছে তথ্য গোপন করে। এ নিয়ে আমি এবং আমার পরিবার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র সহকারী বিজ্ঞ জজ আদালতে একটি মামলা দায়ের করি। যার দেওয়ানী মোকদ্দমা নং- ৪৫৫/২১। গত ১০/০৩/২০২৬ তারিখে ওই মামলায় বিজ্ঞ আদালত বিরোধীয় জমির উপর স্থিতিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও গত ৩১ জুলাই তুলাতলী গ্রামের মজিবর মোল্লা, জয়নাল শেখ, শাহ আলম, মোঃ জলিল, আলাম সহ একদল লোক নিয়ে রাতের আধারে দখল করে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করে। যুব উন্নয়ন কর্মকর্তা আরো বলেন, তিনি চাকুরির কারনে কর্মস্থল তালতলীতে ছিলেন। পরে বাড়িতে এসে গত ১৫ মার্চ ২০২৬ মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহিপুর থানা পুলিশ প্রাথমিক তদন্তে এর সত্যতা পেলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ না নিয়ে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনার জন্য আগামী ২২ এপ্রিল সময় নির্ধারণ করে। জালাল উদ্দীন বলেন, তিনি সরকারি চাকুরির কারনে কর্মস্থলে থাকেন। এই সূযোগে প্রভাবশালী ওই চক্রটি আমার পরিবারকে দেখে নেয়া সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে। তারা প্রশাসনের তোয়াক্কা করছেন না। তিনি এবং তার পরিবারের সদস্যরা সব সময় আতংকের মধ্যে থাকেন। প্রভাবশালী ওই চক্রটি যে কোন সময় তার এবং তার পরিবারের সদস্যদের যে কোন ক্ষতি সাধন করতে পারে। তাই তিনি আইনী সহায়তার প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিম হাওলাদার বলেন, তিনি গতকাল মহিপুর থানায় যোগদান করেছেন। এবিষয়ে তার কিছুই জানা নেই। খোজখবর নিয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।
কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা—সমুদ্র, সূর্যোদয়-সূর্যাস্ত আর পর্যটনের জন্য পরিচিত এই উপকূলীয় জনপদ—এখন রঙিন হয়ে উঠেছে সাংগ্রাই উৎসবের জলকেলিতে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই রিলং পোয়ে’ ঘিরে এখানে তৈরি হয়েছে আনন্দ, ঐতিহ্য ও বহুসাংস্কৃতিক মিলনের এক বিশেষ আবহ। তবে শুধু উৎসবের উচ্ছ্বাসেই সীমাবদ্ধ নয় এই আয়োজন। এর ভেতরে রয়েছে সাংস্কৃতিক সংরক্ষণ, পর্যটন অর্থনীতি, এবং পরিচয়ের পরিবর্তনশীল বাস্তবতার গল্পও। উৎসবের সূচনা: ঐতিহ্য ও আনুষ্ঠানিকতার মেলবন্ধন বৃহস্পতিবার থেকে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব। ফিতা কেটে এবং প্রতীকীভাবে পানি ছিটিয়ে উদ্বোধন করেন মহিপুর থানার ওসি মোহাব্বত খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক বলেন, “কুয়াকাটায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এ ধরনের সামাজিক উৎসবই আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রধান মাধ্যম।” তার মতে, সাংগ্রাই এখন আর শুধু রাখাইনদের মধ্যে সীমাবদ্ধ নেই—এটি পরিণত হয়েছে বহু জাতিগোষ্ঠীর মিলনমেলায়। জলকেলির ভেতরের প্রতীকী অর্থ সাংগ্রাই উৎসবের কেন্দ্রবিন্দু ‘জলকেলি’। তরুণ-তরুণীরা একে অপরের দিকে পানি ছিটিয়ে পুরোনো বছরের দুঃখ-কষ্ট, গ্লানি ও অশুভ শক্তিকে প্রতীকীভাবে বিদায় জানান। রাখাইন সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এই পানি পবিত্র—এটি জীবনের নেতিবাচকতা ধুয়ে নতুন আশার পথ তৈরি করে। দিনভর ছোট ছোট ডিঙি নৌকায় রাখা পানি দিয়ে একে অপরকে ভেজানো, গান-বাজনার তালে অংশগ্রহণ—সব মিলিয়ে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। স্থানীয় বাসিন্দা সীমা রাখাইন বলেন, “এই দিনে আমরা সব দুঃখ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। জলকেলির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাই।” সাংস্কৃতিক উৎসব থেকে সামাজিক প্ল্যাটফর্ম সাংগ্রাই শুধুই একটি ধর্মীয় বা ঐতিহ্যবাহী অনুষ্ঠান নয়—এটি সামাজিক যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। স্থানীয়দের মতে, এই উৎসব তরুণ-তরুণীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করে। একই সঙ্গে এটি সম্প্রদায়ভিত্তিক সংহতি জোরদার করে। উৎসব চলাকালে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো মানুষের অংশগ্রহণ এটিকে একটি বৃহত্তর সামাজিক মিলনমেলায় পরিণত করেছে। পর্যটন ও বাণিজ্যিকীকরণের প্রশ্ন তবে এই উৎসবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নতুন প্রশ্নও তুলছে। কুয়াকাটা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় সাংগ্রাই এখন পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙা হচ্ছে, তেমনি কিছু পর্যবেক্ষকের মতে, ঐতিহ্যের বাণিজ্যিকীকরণের ঝুঁকিও তৈরি হচ্ছে। স্থানীয় আয়োজক এ মং তালুকদার বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম আমাদের কৃষ্টি জানুক। তবে একই সঙ্গে এই আয়োজন যেন তার মৌলিকতা হারায় না, সেটিও গুরুত্বপূর্ণ।” সম্প্রীতির প্রতীক, নাকি পরিবর্তনের সূচনা? সাংগ্রাই উৎসব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে এটি রাখাইন সম্প্রদায়ের সীমানা ছাড়িয়ে বৃহত্তর বাংলাদেশি পরিচয়ের অংশ হয়ে উঠছে। উপজেলা প্রশাসনের মতে, এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার একটি বাস্তব উদাহরণ। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের উৎসবের সামনে বড় চ্যালেঞ্জ হলো— * ঐতিহ্যের মৌলিকতা ধরে রাখা * পর্যটনের চাপ সামাল দেওয়া * স্থানীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা স্থানীয়দের আশা, ভবিষ্যতে সাংগ্রাই আরও বড় পরিসরে উদযাপিত হবে। তবে সেই সঙ্গে বাড়ছে দায়িত্বও—ঐতিহ্যকে শুধু প্রদর্শনের উপকরণ নয়, জীবন্ত সংস্কৃতি হিসেবে টিকিয়ে রাখার। কুয়াকাটার সাংগ্রাই তাই একদিকে যেমন আনন্দের জলকেলি, অন্যদিকে তেমনি এটি একটি সমাজ-সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিচ্ছবি—যেখানে উৎসব, পরিচয় ও অর্থনীতির মধ্যে তৈরি হচ্ছে নতুন এক সমীকরণ।
আব্দুল কাইয়ুম, ইত্তেহাদ নিউজ,কুয়াকাটা : মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট। এতে সমুদ্রগামী জেলেদের জীবনসংগ্রামে পড়েছে বড় ধাক্কা। মা’ ইলিশসহ মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায়— নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও হতাশা। এবার সংকট ও ঘাটতি একসাথে দেখা দিয়েছে বলে জানিয়েছে পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুর-মহিপুর ও কুয়াকাটার উপকূলীয় জেলেরা। বঙ্গোপসাগরে প্রতি বছরে ন্যায়ে ইলিশসহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে— ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সাগরে কোনো ধরনের মাছ ধরা, পরিবহন বা সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ অনুযায়ী জেলেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে জরিমানা, জেল-জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। জীবন জীবিকার বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন কুয়াকাটা উপকূলের জেলে মাসুদ মাঝি। তিনি জানান, দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে তিনি জেলে পেশায় রয়েছেন। তবে এই পেশা থেকে অদ্যবদি নিজস্ব ভিটেমাটিটুকুও করতে পারেননি। অন্যদিকে ঋণের বোজা যেন জীবন দূর্বিষহ করে তুলেছে। এখন চাইলেও পেশা পরিবর্তন করতে পারছেনা। তিনি আক্ষেপ করে বলেন, “পোলাপান নিয়া কোনোমতে সংসার চলে। এহন তেল যা পাই এ দিয়া চরম বেকায়দায় আছি; এদিকে আবার মাছ ধরা ৫৮ দিন বন্ধ! বিগত দিনের ঘাটতি যেন মোগো পিছু ছাড়ছে না।” মহিপুরের জেলে রফিক মাঝি জানান, বেশ কিছুদিন ধরে ডিজেল সংকটে সাগরে যেতে পারেনি। এখন নিষেধাজ্ঞা শুরু হলে পরিবার চালাবেন কীভাবে বুঝতে পারছেন না। আলীপুরের জেলে ফারুক মাঝি বলেন, ‘সরকার মোগো যে প্রণোদনা দেয়, হ্যইয়া দিয়া সংসার চলে না। আসল জাইল্লাগো জন্য চাউলের সাহায্য বাড়ানো দরকার।’ মৎস্য ব্যবসায়ীরা বলছেন, সামুদ্রিক মাছের সরবরাহ কমে যাওয়ায় তাদের লোকসান বাড়ছে। আলীপুর বিএফডিসি মার্কেটের মনি ফিস’র মালিক আঃ জলিল ঘরামি বলেন, ‘নিষেধাজ্ঞার সময়টা বাড়তি চাপ তৈরি করে, জেলের সংসার চালাতে আড়ৎ থেকে টাকা দিতে হয়। তাদের বিকল্প জীবিকার সুযোগ না থাকায় আড়ৎদার ও জেলে সবাই দুশ্চিন্তায় থাকে।’ নিষেধাজ্ঞাকালে কলাপাড়া উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৩’শ জেলেকে জনপ্রতি ৭৭ দশমিক ৩ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য বিভাগ। তবে এই সহায়তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জেলে সংগঠনের নেতারা। কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি আঃ মান্নান মাঝি বলেন, প্রনোদনা ঠিক সময় জেলেদের হাতে পৌঁছানো এবং পরিমাণ বৃদ্ধি করা খুবই জরুরী। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করতে তালিকা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের আবেদন অনুযায়ী প্রণোদনা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকরে সাগরে নজরদারি জোরদার থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মৎস্য বিভাগ।
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন জেলা পটুয়াখালী-এর বিনোদন কেন্দ্রগুলোতে ফিরে এসেছে চাঞ্চল্য। বিশেষ করে দেশের একমাত্র সমুদ্রসৈকত, যেখানে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়—কুয়াকাটা সমুদ্র সৈকত—এখন পর্যটকদের পদচারণায় মুখর। পর্যটকদের ঢল ও আবাসন সংকট ঈদের আগের সপ্তাহ থেকেই কুয়াকাটামুখী পর্যটকদের চাপ বাড়তে শুরু করে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঈদের দিন থেকে পরবর্তী ৪–৫ দিন পর্যন্ত প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় করছেন। কুয়াকাটার প্রায় সব আবাসিক হোটেল, রিসোর্ট ও গেস্টহাউস শতভাগ বুকড হয়ে গেছে। অনেক পর্যটককে বিকল্প হিসেবে অস্থায়ী আবাসন বা আশেপাশের এলাকায় থাকতে হচ্ছে। হোটেল মালিক সমিতির নেতারা জানান, এবারের ঈদে পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর আশাবাদ তৈরি হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ কুয়াকাটার অন্যান্য কেন্দ্র যেমন— লেবুর চর গঙ্গামতি সংরক্ষিত বন ফাতরার বন এসব স্থানেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। লেবুর চরে সাগরের মাঝে নৌকা ভ্রমণ, গঙ্গামতিতে বনভ্রমণ এবং ফাতরার বনে বন্যপ্রাণী দেখার সুযোগ পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। সৈকতসংলগ্ন খাবারের দোকান, সী-ফুড রেস্টুরেন্ট, ভ্যানচালক, মোটরসাইকেল চালক, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “ঈদের এই সময়টুকুই আমাদের সারা বছরের বড় আয়ের সুযোগ। পর্যটক বেশি হলে আমাদের আয়ও বাড়ে।” নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, নৌ-পুলিশদের সমন্বয়ে কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টানানো হয়েছে এবং মাইকিং করে সতর্কতা জারি রাখা হচ্ছে। এছাড়া যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের অভিজ্ঞতা রাজধানী ঢাকা থেকে আসা এক পর্যটক জানান, “পরিবার নিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটায় এসে খুব ভালো লাগছে। ভিড় একটু বেশি হলেও পরিবেশটা দারুণ উপভোগ করছি।” আরেক পর্যটক বলেন, “সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।” চ্যালেঞ্জও রয়েছে তবে পর্যটকদের অতিরিক্ত চাপের কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। আবাসন সংকট, অতিরিক্ত ভাড়া, যানজট এবং পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় চাপ বাড়ার অভিযোগ রয়েছে। অনেক পর্যটক সৈকতে ময়লা ফেলে পরিবেশ দূষণ করছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। সম্ভাবনার দিক সবমিলিয়ে ঈদের ছুটিতে পটুয়াখালী ও কুয়াকাটা অঞ্চলের পর্যটন খাতে নতুন করে গতি সঞ্চার হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এ অঞ্চল আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা এবং পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কুয়াকাটা বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে আরও জনপ্রিয় হয়ে উঠবে। বাড়বে পর্যটকদের সংখ্যা পর্যটকদের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। বরগুনা থেকে আসা সায়মা-শাকিল দম্পত্তি বলেছেন, পরিবারের সঙ্গে কুয়াকাটায় চলে এসেছি। বৃষ্টির মধ্যে সমুদ্রে সাঁতার কেটেছি। তখন সমুদ্রে ছোট ছোট ঢেউ ছিলো। দারুণ এক অনুভূতি হয়েছে। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। বেশ ভালোই লেগেছে।” বরিশাল থেকে আসা হোসেন সিকদার বলেন, “আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। বৃষ্টির কারণে কিছুটা মন খারাপ ছিল। তবে, বন্ধুরা মিলে বৃষ্টির মধ্যেই সমুদ্রে সাঁতার কেটেছি। আমরা আজ যে আনন্দ পেয়েছি, তা কোনোদিনই ভুলব না।” কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেছেন, “বৃষ্টির কারণে সকালে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও বিকেল থেকে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। সৈকত-সংলগ্ন অধিকাংশ হোটেল-মোটেলের ৮০ শতাংশ রুম বুকিং হয়েছে। আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়বে এবং আমরা শতভাগ সিট বকিংয়ের আশা করছি।” ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, “সকালে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও দুপুর থেকে পর্যটক বাড়তে শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন ট্যুরিস্ট স্পটে বাড়তি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি থানা পুলিশ, নৌ পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে তৎপর আছেন।”
চাঁদার দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা নিয়ে গেছেন তারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুপুরে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ‘তানিসা আচার ঘর’ নামের ওই দোকানের মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে কুয়াকাটার হুইসেন পাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয় জন এ ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। তারা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত। দোকানের মালিক মনিরুল হাওলাদার বলেন, ‘চাঁদার দাবিতে লাঠিসোঁটা নিয়ে এসে হঠাৎ দোকানে ঢুকে ভাঙচুর চালান স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকরা। এ সময় দোকানের কর্মচারী হাসানকে পেটানো হয়। একপর্যায়ে মাকসুদ আকন দোকানের ভেতরে ঢুকে গালাগাল করেন। পরে দোকানের ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এলে পালিয়ে যান তারা। এ বিষয়ে জানতে মাকসুদ আকনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘অভিযুক্তরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক। দলে তাদের কোনও পদ-পদবি নেই। ওই দোকানের মালিকানা নিয়ে বিরোধ আছে। তারপরও কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবো। এ ছাড়া দলের নেতাদের জানানো হবে। কোনও অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে একটি আবাসিক হোটেলের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন ভুক্তভোগী হোটেল মালিক ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ। ভুক্তভোগীর অভিযোগ, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার নিজ ভাগিনা কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহকারী বাইতুলমাল সম্পাদক মো. শাহাবুদ্দিন ফরাজির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক দেশীয় অস্ত্রসহ তার মালিকানাধীন কুয়াকাটা গেস্ট হাউস সংলগ্ন জমিতে প্রবেশ করে। এ সময় হোটেলের পেছনের দিকের সীমানা প্রাচীর ভেঙে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালানো হয়। বাধা দিলে হোটেল কর্তৃপক্ষকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে মহিপুর থানা পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমএ মোতালেব শরীফ লিখিত বক্তব্যে জানান, কুয়াকাটা গেস্ট হাউস সংলগ্ন ১২৬৪/১২৬২ ডি নং খতিয়ানের জমি তার পিতার মৃত্যুর পর ৫৬/১৪ বণ্টন মোকদ্দমার মাধ্যমে আদালতের রায়ে ভাই-বোনদের মধ্যে বণ্টন হয় এবং ২০১৮ সালে তিনি ডিগ্রি প্রাপ্ত হয়ে জমির দখল বুঝে নেন। পরবর্তীতে আত্মীয় ফজলুর রহমানের নেতৃত্বে সাহেদা, জাহানারা ও শাহীনুর ৩৮৫/২৩ নং ডিক্রি রদের মামলা দায়ের করলে ২০২৪ সালে ওই মামলায় আদেশ হয়। তা সত্ত্বেও চলতি মাসের ৩ ফেব্রুয়ারি মামলার পক্ষগণ তার হোটেল সংলগ্ন জমিতে ঘর নির্মাণের হুমকি দেয়। বিষয়টি নিয়ে তিনি আগেই মহিপুর থানায় অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর পর বোনদের প্রাপ্য জমির অধিকাংশ বিক্রি ও অর্থ পরিশোধ করা হলেও এখনো দলিল হস্তান্তর করা হয়নি। দলিল না দিয়েই জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা মো. শাহাবুদ্দিন ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো জমি দখল করতে যাইনি। এখানে আমার মা ও খালাদের ন্যায্য অংশ রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের জায়গা ফেরত পাওয়ার চেষ্টা করছি। অন্যায় কিছু করা হয়নি।” এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ। এটি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে। আপাতত উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করা হয়েছে।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।