Brand logo light
অনুসন্ধানী সংবাদ

পূর্বাচল, ঝিলমিল, বরগুনা ও ঢাকায় জমি-ফ্ল্যাট কেনার অভিযোগ

কার্টনভর্তি টাকা থেকে ১২ একরের মাছের খামার—কাস্টমসের দুই ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬ 0

সম্পদের উৎস কী? | দুদকের তদন্তে প্রশ্নবিদ্ধ মৎস্য খামারের প্রতিবেদন-

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  খাটের নিচে রাখা একটি কার্টন। ঘর পরিষ্কার করতে গিয়ে সেটি পড়ে যেতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল। বিপুল পরিমাণ নগদ টাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন কিশোরী গৃহকর্মী। ডাকেন গৃহকর্তাকে। তিনি একজন সরকারি কর্মকর্তা। কার্টনভর্তি টাকা দেখে তিনিও বিস্মিত হন। ঘটনার পর কিছুদিনের মধ্যেই ভয় পেয়ে ওই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান গৃহকর্মী।

ঘটনাটি প্রায় ২০১৫ সালের। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তাঁর স্বামী, তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমান। একই নামের এক কিশোরী তাঁদের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সাবেক ওই গৃহকর্মীর বর্ণনা অনুযায়ী, বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টার কথাও তিনি জানিয়েছেন।

একটি বাসায় বিপুল নগদ টাকা রাখার এই বর্ণনা থেকেই সামনে আসে আরও বড় প্রশ্ন—সরকারি চাকরিতে যোগদানের পর কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে গড়ে ওঠা সম্পদের অর্থের উৎস কী?

এই প্রশ্নে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের সঙ্গে যুক্ত হয় জমি, প্লট, ফ্ল্যাট কেনার দলিল, সম্পদের মূল্য ও আয়ের সামঞ্জস্য নিয়ে নানা প্রশ্ন। কিন্তু অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষ না করেই বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায়।

অনুসন্ধানে পাওয়া দলিল ও অভিযোগের তথ্য অনুযায়ী, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন এবং তাঁদের স্বজনদের নামে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে একাধিক সম্পত্তি কেনার তথ্য রয়েছে। এসব সম্পত্তির প্রকৃত ক্রয়মূল্য, দলিলে উল্লেখ করা মূল্য এবং অর্থের উৎস নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

 

চাকরির পর সম্পদ অর্জনের ধারাবাহিকতা

এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত।

তাঁর ছোট বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁওয়ের এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া উল্লেখযোগ্য অন্য জমি ছিল না। অথচ এর পরের কয়েক বছরে পরিবারের সদস্যদের নামে একের পর এক জমি ও আবাসিক প্লট কেনার তথ্য পাওয়া যায়।

বিশেষ করে ২০১৪ ও ২০১৫ সালে সম্পত্তি কেনার যে ধারাবাহিকতা দেখা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি চাকরির বেতন-ভাতা ও ঘোষিত আয়ের সঙ্গে এসব সম্পত্তি অর্জনের ব্যয়ের সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন।

 

পূর্বাচল ও ঝিলমিলে কোটি টাকার সম্পত্তি, দলিলে মূল্য অনেক কম?

নথিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তাঁর ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫।

প্লটটি পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত বলে দলিলে উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় মাত্র ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

একই কর্মকর্তা ২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন। দলিল নম্বর ১২৩০৯/২০২২।

অভিযোগে বলা হয়েছে, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে মূল্য উল্লেখ করা হয়েছে ২১ লাখ টাকা।

এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—প্রকৃত ক্রয়মূল্য ও দলিলমূল্যের মধ্যে এত বড় ব্যবধান কেন? আর সম্পত্তি কেনার অর্থের উৎস কী ছিল?

 

বড় ভাই এনামুলের নামে বরগুনা ও পূর্বাচলে জমি

সম্পত্তি কেনার ক্ষেত্রে পিছিয়ে নেই এনামুল হকও।

বরগুনা শহরে তাঁর নামে ২৬ শতাংশ জমি কেনার তথ্য পাওয়া গেছে। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫। দলিলের তারিখ ১১ আগস্ট ২০১৫। দলিলে জমিটির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তাঁর স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫।

অভিযোগ অনুযায়ী, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।

অর্থাৎ, অভিযোগে উল্লিখিত প্রকৃত ক্রয়মূল্য ও দলিলে দেখানো মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এসব লেনদেনের অর্থ কোথা থেকে এসেছে, তা যাচাই না করে সম্পদের উৎস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

 

মায়ের নামেও কোটি টাকার সম্পত্তি

২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়।

বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। দলিল দুটিতে সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা।

অভিযোগকারীদের দাবি, ওই সম্পত্তি কেনার জন্য প্রকৃতপক্ষে ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। তাঁদের আরও দাবি, অর্থের জোগান দিয়েছিলেন খাদিজা বেগমের দুই সন্তান এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে সম্পত্তি কেনার অর্থের প্রকৃত উৎস, অর্থ পরিশোধের পদ্ধতি এবং মালিকানার প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে—এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা জরুরি।

এ ছাড়া পরিবারের অন্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। এর মধ্যে ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুর ডিওএইচএস এলাকার সম্পত্তির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

সন্তানের জন্মনিবন্ধনে বসুন্ধরার ঠিকানা

২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ঠিকানা উল্লেখ করা হয়।

ঠিকানাটি হলো—ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি।

তবে অনুসন্ধানে ওই ঠিকানার ফ্ল্যাটটির মালিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে জন্মনিবন্ধনে উল্লেখ করা ঠিকানা ও সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানার মধ্যে সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

১২ একরের মাছের খামার, দুদকের তদন্তে ১৪ একরের তথ্য!

দুই কাস্টমস কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাঁদের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সোবহানের মাছের খামার থেকে আয়ের বিষয়টি সামনে আসে।

এনামুল হক দুদকের কর্মকর্তাদের কাছে দাবি করেন, তাঁর বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়। অর্থাৎ পরিবারের সম্পদের একটি অংশের উৎস হিসেবে বাবার মাছের খামারের আয়কে সামনে আনা হয়।

দাবিটির সত্যতা যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে মাছের খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজ চুক্তি, মাছের উৎপাদন, পরিচালন ব্যয় এবং আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

কিন্তু অভিযোগ অনুযায়ী, এসব গুরুত্বপূর্ণ নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে আবদুস সোবহানকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়।

এখানেই দেখা দেয় আরও একটি অসংগতি।

এনামুল হকের দাবি ছিল, তাঁর বাবার মাছের খামার প্রায় ১২ একর জমিতে। অথচ মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে খামারের আয়তন উল্লেখ করা হয় ১৪ একর।

প্রশ্ন উঠেছে, ১২ একরের দাবির বিপরীতে প্রতিবেদনে ১৪ একর জমির তথ্য এল কীভাবে? অতিরিক্ত দুই একর জমির মালিকানা বা ব্যবহারসংক্রান্ত তথ্য কোথায়? খামারের নিবন্ধন, জমির দলিল, উৎপাদন ও আয়-ব্যয়ের হিসাব যাচাই করা হয়েছিল কি?

অভিযোগকারীদের দাবি, মৎস্য কর্মকর্তার এই প্রতিবেদন পাওয়ার পরই দুদকের অভিযোগটি কার্যত ধামাচাপা পড়ে যায়।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন কথা বলতে রাজি হননি।

অন্যদিকে সরেজমিন অনুসন্ধানে  মাছের খামারের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমিতে মাছের খামারের পরিবর্তে কিছু ফলের গাছ রয়েছে।

 

স্বামীর অভিযোগ: সংসারের অশান্তি, মামলা ও সম্পদের বিরোধ

জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমানও এই ঘটনাপ্রবাহের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন এবং ওই মামলায় সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন।

আসলাম রহমান বলেন, স্ত্রীর করা মামলার কারণে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর দাবি, তিনি কখনো ঘুষ নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়।

আসলামের অভিযোগ, বড় ভাই এনামুল হকের ইশারায় তাঁর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না।

আসলামের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। তাঁর পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম। সাপ্তাহিক ছুটিতে এনামুল সেখানে আসতেন। তখন এনামুলের নিজেরও ঢাকায় থাকার জায়গা ছিল না বলে দাবি তাঁর।

স্বামীর এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট মামলার নথি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন। যৌতুকের মামলাটি বিচারাধীন হওয়ায় এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

 

এনামুলের বক্তব্য: সব সম্পদ আয়কর নথিতে আছে

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে কর্মরত যুগ্ম কমিশনার এনামুল হক বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।’

তাঁর বাবাকে মৎস্যচাষি হিসেবে দেখিয়ে সম্পদের আয়ের উৎস বৈধ করার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ উল্লেখ করে তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। তবে তিনি কোনো জবাব দেননি।

 

দুদকের অনুসন্ধান নিয়ে যে প্রশ্নগুলো রয়ে গেল

এই অনুসন্ধানে উঠে আসা তথ্যগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে।

প্রথমত, সরকারি চাকরিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যে দুই ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যদের নামে একাধিক মূল্যবান সম্পত্তি কেনার অর্থের উৎস কী?

দ্বিতীয়ত, অভিযোগে উল্লিখিত প্রকৃত ক্রয়মূল্য ও দলিলে উল্লেখ করা মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধানের কারণ কী? এসব লেনদেনে অর্থ পরিশোধের প্রকৃত পদ্ধতি কী ছিল?

তৃতীয়ত, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার ১২ একরের মাছের খামারের দাবি যাচাই করতে গিয়ে ১৪ একরের তথ্য কীভাবে এলো? খামারের জমির মালিকানা, নিবন্ধন, উৎপাদন ও আয়ের নির্ভরযোগ্য নথি কোথায়?

চতুর্থত, প্রয়োজনীয় নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে মৎস্য কর্মকর্তার প্রতিবেদন গ্রহণ করা হয়েছিল কেন?

পঞ্চমত, দুদকে জমা পড়া অভিযোগের তদন্ত কোন পর্যায়ে শেষ হয়েছিল? সম্পদের উৎস, আয়কর নথি, ব্যাংক লেনদেন ও জমির দলিল সমন্বিতভাবে যাচাই করা হয়েছিল কি না?

একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস সম্পর্কে জনস্বার্থে স্বচ্ছ ব্যাখ্যা থাকা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করাও সমীচীন নয়।

তবে দলিল, সম্পত্তির প্রকৃত মূল্য, অর্থের উৎস এবং মাছের খামারসংক্রান্ত তথ্যের মধ্যে যে প্রশ্ন ও অসংগতি উঠে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি।

দুদকের কাছে এখন মূল প্রশ্ন—অভিযোগটি কি যথাযথভাবে অনুসন্ধান করা হয়েছিল, নাকি একটি প্রশ্নবিদ্ধ প্রতিবেদনের ওপর নির্ভর করেই থেমে গিয়েছিল তদন্ত?

কারণ, সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব শুধু আয়কর নথিতে সম্পদের তালিকা থাকার বিষয় নয়; সেই সম্পদ অর্জনের অর্থের বৈধ উৎসও স্বচ্ছভাবে ব্যাখ্যা করা জরুরি।

 

Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধানী সংবাদ

View more
কার্টনভর্তি টাকা থেকে ১২ একরের মাছের খামার—কাস্টমসের দুই ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

সম্পদের উৎস কী? | দুদকের তদন্তে প্রশ্নবিদ্ধ মৎস্য খামারের প্রতিবেদন- ইত্তেহাদ নিউজ,অনলাইন :  খাটের নিচে রাখা একটি কার্টন। ঘর পরিষ্কার করতে গিয়ে সেটি পড়ে যেতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল। বিপুল পরিমাণ নগদ টাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন কিশোরী গৃহকর্মী। ডাকেন গৃহকর্তাকে। তিনি একজন সরকারি কর্মকর্তা। কার্টনভর্তি টাকা দেখে তিনিও বিস্মিত হন। ঘটনার পর কিছুদিনের মধ্যেই ভয় পেয়ে ওই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান গৃহকর্মী। ঘটনাটি প্রায় ২০১৫ সালের। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তাঁর স্বামী, তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমান। একই নামের এক কিশোরী তাঁদের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সাবেক ওই গৃহকর্মীর বর্ণনা অনুযায়ী, বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টার কথাও তিনি জানিয়েছেন। একটি বাসায় বিপুল নগদ টাকা রাখার এই বর্ণনা থেকেই সামনে আসে আরও বড় প্রশ্ন—সরকারি চাকরিতে যোগদানের পর কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে গড়ে ওঠা সম্পদের অর্থের উৎস কী? এই প্রশ্নে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের সঙ্গে যুক্ত হয় জমি, প্লট, ফ্ল্যাট কেনার দলিল, সম্পদের মূল্য ও আয়ের সামঞ্জস্য নিয়ে নানা প্রশ্ন। কিন্তু অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষ না করেই বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায়। অনুসন্ধানে পাওয়া দলিল ও অভিযোগের তথ্য অনুযায়ী, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন এবং তাঁদের স্বজনদের নামে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে একাধিক সম্পত্তি কেনার তথ্য রয়েছে। এসব সম্পত্তির প্রকৃত ক্রয়মূল্য, দলিলে উল্লেখ করা মূল্য এবং অর্থের উৎস নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।   চাকরির পর সম্পদ অর্জনের ধারাবাহিকতা এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তাঁর ছোট বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁওয়ের এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া উল্লেখযোগ্য অন্য জমি ছিল না। অথচ এর পরের কয়েক বছরে পরিবারের সদস্যদের নামে একের পর এক জমি ও আবাসিক প্লট কেনার তথ্য পাওয়া যায়। বিশেষ করে ২০১৪ ও ২০১৫ সালে সম্পত্তি কেনার যে ধারাবাহিকতা দেখা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি চাকরির বেতন-ভাতা ও ঘোষিত আয়ের সঙ্গে এসব সম্পত্তি অর্জনের ব্যয়ের সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন।   পূর্বাচল ও ঝিলমিলে কোটি টাকার সম্পত্তি, দলিলে মূল্য অনেক কম? নথিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তাঁর ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। প্লটটি পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত বলে দলিলে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় মাত্র ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। একই কর্মকর্তা ২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগে বলা হয়েছে, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে মূল্য উল্লেখ করা হয়েছে ২১ লাখ টাকা। এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—প্রকৃত ক্রয়মূল্য ও দলিলমূল্যের মধ্যে এত বড় ব্যবধান কেন? আর সম্পত্তি কেনার অর্থের উৎস কী ছিল?   বড় ভাই এনামুলের নামে বরগুনা ও পূর্বাচলে জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে পিছিয়ে নেই এনামুল হকও। বরগুনা শহরে তাঁর নামে ২৬ শতাংশ জমি কেনার তথ্য পাওয়া গেছে। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫। দলিলের তারিখ ১১ আগস্ট ২০১৫। দলিলে জমিটির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তাঁর স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা। অর্থাৎ, অভিযোগে উল্লিখিত প্রকৃত ক্রয়মূল্য ও দলিলে দেখানো মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এসব লেনদেনের অর্থ কোথা থেকে এসেছে, তা যাচাই না করে সম্পদের উৎস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।   মায়ের নামেও কোটি টাকার সম্পত্তি ২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। দলিল দুটিতে সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। অভিযোগকারীদের দাবি, ওই সম্পত্তি কেনার জন্য প্রকৃতপক্ষে ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। তাঁদের আরও দাবি, অর্থের জোগান দিয়েছিলেন খাদিজা বেগমের দুই সন্তান এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে সম্পত্তি কেনার অর্থের প্রকৃত উৎস, অর্থ পরিশোধের পদ্ধতি এবং মালিকানার প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে—এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা জরুরি। এ ছাড়া পরিবারের অন্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। এর মধ্যে ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুর ডিওএইচএস এলাকার সম্পত্তির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।   সন্তানের জন্মনিবন্ধনে বসুন্ধরার ঠিকানা ২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ঠিকানা উল্লেখ করা হয়। ঠিকানাটি হলো—ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি। তবে অনুসন্ধানে ওই ঠিকানার ফ্ল্যাটটির মালিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে জন্মনিবন্ধনে উল্লেখ করা ঠিকানা ও সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানার মধ্যে সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। ১২ একরের মাছের খামার, দুদকের তদন্তে ১৪ একরের তথ্য! দুই কাস্টমস কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাঁদের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সোবহানের মাছের খামার থেকে আয়ের বিষয়টি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তাদের কাছে দাবি করেন, তাঁর বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়। অর্থাৎ পরিবারের সম্পদের একটি অংশের উৎস হিসেবে বাবার মাছের খামারের আয়কে সামনে আনা হয়। দাবিটির সত্যতা যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে মাছের খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজ চুক্তি, মাছের উৎপাদন, পরিচালন ব্যয় এবং আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, এসব গুরুত্বপূর্ণ নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে আবদুস সোবহানকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। এখানেই দেখা দেয় আরও একটি অসংগতি। এনামুল হকের দাবি ছিল, তাঁর বাবার মাছের খামার প্রায় ১২ একর জমিতে। অথচ মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে খামারের আয়তন উল্লেখ করা হয় ১৪ একর। প্রশ্ন উঠেছে, ১২ একরের দাবির বিপরীতে প্রতিবেদনে ১৪ একর জমির তথ্য এল কীভাবে? অতিরিক্ত দুই একর জমির মালিকানা বা ব্যবহারসংক্রান্ত তথ্য কোথায়? খামারের নিবন্ধন, জমির দলিল, উৎপাদন ও আয়-ব্যয়ের হিসাব যাচাই করা হয়েছিল কি? অভিযোগকারীদের দাবি, মৎস্য কর্মকর্তার এই প্রতিবেদন পাওয়ার পরই দুদকের অভিযোগটি কার্যত ধামাচাপা পড়ে যায়। এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন কথা বলতে রাজি হননি। অন্যদিকে সরেজমিন অনুসন্ধানে  মাছের খামারের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমিতে মাছের খামারের পরিবর্তে কিছু ফলের গাছ রয়েছে।   স্বামীর অভিযোগ: সংসারের অশান্তি, মামলা ও সম্পদের বিরোধ জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমানও এই ঘটনাপ্রবাহের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন এবং ওই মামলায় সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন। আসলাম রহমান বলেন, স্ত্রীর করা মামলার কারণে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর দাবি, তিনি কখনো ঘুষ নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। আসলামের অভিযোগ, বড় ভাই এনামুল হকের ইশারায় তাঁর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে। তিনি আরও জানান, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না। আসলামের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। তাঁর পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম। সাপ্তাহিক ছুটিতে এনামুল সেখানে আসতেন। তখন এনামুলের নিজেরও ঢাকায় থাকার জায়গা ছিল না বলে দাবি তাঁর। স্বামীর এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট মামলার নথি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন। যৌতুকের মামলাটি বিচারাধীন হওয়ায় এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।   এনামুলের বক্তব্য: সব সম্পদ আয়কর নথিতে আছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে কর্মরত যুগ্ম কমিশনার এনামুল হক বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।’ তাঁর বাবাকে মৎস্যচাষি হিসেবে দেখিয়ে সম্পদের আয়ের উৎস বৈধ করার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ উল্লেখ করে তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। তবে তিনি কোনো জবাব দেননি।   দুদকের অনুসন্ধান নিয়ে যে প্রশ্নগুলো রয়ে গেল এই অনুসন্ধানে উঠে আসা তথ্যগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। প্রথমত, সরকারি চাকরিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যে দুই ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যদের নামে একাধিক মূল্যবান সম্পত্তি কেনার অর্থের উৎস কী? দ্বিতীয়ত, অভিযোগে উল্লিখিত প্রকৃত ক্রয়মূল্য ও দলিলে উল্লেখ করা মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধানের কারণ কী? এসব লেনদেনে অর্থ পরিশোধের প্রকৃত পদ্ধতি কী ছিল? তৃতীয়ত, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার ১২ একরের মাছের খামারের দাবি যাচাই করতে গিয়ে ১৪ একরের তথ্য কীভাবে এলো? খামারের জমির মালিকানা, নিবন্ধন, উৎপাদন ও আয়ের নির্ভরযোগ্য নথি কোথায়? চতুর্থত, প্রয়োজনীয় নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে মৎস্য কর্মকর্তার প্রতিবেদন গ্রহণ করা হয়েছিল কেন? পঞ্চমত, দুদকে জমা পড়া অভিযোগের তদন্ত কোন পর্যায়ে শেষ হয়েছিল? সম্পদের উৎস, আয়কর নথি, ব্যাংক লেনদেন ও জমির দলিল সমন্বিতভাবে যাচাই করা হয়েছিল কি না? একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস সম্পর্কে জনস্বার্থে স্বচ্ছ ব্যাখ্যা থাকা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করাও সমীচীন নয়। তবে দলিল, সম্পত্তির প্রকৃত মূল্য, অর্থের উৎস এবং মাছের খামারসংক্রান্ত তথ্যের মধ্যে যে প্রশ্ন ও অসংগতি উঠে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। দুদকের কাছে এখন মূল প্রশ্ন—অভিযোগটি কি যথাযথভাবে অনুসন্ধান করা হয়েছিল, নাকি একটি প্রশ্নবিদ্ধ প্রতিবেদনের ওপর নির্ভর করেই থেমে গিয়েছিল তদন্ত? কারণ, সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব শুধু আয়কর নথিতে সম্পদের তালিকা থাকার বিষয় নয়; সেই সম্পদ অর্জনের অর্থের বৈধ উৎসও স্বচ্ছভাবে ব্যাখ্যা করা জরুরি।  

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬ 0

পিরোজপুরে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট: সড়ক নেই, সেতু নেই, কাগজে শতভাগ কাজ—তবু বিল উত্তোলন!

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো: ৯ কোটি টাকার মেরামত ব্যয়ে অনিয়মের অভিযোগ, ‘সিন্ডিকেট’ বাণিজ্য!

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির অভিযোগের পাহাড়

এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন: বদলি-পদায়ন বাণিজ্য, চলতি দায়িত্ব ও প্রকল্প ঘিরে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের বিরুদ্ধে নিয়োগ, বদলি, পদোন্নতি ও চলতি দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ, ঠিকাদারি কাজের ভাগবাটোয়ারা এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগও সামনে এসেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা একটি অভিযোগে তাঁর বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, কাজ না করেই উন্নয়ন প্রকল্পের শতভাগ বিল উত্তোলন, রাজনৈতিক সুপারিশে লোক নিয়োগ এবং একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো—বদলি ও পদায়নের জন্য কথিত অঘোষিত রেট কার্ড চালু করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পদ ও কর্মস্থলের গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের কাছ থেকে কয়েক লাখ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গত ২৫ আগস্ট চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে প্রধান প্রকৌশলীর দায়িত্ব অব্যাহত রাখেন বেলাল হোসেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই নিয়োগ নিশ্চিত করতে তাঁকে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে।  অভিযোগ রয়েছে, কথিত এই অর্থ ব্যয়ের চাপ সামাল দিতে এখন নিয়োগ, বদলি, পদোন্নতি ও প্রকল্পকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমকে অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর প্রভাব পড়ছে এলজিইডির প্রশাসনিক শৃঙ্খলা এবং উন্নয়ন কর্মকাণ্ডের পরিবেশে। ১৯৯২ সালে চাকরিতে প্রবেশ, বিতর্কের দীর্ঘ ইতিহাস প্রকৌশলী মো. বেলাল হোসেন ১৯৯২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাকরিতে প্রবেশ করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তাঁর কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবির এবং চাকরিজীবনে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ৩১ অক্টোবর তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে এলজিইডির গুরুত্বপূর্ণ প্রশাসন শাখার দায়িত্ব পান। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১২ অক্টোবর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ শাখার দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ১৪ জানুয়ারি অতিরিক্ত প্রধান প্রকৌশলী গ্রেড-২ পদে পদোন্নতি পান তিনি। একই দিনে স্থানীয় সরকার বিভাগের আদেশে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বও গ্রহণ করেন। এরপর ২৪ মার্চ ২০২৬ তারিখে অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশীদ মিয়াকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলী নিয়োগ দেয় সরকার। তবে তাঁর অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার পর সরকার সেই নিয়োগ বাতিল করে। এরপর ২৫ আগস্ট চাকরির মেয়াদ শেষ হওয়ার পর বেলাল হোসেন নিজেই এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই নিয়োগ ঘিরেই ১০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিদেশে এই অর্থের লেনদেন হয়েছে।    নিয়োগ-পদোন্নতিতে কথিত রেট কার্ড এলজিইডির প্রশাসন শাখায় দীর্ঘদিন দায়িত্ব পালনের কারণে নিয়োগ, বদলি ও পদোন্নতির প্রশাসনিক প্রক্রিয়ায় বেলাল হোসেনের প্রভাব তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক সুপারিশে প্রায় ১ হাজার ১২৫ জন ছাত্রলীগ কর্মীকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এলজিইডিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক সুপারিশের পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে নিয়োগের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। দুদকে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, সার্ভেয়ার ও কার্যসহকারীদের কাছ থেকে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে উপসহকারী প্রকৌশলী পদে চলতি, ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে সারাদেশে প্রায় ৪১২ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে ৪০ থেকে ৬০ কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এসব পদায়নের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছে। এলজিইডির প্রশাসন শাখার সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ মাসে ৯০ জন কার্যসহকারীকে সার্ভেয়ার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে ১৩৭ জন উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১০ লাখ টাকা করে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।এসব অর্থ লেনদেনে একজন নির্বাহী প্রকৌশলী ও তাঁর গাড়িচালক প্রধান প্রকৌশলীকে সহযোগিতা করেছেন বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।   পদ অনুযায়ী লাখ থেকে কোটি টাকার লেনদেনের অভিযোগ এলজিইডির বদলি ও পদায়ন ঘিরে একটি অঘোষিত রেট কার্ড চালুর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কাঙ্ক্ষিত কর্মস্থল, গুরুত্বপূর্ণ প্রকল্প কিংবা মাঠপর্যায়ের পদে দায়িত্ব পেতে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হয়। অভিযোগে উল্লেখিত  রেট কার্ডটি হলো— পদ  অর্থের পরিমাণ উপজেলা প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলী ১৫–২০ লাখ টাকা উপসহকারী প্রকৌশলী ৮–১০ লাখ টাকা নির্বাহী প্রকৌশলী ৫০ লাখ থেকে ১ কোটি টাকা প্রকল্প পরিচালক (পিডি) ২–১০ কোটি টাকা এসব অর্থ আদায়ের অভিযোগের স্বাধীন প্রমাণ বা লেনদেনের নথি প্রতিবেদনে সংযুক্ত নেই। তবে অভিযোগের ব্যাপকতা এবং প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে অর্থ লেনদেনের সম্পর্ক খতিয়ে দেখার দাবি উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি ১১টি উন্নয়ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের জন্য গঠিত কমিটিতে প্রতিমন্ত্রীও ছিলেন। তবে নিয়োগের অর্থ প্রধান প্রকৌশলী বেলাল হোসেন সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কথা বলে অর্থ সংগ্রহ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পদে তিন কর্মকর্তা, প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা এলজিইডিতে বদলি ও পদায়ন ঘিরে সবচেয়ে দৃশ্যমান বিতর্কের একটি হলো একই পদে একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া। অভিযোগ রয়েছে, প্রধান প্রকৌশলীর কাছ থেকে অর্থ দিয়ে পদায়নের আদেশ পেলেও অনেক কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দিতে পারছেন না। কারণ, একই পদে আগে থেকে দায়িত্ব পালন করা কর্মকর্তা চেয়ার ছাড়ছেন না। নরসিংদী, বরিশাল ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সবচেয়ে আলোচিত ঘটনা বরিশাল এলজিইডি কার্যালয়। সেখানে নির্বাহী প্রকৌশলীর একই পদে একসঙ্গে তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা ও বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, একই পদে একাধিক কর্মকর্তাকে পদায়নের ক্ষেত্রে যোগ্যতা কিংবা পদ শূন্য থাকার বিষয়টি বিবেচনার পরিবর্তে অর্থের পরিমাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি কাঙ্ক্ষিত অর্থ দিতে ব্যর্থ হলে পদায়নের আদেশ বাতিল করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পদ্মার পশ্চিম পাড়ের একটি জেলার নির্বাহী প্রকৌশলী পদে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রথমে একজন নির্বাহী প্রকৌশলীকে ওই জেলায় বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের আগেই সেই আদেশ বাতিল করা হয়। পরে অন্য একজন কর্মকর্তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। প্রথম কর্মকর্তা চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারায় তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করতে নিষেধ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ।   নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী পদায়ন, বিধিমালা লঙ্ঘনের প্রশ্ন প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনকে তাঁর নিজ এলাকায় পদায়ন। বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁকে নিজ এলাকায় পদায়ন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বদলি ও পদায়ন বিধিমালার ১(ক) ও ১(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী, মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে নির্বাহী প্রকৌশলী হিসেবে কোনো কর্মকর্তাকে তাঁর নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর জেলায় পদায়ন না করার বিধান রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। জাহানারা পারভীনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামে। তাঁর স্বামী শামছুল বারী একই গ্রামের আবদুল আজিজের ছেলে এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁকে ওই এলাকায় পদায়নের পেছনে আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।     প্রকল্পের কর্মচারীদের রাজস্ব খাতে নেওয়ার আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগ এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টিও অর্থ আদায়ের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি দুই ধাপে যথাক্রমে ৩ হাজার ৬৪৬ জন এবং ৯৪৭ জন কর্মচারীর তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এলজিইডি। এসব তালিকা যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছে। তালিকাভুক্ত কর্মচারীদের অনেকেই বিভিন্ন গ্রুপে আলাদাভাবে উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এলজিইডিতে এ সংখ্যক পদ শূন্য নেই। পাশাপাশি তালিকাভুক্ত অনেকের কাগজপত্রের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এমন পরিস্থিতিতেও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশায় কর্মচারীরা বিভিন্ন পর্যায়ে তদবির করছেন। অভিযোগ উঠেছে, প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে একটি দালালচক্র কর্মচারীদের চাকরি স্থায়ী করার আশ্বাস দিচ্ছে। বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করা হচ্ছে। প্রকল্পের কর্মচারীদের ভবিষ্যৎ ও চাকরির অনিশ্চয়তাকে পুঁজি করে অর্থ আদায়ের এই অভিযোগ অত্যন্ত গুরুতর। কারণ, চাকরি রাজস্ব খাতে স্থানান্তর একটি প্রাতিষ্ঠানিক ও নীতিনির্ধারণী প্রক্রিয়া। সেখানে ব্যক্তিগত আশ্বাস কিংবা অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করার সুযোগ থাকার কথা নয়।   উন্নয়ন প্রকল্প ও ঠিকাদারি কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগ প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে শুধু প্রশাসনিক পদায়ন নয়, উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প পরিচালক নিয়োগের পর তাঁদের কাছ থেকে উন্নয়ন কর্মকাণ্ডের কমিশন আদায় করা হচ্ছে। পাশাপাশি বড় ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে প্রকল্পের কাজ ভাগবাটোয়ারা, টেন্ডার নিয়ন্ত্রণ এবং প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এমনকি কাজ না করেই উন্নয়ন প্রকল্পের শতভাগ বিল উত্তোলনের অভিযোগও দুদকে দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক অনিয়ম নয়; সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, কাজের গুণগত মান এবং জনস্বার্থের জন্যও বড় ধরনের হুমকি।   তদন্তের দাবি, জবাবদিহি কোথায়? এলজিইডি দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, হাটবাজার, অবকাঠামো এবং স্থানীয় পর্যায়ের নানা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সরাসরি যুক্ত। এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ-বদলি বাণিজ্য, পদোন্নতিতে অর্থ লেনদেন, প্রকল্পের কমিশন, ঠিকাদারি সিন্ডিকেট এবং অবৈধ সম্পদ অর্জনের মতো অভিযোগ ওঠা নিঃসন্দেহে উদ্বেগজনক। অভিযোগগুলো সত্য কি না, তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার। তবে অভিযোগের ধরন, আর্থিক অঙ্ক এবং প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপকতা বিবেচনায় নিরপেক্ষ তদন্ত জরুরি। বিশেষ করে— প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে ১০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ। ৪১২ জন কর্মকর্তার চলতি দায়িত্ব ও পদায়নে ৪০ থেকে ৬০ কোটি টাকা আদায়ের অভিযোগ। মার্চ ২০২৬-এ ৯০ জন কার্যসহকারী ও ১৩৭ জন উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব পরিবর্তনে অর্থ লেনদেনের অভিযোগ। ১১টি প্রকল্পের পিডি নিয়োগে অর্থ সংগ্রহের অভিযোগ। বরিশালসহ বিভিন্ন কার্যালয়ে একই পদে একাধিক কর্মকর্তা পদায়ন। প্রকল্পের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগ। উন্নয়ন প্রকল্পে কাজ না করেই শতভাগ বিল উত্তোলনের অভিযোগ। এসব অভিযোগের প্রতিটি বিষয় আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। দুদকের উচিত অভিযোগে উল্লিখিত সম্পদ, ব্যাংক লেনদেন, প্রকল্পের বিল, পদায়নসংক্রান্ত আদেশ, নিয়োগের নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের ভূমিকা খতিয়ে দেখা। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রশাসনিক কর্তৃপক্ষেরও উচিত অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া। সরকারি প্রতিষ্ঠানে পদ, পদোন্নতি ও দায়িত্ব যদি যোগ্যতার পরিবর্তে অর্থের বিনিময়ে নির্ধারিত হয়, তাহলে তার সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। কারণ, সেই অনিয়মের প্রভাব শেষ পর্যন্ত উন্নয়ন প্রকল্পের গুণগত মান, সরকারি অর্থের অপচয় এবং নাগরিক সেবার ওপরই পড়ে। এলজিইডির প্রধান প্রকৌশলীকে ঘিরে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশ এখন সময়ের দাবি। সূত্র :  শীর্ষনিউজ

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৬ 0
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহ

২৩৫ কোটি টাকার প্রকল্পে কাজ ছাড়াই বিল উত্তোলনের অভিযোগ, দুদকের মামলার বাইরে এলজিইডির প্রকৌশলী ফুলকাম বাদশাহ!

ডেপুটি কমিশনার সাবরিনা আমিন

বিপুল সম্পদের অভিযোগ, দুদকের অনুসন্ধানে কাস্টমস কর্মকর্তা সাবরিনা

এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! দুর্নীতির অভিযোগে বরিশাল থেকে উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন

আট হাজার টাকার ট্রলিম্যান থেকে শতকোটি টাকার সম্পদ! শাহজাহানের উত্থানের নেপথ্য

ইত্তেহাদ নিউজ, ঢাকা : মাত্র আট হাজার টাকা মাসিক বেতনে বিমানবন্দরে ট্রলিম্যান হিসেবে কর্মজীবন শুরু। অথচ এক যুগের কিছু বেশি সময়ের ব্যবধানে রাজধানী ও গ্রামের বাড়িতে একাধিক বাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি এবং বিলাসবহুল গাড়ির মালিক হওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহজাহান ওরফে সিনথিয়া শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার সম্পদের পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়েছে। বিমানবন্দরকেন্দ্রিক ব্যবসা, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে কথিত যোগাযোগ, রাজনৈতিক প্রভাব এবং অর্থ পাচারের অভিযোগ ঘিরে এখন আলোচনায় এই সাবেক ট্রলিম্যান। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগটি কমিশন আমলে নিয়েছে।  শাহজাহানের সম্পদের প্রকৃত উৎস, ব্যবসায়িক কার্যক্রম এবং বিমানবন্দরকেন্দ্রিক কর্মকাণ্ডে তার ভূমিকা নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। আট হাজার টাকার চাকরি, বদলে গেল জীবনযাত্রা জামালপুরের সরিষাবাড়ী থেকে একসময় বাসে চড়ে ঢাকায় এসেছিলেন শাহজাহান। পরিচিত এক কাস্টমস কর্মকর্তার মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলিম্যানের চাকরি পান তিনি। ২০১০ সালে মাত্র আট হাজার টাকা মাসিক বেতনে শুরু হয় তার কর্মজীবন। বিমানবন্দর এলাকার বাসিন্দা মনির হোসেনের ভাষ্য অনুযায়ী, ঢাকায় এসে প্রথম দিকে ইউসুফ আলীর একটি মেসে থাকতেন শাহজাহান। সেখানে থাকা-খাওয়ার খরচ জোগাতেও তাকে হিমশিম খেতে হতো। অথচ স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে সেই মেসটিই কিনে নেন তিনি। ইসমাইল নামের এক ব্যক্তির মধ্যস্থতায় মেসটির কেনাবেচা সম্পন্ন হয় বলে জানা গেছে। সহকর্মী ও স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, চাকরির শুরুর দিকের আর্থিক অবস্থার সঙ্গে বর্তমান জীবনযাত্রার ব্যবধান বিস্ময়কর। অল্প সময়ের ব্যবধানে সম্পদ, ব্যবসা ও বিলাসবহুল জীবনযাপনে ব্যাপক পরিবর্তন আসে তার। এখানেই প্রশ্ন উঠছে—সীমিত বেতনের একটি চাকরি থেকে এত বিপুল সম্পদের মালিক হওয়ার পেছনে অর্থের উৎস কী?   রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট, প্লট—সম্পদের বিস্তৃত সাম্রাজ্য অনুসন্ধানে পাওয়া তথ্য ও বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাজধানীর একাধিক এলাকায় শাহজাহানের নামে বা তার সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত বিভিন্ন স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে দক্ষিণখানে ‘সিনথিয়া অ্যান্ড সিলভিয়া কটেজ’ নামে একটি দশতলা ভবন। আশকোনায় প্রায় ছয় কোটি টাকা মূল্যের একটি বড় ফ্ল্যাট থাকার তথ্যও পাওয়া গেছে। উত্তরার ১ নম্বর সেক্টরে রয়েছে একটি বাড়ি। আশকোনার আশিয়ান সিটিতে একাধিক প্লট থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া আশকোনায় ১৮ কাঠা জমির ওপর আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান বলে জানা গেছে। উত্তরার ১৮ নম্বর সেক্টরেও একটি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, দলিলমূল্য, বাজারমূল্য এবং ক্রয়ের অর্থ কোথা থেকে এসেছে—তা এখন গুরুত্বপূর্ণ অনুসন্ধানের বিষয়। বিশেষ করে তার ঘোষিত আয়, চাকরির বেতন ও ব্যবসায়িক আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।   সরিষাবাড়ীর পৈতৃক বাড়িতেও বিলাসবহুল ডুপ্লেক্স শুধু রাজধানী নয়, নিজ গ্রাম জামালপুরের সরিষাবাড়ীতেও শাহজাহানের সম্পদের বিস্তারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ২০১০ সালে তার পৈতৃক বাড়িতে ভিটেমাটি ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদ ছিল না। অথচ বর্তমানে সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। প্রায় এক বিঘা জমির ওপর রয়েছে একটি পুকুর, যেখানে শখ করে মাছ চাষ করেন তিনি। শ্বশুরবাড়িতেও বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে।    ‘সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ ঘিরে নতুন প্রশ্ন বিমানবন্দর কাস্টমস এলাকার সামনে ‘সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, শাহজাহানের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতা রয়েছে। শাহজাহান বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করলেও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়নি। তার একজন ম্যানেজারের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা কাঠামো কী? এর ব্যবসায়িক লেনদেন, আয়কর বিবরণী, ব্যাংক হিসাব এবং আমদানি-রপ্তানি বা অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে শাহজাহানের সম্পদের সম্পর্ক কতটুকু? এসব তথ্য যাচাই করা গেলে তার সম্পদ অর্জনের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে।   রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ বিভিন্ন সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন শাহজাহান। ওই সময় নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবেও পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। ২০২০ সালে ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পেছনেও রাজনৈতিক প্রভাব কাজ করেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের রাজনৈতিক পরিচয় বদলে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয় পরিবর্তনের এই অভিযোগের পাশাপাশি প্রশ্ন উঠেছে, রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে তিনি বিমানবন্দরকেন্দ্রিক বিশেষ সুবিধা পেয়েছিলেন ।  বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে কথিত সম্পৃক্ততা। অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দর কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করতেন তিনি। এ ছাড়া অর্থ পাচারসহ বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবু বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে দীর্ঘদিন কাজ করার সুবাদে তার কোনো বিশেষ নেটওয়ার্ক বা প্রভাব তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। এ ক্ষেত্রে কাস্টমসের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার যোগাযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, স্বর্ণ জব্দের ঘটনাগুলোর তদন্ত নথি এবং সম্ভাব্য সহযোগীদের ভূমিকা যাচাই করা প্রয়োজন। পাঁচ মামলার আসামি হওয়ার দাবি, আত্মগোপনে থাকার অভিযোগ সহকর্মী ও বিভিন্ন সূত্রের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা পাঁচটি মামলার আসামিদের তালিকায় শাহজাহানের নাম রয়েছে। সর্বশেষ আশুলিয়া থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানা গেছে। তবে এসব মামলার এজাহার, মামলার নম্বর, অভিযোগের সুনির্দিষ্ট ধারা এবং সংশ্লিষ্ট আদালতের নথি যাচাই করা প্রয়োজন। কোনো মামলায় নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। কিন্তু বিমানবন্দর কাস্টমস এলাকার সামনে তার নামসংশ্লিষ্ট ‘সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল থাকার অভিযোগ নতুন করে প্রশ্ন তৈরি করেছে। দুদকের অনুসন্ধানেই মিলতে পারে সম্পদের উৎসের উত্তর আট হাজার টাকা মাসিক বেতনের চাকরি থেকে শতকোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ শুধু একজন ব্যক্তির সম্পদ বৃদ্ধির প্রশ্ন নয়; এটি বিমানবন্দরকেন্দ্রিক প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং আর্থিক জবাবদিহির বিষয়ও সামনে নিয়ে এসেছে। শাহজাহানের নামে বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, প্লট ও জমির দলিল যাচাই; ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন পর্যালোচনা; আয়কর নথি পরীক্ষা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা অনুসন্ধান করা জরুরি। একই সঙ্গে বিমানবন্দর কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার কথিত যোগাযোগ এবং স্বর্ণ চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার তদন্ত প্রয়োজন। কারণ, সম্পদের পরিমাণ যত বড়ই হোক, অভিযোগের সত্যতা নির্ধারণের একমাত্র পথ হলো নথিভিত্তিক অনুসন্ধান ও নিরপেক্ষ তদন্ত। শাহজাহানের সম্পদের প্রকৃত উৎস কী, বিমানবন্দরকেন্দ্রিক কর্মকাণ্ডে কারা তাকে সহযোগিতা করেছেন এবং কোনো প্রভাবশালী কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0

৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন: চট্টগ্রাম গণপূর্তের মেহেদী হাসানকে ঘিরে বিতর্ক

এলজিইডির রিভার প্রকল্পে দুর্নীতির অভিযোগ: আতিকুলের অর্থ পাচার নিয়ে দুদক-বিএফআইইউ-সিআইডিতে আবেদন

মাদারীপুরের খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0