Brand logo light

গ্র্যাজুয়েট বেকারত্ব

৪০ লাখ শিক্ষার্থীর ভারে নুয়ে পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিগ্রি নিয়েও বেকার ২৮ শতাংশ!

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রায় ৪০ লাখ শিক্ষার্থী, ২ হাজার ৩১৮টি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশজুড়ে বিস্তৃত এক বিশাল শিক্ষা নেটওয়ার্ক—সংখ্যার বিচারে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানটির অবস্থান সবচেয়ে বড়। কিন্তু এই বিশাল বিস্তারের আড়ালে জমেছে গভীর সংকট। কোথাও শিক্ষক নেই, কোথাও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, আবার কোথাও নিয়মিত ক্লাসই হয় না। শিক্ষার্থীদের বড় একটি অংশ শ্রেণিকক্ষবিমুখ। ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের নিশ্চয়তা মিলছে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন। তিন দশকের বেশি সময় ধরে বিস্তৃত হওয়া এই শিক্ষাব্যবস্থায় প্রশ্ন উঠেছে—শুধু কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে কি উচ্চশিক্ষার মান নিশ্চিত করা সম্ভব? যে প্রতিষ্ঠানের অধীনে দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করেন, সেই প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষকসংকট, অবকাঠামো, গবেষণা এবং কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরির সক্ষমতা কতটা? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সংকটের বাস্তবতা অস্বীকার করছে না। বরং এসব সমস্যা মোকাবিলায় শিক্ষাক্রম সংস্কার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষা বাধ্যতামূলক করা, বিদেশি ভাষা শেখানো এবং কর্মমুখী কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটিকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলার লক্ষ্যে ঘোষণা করা হচ্ছে ‘রোডম্যাপ ২০৩০’। তবে এর আগেও আট বছর মেয়াদি মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অনেক লক্ষ্যই বাস্তবায়িত হয়নি। ফলে নতুন রোডম্যাপ ঘিরে আশার পাশাপাশি উঠছে বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্নও।   ৩৪ বছরে বিশাল বিস্তার, মানের প্রশ্নে পিছিয়ে ১৯৯২ সালে যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তৎকালীন ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। মূল উদ্দেশ্য ছিল পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওপর থেকে কলেজ পরিচালনা ও পরীক্ষার চাপ কমানো এবং দেশের কলেজ পর্যায়ের উচ্চশিক্ষাকে একটি পৃথক কাঠামোর আওতায় আনা। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে দ্রুতগতিতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রথম দশকে অধিভুক্ত কলেজের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭৪টি। ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে তা বেড়ে হয় ১ হাজার ৬৯৮। ২০১৩ থেকে ২০২৩ সালে কলেজের সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৬৫। পরবর্তী তিন বছরে, ২০২৪ থেকে ২০২৬ সালে, সংখ্যাটি বেড়ে হয় ২ হাজার ২৯৭। এর মধ্যে ৬০১টি সরকারি এবং ১ হাজার ৬৯৬টি বেসরকারি কলেজ। অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানসহ মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন প্রায় ৪০ লাখ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির রয়েছে ১২টি আঞ্চলিক কার্যালয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে ৬ লাখ। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় ৬১টি এবং অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৭টি। অর্থাৎ, দেশের উচ্চশিক্ষার বিপুলসংখ্যক শিক্ষার্থীর দায়িত্ব এককভাবে সামলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু শিক্ষার্থী ও কলেজের এই বিশাল চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক, শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং শিক্ষার মান নিয়ন্ত্রণের সক্ষমতা কতটা বেড়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।   শিক্ষকসংকটে ব্যাহত পাঠদান, শ্রেণিকক্ষে জায়গা নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অন্যতম বড় সমস্যা শিক্ষকসংকট। বিশেষ করে সরকারি কলেজগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত অত্যন্ত উদ্বেগজনক। এর একটি উদাহরণ গাইবান্ধা সরকারি কলেজ। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন। তাঁদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৬৬ জন। অর্থাৎ গড়ে প্রতি ২২২ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন। স্নাতক সম্মান পর্যায়ে শিক্ষকসংকট আরও প্রকট। ফলে শিক্ষকদের পালাক্রমে পাঠদান করতে হচ্ছে। এতে নিয়মিত ক্লাস নেওয়া এবং প্রত্যেক শিক্ষার্থীর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে। শুধু শিক্ষকসংকটই নয়, বড় কলেজগুলোতে শ্রেণিকক্ষের সংকটও তীব্র। একেকটি সম্মান শ্রেণিতে ২০০ থেকে ৩০০ বা তারও বেশি শিক্ষার্থী ভর্তি করা হলেও এত শিক্ষার্থীকে একসঙ্গে পাঠদানের উপযোগী শ্রেণিকক্ষ নেই অনেক কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, অধ্যক্ষদের সঙ্গে আলোচনায় শিক্ষকসংকটের বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে। পাশাপাশি গবেষণাগারে প্রয়োজনীয় সহায়তার অভাব এবং ল্যাব সহকারী সংকটের কথাও জানিয়েছেন কলেজপ্রধানেরা। অর্থাৎ, উচ্চশিক্ষার মৌলিক উপাদান—যোগ্য শিক্ষক, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ব্যবহারিক শিক্ষার সুযোগ—সব ক্ষেত্রেই ঘাটতি রয়েছে।   ক্লাসে উপস্থিতি কোথাও ৩০ শতাংশ! শিক্ষক ও অবকাঠামোগত সংকটের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আরেকটি বড় সমস্যা শিক্ষার্থীদের কম উপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শহর ও পুরোনো কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি। কোথাও কোথাও উপস্থিতির হার ৭৫ শতাংশেরও বেশি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কিছু কলেজে উপস্থিতি নেমে এসেছে প্রায় ৩০ শতাংশে। এ পরিস্থিতি শুধু নিয়মিত পাঠদানকেই ব্যাহত করছে না, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রেও তৈরি করছে বড় ঘাটতি। প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা কেন শ্রেণিকক্ষে আসছেন না? কলেজভেদে উপস্থিতির এই বড় ব্যবধানের পেছনে কী কারণ রয়েছে? শিক্ষকসংকট, ক্লাসের অনিয়ম, পরিবহন সমস্যা, কর্মসংস্থানের চাপ, নাকি শিক্ষাব্যবস্থার প্রতি আগ্রহ হারানো—এসব বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও কার্যকর উদ্যোগ কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।   ডিগ্রি আছে, চাকরি নেই: বেকার প্রায় ২৮ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি হলো স্নাতক ডিগ্রিধারীদের কর্মসংস্থানের সংকট। বিআইডিএসের গবেষণা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে পাস করা প্রায় ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার থাকেন। যাঁরা চাকরিতে প্রবেশ করতে পারছেন, তাঁদের বড় একটি অংশ স্বল্প আয়ের কাজে নিয়োজিত। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। সার্বিকভাবে দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট তথ্যে। বিশেষজ্ঞদের মতে, শুধু ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেই কর্মসংস্থান বাড়ে না। প্রয়োজন শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগক্ষমতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজে এসব দক্ষতা অর্জনের পর্যাপ্ত সুযোগ নেই। শিল্পপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের সঙ্গে শিক্ষাক্রমের সংযোগ দুর্বল থাকায় শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করেও চাকরির বাজারে প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে প্রবেশ করতে পারছেন না। ফলে উচ্চশিক্ষার সনদ হাতে নিয়েও অনেক তরুণের কর্মজীবন শুরু হচ্ছে বেকারত্ব কিংবা স্বল্প আয়ের পেশার মধ্য দিয়ে।   বিপুল আসন, তবু শিক্ষার্থী সংকটের আশঙ্কা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক সম্মান কোর্সে আসন রয়েছে সাড়ে চার লাখের বেশি। এ ছাড়া স্নাতক পাস কোর্সে আসন প্রায় সাড়ে চার লাখ। পেশাগত কোর্সে রয়েছে আরও প্রায় ১০ হাজার আসন। অন্যদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পাস করেছেন প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর বড় একটি অংশের প্রথম পছন্দ থাকে মেডিকেল কলেজ ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিপুলসংখ্যক আসন খালি থাকার আশঙ্কা রয়েছে। অতীতেও অনেক কলেজে আসন পূরণ হয়নি। উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ভাষ্য, এবার কলেজগুলোতে আসনের বিষয়টি স্বাভাবিকভাবেই ‘অটো র‍্যাশনাল’ হয়ে যাবে। এতে কলেজগুলোর আয়ের ওপর প্রভাব পড়তে পারে। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। প্রয়োজনে সরকার অর্থায়ন করবে। এখানে নতুন প্রশ্ন তৈরি হয়েছে—যেসব কলেজে পর্যাপ্ত শিক্ষার্থী নেই, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষকসংস্থান ও আর্থিক সক্ষমতা কীভাবে নিশ্চিত করা হবে?   সাত কলেজের অভিজ্ঞতা, কাঠামোগত সংকটের নতুন প্রশ্ন একসময় রাজধানীর সাতটি বড় সরকারি কলেজও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সাত কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। বিশাল সংখ্যক কলেজকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে শিক্ষার মান নিয়ন্ত্রণ কতটা কার্যকর, সেই প্রশ্ন এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   কর্মমুখী শিক্ষার উদ্যোগ, বাস্তবায়নে শিক্ষকসংকট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাক্রম সংস্কারের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৪ হাজার ২০০ কোর্সের মধ্যে ইতিমধ্যে ৫৫০টি কোর্সের সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের শিক্ষাক্রম সংস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এবং আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) অনুসারে শিক্ষাক্রম পুনর্গঠন ও পুনর্মূল্যায়নের পরিকল্পনা রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় বর্ষে চালু করা হয়েছে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি। তৃতীয় ও চতুর্থ বর্ষে বিশেষায়িত কর্মমুখী কোর্স এবং যোগাযোগভিত্তিক ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি মান্দারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’। অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর কার্যক্রমও চলছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মধ্যে এ সংখ্যা ১০০-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়নে বড় বাধা শিক্ষকসংকট। বিশেষ করে আইসিটি শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আইসিটি শিক্ষার জন্য ৮৯ জন কোর ট্রেইনার এবং ৮৪০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। অ্যাপ্লায়েড আইসিটির জন্য ৯০ জন কোর ট্রেইনার প্রস্তুত করা হয়েছে। আরও ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরির কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, এসব প্রশিক্ষক পর্যায়ক্রমে সারা দেশের ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পদার্থবিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আইসিটি শিক্ষা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রশিক্ষণ দিয়ে কতটা কার্যকরভাবে বিশেষায়িত আইসিটি শিক্ষা নিশ্চিত করা সম্ভব? শুধু প্রশিক্ষক তৈরি করলেই কি কলেজগুলোতে মানসম্মত ব্যবহারিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা গড়ে উঠবে?   আগের মহাপরিকল্পনাই বাস্তবায়িত হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা। এর আগে ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত আট বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনায় স্নাতক ডিগ্রি কোর্স পুনর্গঠন, উচ্চশিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষাকে গুরুত্ব দেওয়া, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স চালু, ইন্টার্নশিপের ব্যবস্থা এবং পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সংশোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরিকল্পনার উল্লেখযোগ্য অংশ বাস্তবায়িত হয়নি বলে সংশ্লিষ্ট তথ্য ও আলোচনায় উঠে এসেছে। ফলে নতুন করে ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণার আগে পুরোনো পরিকল্পনার বাস্তবায়ন পরিস্থিতি, ব্যর্থতার কারণ এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু নতুন পরিকল্পনা ঘোষণা নয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি লক্ষ্য বাস্তবায়নের কার্যকর কাঠামো তৈরি করাই এখন বড় পরীক্ষা।   আট বিভাগে আটটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি মনে করেন, সারা দেশে এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটা আছে, তা ভেবে দেখা প্রয়োজন।  তিনি বলেন, কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে খণ্ডিতভাবে চিন্তা না করে সামগ্রিক সংস্কারের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কলেজশিক্ষকদের পিএইচডি ও এমফিল করার জন্য প্রয়োজনীয় তহবিলও রাখতে হবে। তাঁর মতে, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার কারণ গবেষণার মাধ্যমে চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শিক্ষাক্রম নিয়মিত যুগোপযোগী করা জরুরি। তিনি আরও বলেন, পাঁচ দশকের বেশি আগে কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন চারটি বিভাগে চারটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোকে সেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান বাস্তবতায় প্রয়োজনে আটটি বিভাগে আটটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।   রোডম্যাপ ২০৩০: ঘোষণার চেয়ে বাস্তবায়নই বড় পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে  শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে সম্মিলনের আয়োজন করা হয়।  সম্মিলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির বর্তমান প্রশাসন এই রোডম্যাপের মাধ্যমে শিক্ষাক্রম সংস্কার, প্রযুক্তিনির্ভর শিক্ষা, বিদেশি ভাষা শেখানো এবং কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চ্যালেঞ্জ শুধু পাঠ্যক্রম পরিবর্তন কিংবা নতুন কোর্স চালু করা নয়। বরং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত শ্রেণিকক্ষ, কার্যকর গবেষণাগার, নিয়মিত ক্লাস, বাস্তবভিত্তিক শিক্ষা এবং কর্মসংস্থানের উপযোগী দক্ষতা নিশ্চিত করা। তিন দশকের বেশি সময়ে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বহুগুণ। কিন্তু সেই অনুপাতে শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ বাড়েনি—এমন বাস্তবতা বিভিন্ন গবেষণা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে। এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ২০৩০ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি কেবল বড় একটি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয় ছাড়িয়ে সত্যিকার অর্থে মানসম্মত উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রতিষ্ঠানে রূপ নিতে পারবে? নাকি আগের মহাপরিকল্পনার মতো নতুন রোডম্যাপও ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের বাস্তবসম্মত জবাব এবং তার কার্যকর বাস্তবায়নের ওপর।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

পূবালী ব্যাংকে ভুয়া হিসাবের ফাঁদ, অর্থ আত্মসাতের অভিযোগ; দুর্বল কেওয়াইসি ও তদারকি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0