Brand logo light

রাজশাহী

জমি দখল
জুলাইযোদ্ধা পরিচয়ে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী : জুলাই আন্দোলনের ‘যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, সরকারি অর্পিত সম্পত্তি দখল, টেন্ডার অনিয়ম, মামলাবাণিজ্য এবং নারী সাংবাদিকদের যৌন হয়রানিসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে রাজশাহীর  গোলাম রাব্বানীর বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে এসেছে—২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে নিজেকে “জুলাইযোদ্ধা” হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন তিনি। তবে অভিযোগ রয়েছে, এর আগ থেকেই সাংবাদিকতার প্রভাব খাটিয়ে নানা অনিয়মে জড়িত ছিলেন।  অর্পিত সম্পত্তি দখলের অভিযোগ আয়কর নথি অনুযায়ী, ২০২৩ সালে রাজশাহীর তানোর উপজেলার দুটি মৌজায় প্রায় ৮.৩০ একর (২৪ বিঘার বেশি) জমি কেনেন গোলাম রাব্বানী, যার মূল্য দেখানো হয়েছে প্রায় ২.৭৪ কোটি টাকা। যদিও স্থানীয়দের দাবি, জমির প্রকৃত মূল্য প্রায় দ্বিগুণ। অনুসন্ধানে জানা গেছে, এই জমি ‘খ’ তফসিলভুক্ত—অর্থাৎ অর্পিত (শত্রু) সম্পত্তি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারি লিজ নিয়ে সেখানে বসবাস করে আসছেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে কৌশলে জমিটি দেবাশীষ রায়ের নামে দেখানো হয়, পরে তার কাছ থেকে কেনার মাধ্যমে নিজের নামে দলিল করেন রাব্বানী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো বৈধ কাগজ না দেখিয়েই তাদের উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।  জমি দখলের চেষ্টা একই কৌশলে আরও প্রায় ৩০ বিঘা অর্পিত সম্পত্তি নামজারির চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি আবেদন করা হলেও তদন্তে সত্যতা না পাওয়ায় তা বাতিল করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠেছে।  ‘জুলাই স্মৃতি জাদুঘর’ থেকে বাণিজ্যিক ভাড়া রাজশাহীতে ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ভবন ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার কথা থাকলেও পরে তা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। মাত্র একজন বৈধ দরদাতা থাকা সত্ত্বেও তাকে ভাড়া দেওয়া হয়। অভিযোগ উঠেছে—এই প্রক্রিয়ায় রাব্বানীর প্রভাব ছিল।  যৌন হয়রানির অভিযোগ গোলাম রাব্বানীর বিরুদ্ধে অন্তত দুই নারী সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ করেছেন। একজন ভুক্তভোগী অভিযোগ করেন, অফিসে ডেকে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে তিনি চাকরি ছেড়ে দেন এবং থানায় মামলা করেন। আরেকজন নারী সাংবাদিকও একই ধরনের অভিযোগ দিয়েছেন। বর্তমানে একটি মামলায় রাব্বানী জামিনে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। মামলাবাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ অভিযোগ রয়েছে, একটি মামলার এজাহার থেকে নাম প্রত্যাহারের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেছেন রাব্বানী। এছাড়া সিটি করপোরেশন থেকে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন।  দুদকে অভিযোগ তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মামলাবাণিজ্য এবং যৌন হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছে।   গোলাম রাব্বানী সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এসব মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
জামায়াতের ইফতার মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি
রাজশাহীতে জামায়াতের ইফতার মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি সেতাফুর রহমান বাবুকে এবার দেখা গেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলের মঞ্চে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এ নেতার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে এবং এতদিন তিনি পলাতক ছিলেন। সোমবার (৯ মার্চ) রাজশাহীর গোদাগাড়ী জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের মঞ্চে এমপির ঠিক পেছনের সারিতে বসে থাকতে দেখা যায় সেতাফুর রহমান বাবুকে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর বাড়ি গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকায়। একসময় তিনি পাওয়ার টিলারের শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যে বিপুল অর্থসম্পদের মালিক হন। এরপর তিনি মাটিকাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।   ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-২ থেকে প্রকাশিত মাদক কারবারিদের এক তালিকায় সেতাফুর রহমান বাবুর নাম ৯ নম্বরে ছিল। ওই প্রতিবেদনে তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে মাদকের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজশাহীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কিছু অসাধু রাজনীতিক ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত।   বাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি মাটিকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন এবং সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।   ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার নেতৃত্ব থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম নিহত হন। গণঅভ্যুত্থানের পর নিহত নজরুল ইসলামের বড় ছেলে মাসুম সরকার বাদী হয়ে সেতাফুর রহমান বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ ছাড়া আওয়ামী লীগের আমলে ওই এলাকায় জিয়া পরিষদের কার্যালয় দখলের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। মাটিকাটা ইউনিয়ন পরিষদের সচিব সাব্বির রহমান জানান, ২০২৩ সালের জানুয়ারিতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন তৎকালীন ইউপি সদস্য সেতাফুর রহমান বাবু। পরে তিনি দীর্ঘদিন কারাগারে থাকায় জেলা প্রশাসনের সুপারিশে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ইউপি সদস্য পদ থেকে বরখাস্ত করে। স্থানীয় বাসিন্দারা জানান, গণঅভ্যুত্থানের পর গোদাগাড়ী ও রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় একাধিক মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। কয়েকদিন আগে এলাকায় ফিরে এসে তাকে জামায়াতের ইফতার মাহফিলের মঞ্চে দেখতে পাওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকের অভিযোগ, এতদিন আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর আশীর্বাদে থাকা এ মাদক কারবারি এখন জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। নিহত নজরুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম অভিযোগ করে বলেন, জামায়াতের ওই ইফতার মাহফিল আয়োজনের পুরো খরচই নাকি বহন করেছে সেতাফুর রহমান বাবু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করতে গিয়ে আমার বাবাকে হত্যা করেছে। সেই আসামিকেই এখন জামায়াতের মঞ্চে এমপির পাশে বসতে দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভালো বলতে পারবে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান জানান, সেতাফুর রহমান বাবু যে একজন মাদক কারবারি এবং যুবলীগের নেতা— এটি তিনি জানেন। তবে তাকে অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি এবং মঞ্চে বসার বিষয়টি পরে শুনেছেন বলে দাবি করেন। এ বিষয়ে বক্তব্য জানতে সেতাফুর রহমান বাবুর দুটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। গোদাগাড়ী থানার কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, সেতাফুর রহমান বাবুর বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না তা যাচাই করে বলতে হবে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, মাদক কারবারি হলে কোনো রাজনৈতিক দলে যোগ দিলেও আইনের বাইরে থাকার সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0
সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন
ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি মামলায় সাবেক ওসি কারাগারে

বগুড়া:  বগুড়ায় বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে আদালতে হাজিরা দিতে এলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি মাদকবিরোধী অভিযানের নামে শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বলের গাড়ি ধাওয়া করে আটক করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আটক করার পর মাদকের ভয়ভীতি দেখিয়ে উজ্জ্বলের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ‘ক্রসফায়ারে’ দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতির চাপে পড়ে উজ্জ্বল তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে পাঁচ লাখ টাকা সংগ্রহ করে ওসি আলমগীর হোসেনকে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে টাকা দেওয়ার পরও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। ঘটনার প্রায় এক দশক পর, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফজলুল হক উজ্জ্বল আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য শাহজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন। সোমবার মামলার শুনানির জন্য আদালতে হাজিরা দিতে আসেন সাবেক ওসি আলমগীর হোসেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া আদালতের কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের সমন অনুযায়ী হাজিরা দিতে এলে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে আলমগীর হোসেন দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। মামলার বাদী ফজলুল হক উজ্জ্বল বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন ও চাঁদাবাজি চালিয়েছেন। তিনিও এর শিকার হয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, “আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।”

নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬ 0
নওগাঁর মহাদেবপুর
নওগাঁর মহাদেবপুরে বৃদ্ধের মৃত্যু ঘিরে তোলপাড়: পুলিশের বিরুদ্ধে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আব্দুল হামিদ ওরফে ধলা (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, আসামি না হয়েও পুলিশ তাকে হাতকড়া পরিয়ে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার সময় লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। তবে পুলিশ বলছে, বৃদ্ধটি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। মধ্যরাতে অভিযানে গিয়ে বাড়িতে ঢোকে পুলিশ স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার (৪ মার্চ) দিনগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে করা একটি মামলায় আব্দুল হামিদের ছেলে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ইমরান পেশায় ঢাকায় রিকশাচালক এবং কয়েকদিন আগে বাড়িতে ফিরেছিলেন। ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে ওই রাতে মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আছির উদ্দিনসহ পাঁচজন পুলিশ সদস্য অভিযানে যান। প্রথমে তারা পাশের এক আসামির বাড়ি খুঁজে দেখেন। পরে আব্দুল হামিদের বাড়ির জানালা দিয়ে ডেকে অন্য আসামির বাড়ি দেখিয়ে দিতে বলেন বলে অভিযোগ। পরিবারের দাবি, একপর্যায়ে পুলিশ লাথি মেরে টিনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। হাতকড়া পরিয়ে টেনেহেঁচড়া, লাথির অভিযোগ নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, ওই সময় ইমরান ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। তখন পুলিশ তার বাবা আব্দুল হামিদকে আটক করে হাতে হাতকড়া পরিয়ে জোর করে বাড়ির বাইরে নিয়ে যায়। নিহতের ১১ বছরের নাতি রিপন জানায়, সে দাদার সঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিল। রিপনের ভাষ্য, “মধ্যরাতে দরজা ভেঙে পুলিশ ঘরে ঢোকে। তারা দাদার হাতে হাতকড়া লাগিয়ে টেনে বাইরে নিয়ে যায়। আমি দাদার সঙ্গে বাইরে যাই। দাদা পুলিশকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং একজনের পা জড়িয়ে ধরেন। তখন একজন পুলিশ তাকে লাথি মারলে দাদা মাটিতে পড়ে যান।” রিপন আরও জানায়, পড়ে যাওয়ার পর আব্দুল হামিদের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পুলিশ চলে যাওয়ার পর মৃত অবস্থায় পাওয়া যায় পরিবারের অভিযোগ, আব্দুল হামিদ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মরদেহ বাড়িতেই রাখা ছিল। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনায় বসেন। ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন নিহতের বড় ছেলে জাহিদুল ইসলাম থানায় একটি লিখিত আবেদনে জানান, তার বাবার মৃত্যুর ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। একই সঙ্গে তিনি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চান। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। এ নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের হওয়া উচিত। পুলিশের বক্তব্য: ‘স্ট্রোক করে মারা যেতে পারেন’ এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় অভিযান চালায় এবং একজন আসামিকে আটকও করা হয়। তিনি বলেন, “পরে আরেকটি বাড়িতে অভিযান দিলে সেখানে কোনো আসামি পাওয়া যায়নি। একপর্যায়ে পুলিশ আব্দুল হামিদের বাড়িতে গিয়ে সহযোগিতা চাইলে তিনি স্বেচ্ছায় সহযোগিতা করেন। তার নাতিও তখন সঙ্গে ছিল। কিছুক্ষণ পর তাকে রেখে পুলিশ চলে আসে।” ওসি আরও জানান, পুলিশ চলে যাওয়ার দুই থেকে তিন ঘণ্টা পর খবর আসে যে আব্দুল হামিদ মারা গেছেন। তার ভাষ্য, “ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। পুলিশের মারধরের কোনো ঘটনা ঘটেনি।” তদন্ত কমিটি গঠন ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জেলা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা ও প্রশ্ন এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। একজন বৃদ্ধ, যিনি মামলার আসামিও নন, তাকে কেন হাতকড়া পরানো হলো—এ প্রশ্ন তুলছেন অনেকে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ এবং পুলিশের বক্তব্যে বড় ধরনের পার্থক্য থাকায় বিষয়টি এখন তদন্তের ওপর নির্ভর করছে। স্থানীয়রা বলছেন, স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন না হলে এ ঘটনা নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলতে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
এরশাদ আলী
ব্রেকিং নিউজ : রাজশাহীর চারঘাটে বিএনপি নেতা এরশাদ আলীকে পিটিয়ে হত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দলের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নেতা হলেন এরশাদ আলী (৬৫)। তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ-এর অনুসারী হিসেবে পরিচিত। তার বাড়ি সিপাইপাড়া এলাকায়। মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিরোধ স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর স্থানীয় লোকজন একটি মাহফিল আয়োজনের বিষয়ে মসজিদে বৈঠকে বসেন। এ সময় এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল-কে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপরদিকে এরশাদ আলীসহ আরেক পক্ষ স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে আলোচনা ভেস্তে যায়। স্থানীয়রা জানান, প্রায় আড়াই মাস আগেও একই বিষয় নিয়ে বিরোধ দেখা দেয় এবং তখন মাহফিল আয়োজন স্থগিত করা হয়। ওই ঘটনায় সংঘর্ষে চারজন আহত হন এবং এ বিষয়ে একটি মামলাও হয়। তারাবি শেষে ফেরার পথে হামলা নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তার পথরোধ করেন। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের বক্তব্য চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আবু সাঈদ চাঁদ এমপির প্রতিক্রিয়া এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
বিশেষ নির্দেশনা' রাজশাহী ডিআইজির
আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার দেখানো নিয়ে 'বিশেষ নির্দেশনা' রাজশাহী ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে 'বিশেষ নির্দেশনা' দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবারের এই “বিশেষ নির্দেশনা” সংবলিত চিঠি পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই আট জেলার পুলিশ সুপারদের কাছে। "পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে" উল্লেখ করে চিঠিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, “কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে”। "আর যারা ওই বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই" বলে ডিআইজি মোহাম্মদ শাহজাহানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে। তবে, এই চিঠিতে "কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের" কথা বলা হলেও আওয়ামী লীগ বা তাদের কোনো সহযোগী সংগঠনের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। একইসাথে “প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে” বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। মি. শাহজাহানের এই চিঠিতে আরও বলা হয়েছে, ইতিপূর্বে এই বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অনুসরণীয় ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। চিঠির বিষয়ে জানতে চাইলে ডিআইজি মো. শাহজাহান 'ক্ষোভ' প্রকাশ করে বলেন, এই চিঠি সাংবাদিকদের কাছে যাওয়া "চরম দুর্বলতা আমি মনে করি, আপনাদের কাছে যাওয়া উচিত ছিল না। এটা একান্তই সংগঠনের অভ্যন্তরীণ বিষয়"। তিনি দাবি করেন, আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে এই নির্দেশনা নয়। বরং "সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন ব্যক্তিদের জন্য" এই বিশেষ নির্দেশনা। আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় সেজন্য নিজেদের সদস্যদের আগাম বার্তা দেওয়ার অংশ এই নির্দেশনা। এটি রুটিন ওয়ার্ক নয়। "আমরা কোনো ব্যক্তি, কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক ব্যক্তি যারা সরকার কর্তৃক স্বীকৃত, তাদের কোনো ব্যক্তি বা সংগঠন টার্গেট করি নাই। যারা নিষিদ্ধঘোষিত, যারা সমাজের অপরাধী, বিভিন্ন কারণে নিষিদ্ধ সংগঠন, সমাজের ভেতরে বিশৃঙ্খলা করতে পারে, তাদের বিষয়ে কনসার্ন আমাদের" বলেন মি. শাহজাহান। পুলিশের সদর দফতর থেকে এ ধরনের নির্দেশনা দেওয়ার জন্য কোনো নির্দেশ এসেছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, "এটা সদর দফতরের না, এটা আমাদের একেবারেই ইন্টারনাল বিষয়। আমাদের সদস্যদেরকে অগ্রীম বার্তা দিয়ে রাখছি এটা"। চিঠির ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, "যেসব সংগঠন নিষিদ্ধ তাদের তৎপরতা যদি বেড়ে যায় তাহলে তাদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এইজন্য তাদেরকে আমরা বলছি আইনের আওতায় আনার জন্য। সিম্পল কথাটা আইনের আওতায় বললে এই শব্দগুলো আসতো না"।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
প্রতারক দম্পতি গ্রেপ্তার
ভিক্ষুকের সিম ব্যবহার করে অভিনব প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

ভিক্ষুকদের সরকারি রেশন ও ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নামে নিবন্ধিত সিমকার্ড ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) নম্বর সংগ্রহ করে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল একটি চক্র। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন সুলতানা খাতুন ও তার স্বামী মোবারক হোসেন। তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া ২১ লাখ ৩০ হাজার টাকা, অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে অভিযান সিআইডি সূত্রে জানা যায়, এলআইসি শাখার অ্যানালাইসিস ও প্রযুক্তিগত সহায়তায় গত সোমবার পবা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়। যেভাবে চালানো হতো প্রতারণা তদন্তে জানা গেছে, মোবারক-সুলতানা দম্পতি তাদের বাড়িতে যাওয়া ভিক্ষুকদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে তাদের সিমকার্ড ও এমএফএস নম্বর সংগ্রহ করত। পরে সেই সিমকার্ড ব্যবহার করে টার্গেট ব্যক্তিদের ফোন দেওয়া হতো। প্রতারকরা ভুক্তভোগীদের জানাত— তাদের মা, মেয়ে বা স্ত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। জরুরি চিকিৎসার জন্য দ্রুত টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর জন্য দেওয়া হতো ভিক্ষুকের এমএফএস নম্বর। ভুক্তভোগী কেউ কণ্ঠস্বর নিয়ে সন্দেহ প্রকাশ করলে প্রতারকরা বলত, ঠান্ডা লাগা বা দুর্ঘটনার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। টাকা পাওয়ার পর ব্যবহৃত সিম ও মোবাইল ফোন নষ্ট করে ফেলায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। সুইডেন প্রবাসীর পরিচয়ে প্রতারণা এক ভুক্তভোগীর দায়ের করা মামলার সূত্র ধরে তদন্ত শুরু হয়। এজাহারে উল্লেখ করা হয়, সুইডেন প্রবাসী বোনের পরিচয় দিয়ে তার মাকে ফোন করা হয়। প্রতারক জানায়, সুইডেন থেকে দেশে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসার জন্য জরুরি অর্থ প্রয়োজন। চিকিৎসার খরচের কথা বলে একটি এমএফএস নম্বর দেওয়া হয়। ভুক্তভোগীর মা বিভিন্ন সময়ে মোট ৪ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা পাঠান। পরে মেয়ের সঙ্গে সরাসরি কথা বলে প্রতারণার বিষয়টি জানতে পারেন তিনি। এ ঘটনায় গত বছরের ২৯ এপ্রিল গোমস্তাপুর থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যা পরবর্তীতে মামলায় রূপ নেয়। সতর্ক থাকার আহ্বান সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, অচেনা নম্বর থেকে আত্মীয় পরিচয়ে জরুরি অর্থ চাওয়া হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নিজের সিমকার্ড ও এমএফএস নম্বর অন্যের কাছে হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
তারেক রহমান
বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। গতকাল ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসন রেখেছেন। তার এ সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
নিপাহ ভাইরাস
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

কাঁচা খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত ওই নারীর বাড়ির সঠিক তথ্য জানা যায়নি।  শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যু।  জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত রোগী ৪০ থেকে ৫০ বছর বয়সি এক নারী। ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। ২৭ জানুয়ারি অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আজকে আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের লিখিতভাবে এখনো বিষয়টি জানানো হয়নি। লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানাতে পারব। তবে তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বরিশাল সিটিতে বিএনপির মেয়র মনোনয়ন ঘিরে হিসাব–নিকাশ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক প্রতিষ্ঠান বরিশাল সিটি করপোরেশন এর নির্বাচন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সমানভাবে তাৎপর্যপূর্ণ হবে।ইতিমধ্যে নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিন এবং চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরেই বরিশাল নগরজুড়ে এখন এক ধরনের নীরব রাজনৈতিক উত্তাপ। চায়ের দোকান থেকে শুরু করে নদী তীরের আড্ডা—সবখানেই আলোচনা একটাই: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কে হচ্ছেন বিএনপির প্রার্থী? দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশন শুধু একটি প্রশাসনিক ইউনিট নয়; এটি বরিশালের রাজনৈতিক স্পন্দনের কেন্দ্র। আর তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সম্ভাব্য মনোনয়ন ঘিরে শুরু হয়েছে জল্পনা–কল্পনা, হিসাব–নিকাশ আর ভেতরের নীরব লবিং। দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র অবস্থান ও কৌশল রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা : বিএনপির ভেতরে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক জনপ্রতিনিধির নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহিদুল্লাহ,বরিশাল মহানগর বিএনপি'র সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা অ্যাডঃ মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ,বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন,বিএনপি নেতা এবায়েদুল হক চান ও  বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম খান রাজন। এছাড়া বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সভাপতি ও  বি এম কলেজ এর  সাবেক জি এস  এ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম আলোচনায় রয়েছেন। অভিজ্ঞতার পাল্লা ভারী: দলীয় সূত্র বলছে, এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা।  নির্দিষ্ট কেউকে ঘিরেই আলোচনা সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা নীরবে মাঠ গুছিয়ে নিচ্ছেন। কেউ কেউ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততা এসব বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। চূড়ান্ত মনোনয়নের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। অন্যদিকে দলীয় একটি সূত্র জানায়, এবার বিএনপিকে এমন প্রার্থী দিতে হবে যিনি সর্বস্তরে গ্রহণযোগ্য। কারণ, মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সম্ভাব্য প্রার্থীদের বিষয়টিও রাজনৈতিক সমীকরণে বিবেচনায় রাখতে হবে। দলীয় কৌশল ও চ্যালেঞ্জ : বিএনপি সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নির্বাচন অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে প্রার্থী নির্ধারণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে— *ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভুমিকা, *জেল জুলম,মামলা হামলা নির্যাতন, *রাজনৈতিক অবস্থান। এসব বিষয় গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালে দলীয় ঐক্য ধরে রাখা এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অতীতের নির্বাচনে বিভক্তি বা বিদ্রোহী প্রার্থীর কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। ভোটারদের প্রত্যাশা : বরিশাল নগরবাসীর প্রধান দাবি— * জলাবদ্ধতা নিরসন, * সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, * পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, * কর্মসংস্থান ও ব্যবসাবান্ধব পরিবেশ, মেয়র প্রার্থীদের জন্য এসব ইস্যু হবে নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে।চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও দলীয় কৌশলই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থী ঘোষণার পর নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। বরিশালের রাজনীতির বাতাসে ইতিমধ্যেই নির্বাচনী সুর। বিএনপি শক্ত প্রার্থী দিলে নগর রাজনীতিতে জমে উঠতে পারে লড়াই।এখন সবার দৃষ্টি কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। কে হবেন বিএনপির ‘নগর সেনাপতি’তার উত্তর মিললেই বরিশাল সিটির নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে। উল্লেখ্য,বরিশাল সিটি করপোরেশ নির্বাচনে ২০১৩ সালে আওয়ামীলীগের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন তৎকালীন মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল।২০১৮ সালে আলহাজ্ব মজিবর রহমান সরোয়ার দল থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।ভোট ডাকাতির মাধ্যমে মেয়র নির্বাচিত হোন সাদিক আব্দুল্লাহ। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।  

অর্থনীতি

তেল-গ্যাস অনুসন্ধানে ৪৭ ব্লকে আন্তর্জাতিক দরপত্র

বাংলাদেশে ৪৭টি তেল-গ্যাস ব্লকে আন্তর্জাতিক দরপত্র শিগগির: এলএনজি নির্ভরতা কমানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬ 0




অপরাধ

বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার

বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা  দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬ 0