যুক্তরাষ্ট্র–ইসরাইল যৌথ হামলা ও পাল্টা প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ।কী আছে তাদের ভাগ্যে । ব্রেকিং নিউজ জানতে চোখ রাখুন ইত্তেহাদ নিউজে............................ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক তৎপরতার কারণে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করা হয়, তাহলে “পুরো অঞ্চল আধা ঘণ্টার মধ্যে অন্ধকারে ডুবে যেতে পারে।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। লারিজানি বলেন, “যদি তারা এমন কিছু করে, তাহলে আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে এবং সেই অন্ধকারে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করা সহজ হয়ে যাবে।” এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র–ইসরাইল যৌথ হামলা ও পাল্টা প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের হুমকি: এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুতই ইরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করতে পারে। মারিল্যান্ডে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের পুরো বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি। এবং সেটি পুনর্গঠনে তাদের ২৫ বছর সময় লাগবে।” ট্রাম্প আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে “প্রায় সম্পূর্ণভাবে নিরপেক্ষ” করে ফেলেছে। তার ভাষায়, “তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, কোনো কার্যকর বিমান প্রতিরক্ষা নেই। আমরা সেই আকাশে মুক্তভাবে চলাচল করছি।” যুদ্ধের সূচনা: ২৮ ফেব্রুয়ারির হামলা বর্তমান সংঘাতের সূত্রপাত ঘটে ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, গত ১২ দিনে ইরানে প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। সেন্টকমের তথ্যমতে— ৯০টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এর মধ্যে ৬০টির বেশি যুদ্ধজাহাজ রয়েছে ৩০টির বেশি মাইন বসানোর জাহাজ ধ্বংস করা হয়েছে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের নতুন সর্বোচ্চ নেতার বার্তা এই সংকটের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম সরকারি বিবৃতি দেন। তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। মোজতবা খামেনি বলেন, “ইরানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বুঝতে হবে, আমাদের প্রতিরোধ চলবে।” হরমুজ প্রণালী: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের কেন্দ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে— “ইরানের শত্রুদের ওপর চাপ বজায় রাখতে আমরা এই পথ দিয়ে এক লিটার তেলও যেতে দেব না।” যদি এই ঘোষণা বাস্তবায়িত হয়, তাহলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তেলের বাজারে অস্থিরতা ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে— হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হবে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাবে এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে। ট্রাম্পের মন্তব্য: তেলের দাম বাড়লে লাভ যুক্তরাষ্ট্রের তেলের দাম বৃদ্ধিকে যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক। তাই তেলের দাম বাড়লে আমরা অনেক টাকা উপার্জন করি।” তবে তিনি আরও বলেন, মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তার ভাষায়, “আমাদের বড় লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া।” মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধ বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে— ইসরাইল লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহী ইরাকের শিয়া মিলিশিয়া এই গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশ্ব শক্তিগুলোর উদ্বেগ এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া। তাদের মতে, যুদ্ধ বিস্তৃত হলে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। কূটনৈতিক মহলের মতে, দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধান না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সামনে কী হতে পারে? বিশ্লেষকদের মতে সামনে তিনটি সম্ভাব্য পরিস্থিতি দেখা যেতে পারে— ১. সীমিত যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক হামলা চলতে পারে। ২. আঞ্চলিক যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এতে জড়িয়ে পড়তে পারে। ৩. কূটনৈতিক সমাধান আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও আলোচনার পথ তৈরি হতে পারে। ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল হিসাবও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের হুমকি, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং তেলের বাজারে অস্থিরতা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্ব এখন নজর রাখছে—এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা সম্ভব হবে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ মোকাবিলায় ইরান অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সুচিন্তিত কৌশল গ্রহণ করেছে। তাদের মূল লক্ষ্য হলো এই যুদ্ধ কেবল নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ অসহনীয় হয়ে ওঠে। ইরানের এই ‘অসম সহনশীলতা’ কৌশলের মূল দিকগুলো তুলে ধরা হলো: যুদ্ধের পরিধি বিস্তৃত করা ইরান জানে যে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমকক্ষ নয়। তাই তাদের কৌশল হলো, পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলা, প্রতিবেশী দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো। হরমুজ প্রণালি বন্ধ করা: বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামানো। বিমান চলাচল রুদ্ধ করা: বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত করে আন্তর্জাতিক যোগাযোগে অচলাবস্থা তৈরি করা। অর্থনৈতিক চাপ ও মুদ্রাস্ফীতি ‘শেষ খেলা’ ইরানের লক্ষ্য হলো জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করা। এতে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়বে, যা ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর প্রচণ্ড অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি করবে। ইরানের ধারণা, আমেরিকান ক্যাজুয়ালটি (সেনা মৃত্যু) এবং জীবনযাত্রার ব্যয় বাড়লে ট্রাম্পের ‘এমএজিএ’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থকরাই এই যুদ্ধের বিরোধিতা শুরু করবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করা ইরান চায় তাদের সস্তা ড্রোন এবং মিসাইল ব্যবহার করে ইসরায়েল ও আমেরিকার অত্যন্ত ব্যয়বহুল ‘মিসাইল ইন্টারসেপ্টর’ (যেমন- থাড আয়রন ডোম বা প্যাট্রিয়ট) ভান্ডার খালি করে দিতে। এটি এক ধরনের ‘স্ট্যামিনা টেস্ট’ বা ধৈর্যের পরীক্ষা। বিশ্লেষকদের অভিমত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালি নাসরের মতে, ইরান গুণগতভাবে শ্রেষ্ঠ সামরিক বাহিনীর মুখোমুখি হয়েছে। তাই তাদের কৌশল হলো যুদ্ধ জটিল করে তোলা এবং বিশ্ব অর্থনীতির জন্য বিপদ বাড়িয়ে শত্রুর ইচ্ছাশক্তি পরীক্ষা করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ভায়েজ বলেন, ‘ইসলামিক রিপাবলিকের জন্য টিকে থাকাই হলো বিজয়, সেটির জন্য যত চড়া মূল্যই দিতে হোক না কেন।’
ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সোমবার (২ মার্চ) এ তথ্য প্রকাশ করে ইরানের ত্রাণ ও উদ্ধার সংস্থা রেড ক্রিসেন্ট। এর আগে রোববার (১ মার্চ) সংস্থাটি জানায়, মাত্র ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ জন নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর দাবি শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর তেহরানের বাসভবন লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির কমপাউন্ডে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘আমেরিকা ও জায়নবাদী শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা মহান আয়াতুল্লাহ ইমাম সাইয়্যিদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন।’ রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। মিনাবে স্কুলে ভয়াবহ হামলা এদিকে, দক্ষিণ ইরানের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। তারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সংঘাত আরও চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগ বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলমান এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বৃহৎ আকারের যুদ্ধে রূপ নিতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের তাগিদ দিচ্ছেন কূটনীতিকরা। তবে ময়দানে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় সংকট নিরসনের পথ এখনও অনিশ্চিত।
ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি রাজি বলেও জানান। ট্রাম্প বলেন, তারা (ইরান) কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলবো। ইরানের নেতাদের এটি আগেই করা উচিত ছিল মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তাদের আরও আগে করা উচিত ছিল। তারা অনেক দেরি করেছেন। তবে ইরানের নেতাদের সঙ্গে কখন এই আলোচনা হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। দ্য আটলান্টিক ম্যাগাজিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এদিকে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) আইআরজিসি দাবি করেছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী। এতে রয়েছে সর্বশেষ এফ-৩৫ স্টিলথ যুদ্ধজাহাজ, যা শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম। অন্যদিকে, ইরানের আকাশসীমায় প্রায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বা ‘এয়ার সুপ্রিমেসি’ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী (আইডিএফ) এবং মার্কিন বিমান বাহিনী (ইউএসএএফ)। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের ওপর প্রায় ১২০০টি বোমা ফেলা হয়েছে। এমন বোমা বর্ষণের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, ইরাক, কাতারসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
আমীন আল রশীদ: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পরবর্তী মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মতো অবিশ্বাস্য ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? এর আগে আরও একাধিকবার ইরান-ইসরায়েল তথা ইরান অ্যামেরিকা সর্বাত্মক যুদ্ধ শুরুর নানা শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে গড়ায়নি বা রাশিয়া ও চীনের মতো পরাক্রমশালী দেশগুলো এই যুদ্ধে জড়ায়নি। কিন্তু খামেনিকে হত্যা পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে কি না; যে খামেনিকে ইরানের সাধারণ মানুষ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে; একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে—তাকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল ও অ্যামেরিকা সত্যিই ইরানের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিলো কি না—সেটি এখন বড় প্রশ্ন। আর সত্যিই যদি এই যুদ্ধে ইরানের পক্ষে রাশিয়া, চীন ও তুর্কিয়ে সমর্থন জানিয়ে তারাও যুদ্ধ ঘোষণা করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো হয়তো সত্যিই কঠিন হবে। গত বছরের ১০ মে দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণে নজর দেয়া যাক। Are we heading for another world war – or has it already started শিরোনামে গার্ডিয়ানের কূটনৈতিক সম্পাদক প্যাট্রিক উইন্টুরের ওই বিশ্লেষণে বলা হয়: বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী পালন করলো, তখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার আশঙ্কা যেন আরও ঘণীভূত হচ্ছে। যুক্তরাজ্য সরকারের কৌশলগত প্রতিরক্ষা উপদেষ্টা ফিওনা হিলের বরাতে বলা হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আমরা কেবল তা স্বীকার করছি না। বিজ্ঞাপন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড চ্যাথাম হাউসকে উদ্ধৃত করে ওই বিশ্লেষণে বলা হয়, বিশ্ব সব সময়ই পরিবর্তিত হচ্ছে—এ কথা আমরা শুনে থাকি। কিন্তু এবার সত্যিকারের ভূরাজনৈতিক রূপান্তর ঘটছে। ১৯৮৯-৯০ সালের মতোই তাৎপর্যপূর্ণ, যখন শীতল যুদ্ধ থেকে একমেরু বিশ্বে রূপান্তর হয়েছিল। ট্রাম্প প্রশাসন এই পরিবর্তনের লক্ষণ এবং কারণ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ভাষায়: সবাই স্বস্তির জায়গা থেকে ছিটকে পড়েছে। রাজনৈতিক অরণ্যে যে শব্দ শোনা যাচ্ছে, তা বিকল্প খোঁজার মরিয়া প্রচেষ্টা। মানুষ নিজেদের অবস্থান ও সম্পর্ক পুনর্বিবেচনা করছে। এটি এক বিশাল ধাক্কা।ইসরায়েলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ গাজাকে ছয় মাসের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করার কথা বলেছেন। পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের ঘোষণাও দিয়েছেন। শনিবার ভোরে পূর্বঘোষণা ছাড়াই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিশানা হয় একটি বিভিন্ন সরকারি কার্যালয়সহ একটি বালিকা বিদ্যালয়ও। এতে শতাধিক শিক্ষার্থী প্রাণ হারান।রবিবার তেহরান জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। প্রসঙ্গত, গত বছরের ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক বিমান হামলার ঘটনায়ও এই প্রশ্নটি সামনে এসেছিল যে, এই যুদ্ধ কি আদৌ বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে? ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং তার পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ—এই দুইয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যে চরম উত্তেজনা তৈরি হয়, তার পরিণতি আসলে কী হবে? তখন অবশ্য যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়নি এবং বিশশ্বযুদ্ধের মতো আরেকটি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি এই গ্রহবাসীকে। কিন্ত এবারের পরিস্থিতি ভিন্ন। এবার ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইরানিদের কলিজায় আঘাত করেছে। তারা এমন একজন মানুষকে হত্যা করেছে, যিনি ইরানের কেন্দ্রবিন্দু। খামেনি ইরানিদের কাছে একটি অনুভূতির নাম। সেই অনুভূতিতে চরম আঘাতের জবাব ইরান কীভাবে দেবে এবং সেই জবাবে তার মিত্ররা তার পাশে থাকবে কি না বা থাকলেও তার ধরন কী হবে—এরকম নানা যদি কিন্তুর ওপর নির্ভর করছে বিশ্ব আরেকটি বিভীষিকাময় বিশ্বযুদ্ধের দিকে যাবে কি না এবং শেষ পর্যন্ত কোনো একটি দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে কি না। খামেনি নিহত হওয়ায় ইরানে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তার শহীদ হওয়া এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং তার আন্তরিক সেবার প্রতি জনগণের স্বীকৃতির নিদর্শন।’ আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছাড়বে না।’ শেষ পর্যন্ত আলোচনা ও সমঝোতার পথ এড়িয়ে যদি উভয়পক্ষই যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে মধ্যপ্রাচ্যেও আরেকটি ইউক্রেইন তৈরি হবে এবং যুদ্ধটা হবে দীর্ঘস্থায়ী—যার ফল ভোগ করতে হবে তেলসমৃদ্ধ ধনী আরব রাষ্ট্রগুলোকেও—যেসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি তথা এশিয়ান মানুষ জীবিকা অর্জনের জন্য কাজ করেন। এই যুদ্ধ তখন বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের ওপর সরাসরি আঘাত হানবে—যা মোকাবিলা করার শক্তি ও সামর্থ্য হয়তো বাংলাদেশের নেই তবে ইরান প্রতিশোধ নিলে ‘আরও কঠোর’ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরান যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র এমন হামলা করবে, যা আগে কখনো দেখা যায়নি। রবিবার নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান এই মাত্র বলেছে, তারা আজ খুব জোরালোভাবে আঘাত হানবে, এমনভাবে যা আগে কখনো হয়নি। তাদের এটি করা উচিত না। কারণ যদি তারা করে, আমরা তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করবো যা আগে কখনো দেখা যায়নি।’ মনে রাখতে হবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড একে অপরের ওপর নির্ভরশীল। শুধু ইউক্রেন যুদ্ধের ফলেই বিশ্বব্যাপী গম তথা আটাজাতীয় খাদ্যের সংকট দেখা দিয়েছে। এসব পণ্যের দাম বেড়ে গেছে। এবার ইরানের আক্রমণের পরপরই তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। প্রসঙ্গত, হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটা চ্যানেল বা খাল। এর প্রবেশ এবং প্রস্থানপথ প্রায় ৫০ কিলোমিটার প্রশস্ত। মধ্যবর্তী স্থানে এর সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় ৪০ কিলোমিটার প্রশস্ত। তবে এই প্রণালির কেন্দ্রীয় অংশ বড় জাহাজের চলাচল করার জন্য যথেষ্ট গভীর। বিশ্ব তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হলো হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির বড় অংশ এই প্রণালী দিয়ে সম্পন্ন হয়। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এখান দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল পাঠায়। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) অনুমান, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতি বছর সমুদ্রপথে পরিবহন করা প্রায় ৬০ হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি। সুতরাং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের ওপর।এর ফলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল, তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ইরানের কাছে হরমুজ প্রণালি বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতোই। একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয়। খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরান হয়তো সেই প্রতিরোধ ক্ষমতারই প্রয়োগ করলো। সেইসাথে এবার আক্রান্ত হওয়ার পরপরই ইরান পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সকল মিত্ররাষ্ট্রে হামলা চালিয়েছে। এই হামলাগুলো ব্যাপক বিধ্বংসী না হলেও এগুলো মধ্যে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, আক্রান্ত হলে জবাব দেয়ার মুরদ ইরানের আছে। এইসব হামলার আরেকটি ইঙ্গিত হলো, পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে জড়িয়ে ফেলা। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে তেলসমৃদ্ধ আরব দেশগুলোর শাসকরা এরকম পরিস্থিতিতে একযোগে ইরানের ওপর হামলা চালাবে নাকি নিজেদের জনগণ ও সম্পদ রক্ষায় যুদ্ধ বন্ধের চেষ্টা করবে, সেটি বড় প্রশ্ন। তাছাড়া ইরানের ওপর ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মার্কিন মিত্র আরব দেশগুলো একযোগে হামলা চালালে তখন ইরানকে রক্ষার নৈতিক দায়িত্ব এসে বর্তাবে রাশিয়া, চীন ও তুর্কিয়ের ওপর। তখন বিশ্বযুদ্ধ ঠেকানো কঠিন হবে। তবে শেষ পর্যন্ত সেদিকে হয়তো যুদ্ধটা যাবে না। কেননা, এবার বিশ্বযুদ্ধ শুরু হলে পরমাণ অস্ত্রের ব্যবহার ঠেকানো মুশকিল হবে। এর ভয়াবহতা বিশ্ববাসী জানে। অতএব এরকমএকটি আত্মঘাতি যুদ্ধে পরাক্রমশালী দেশগুলো জড়াবে কি না, সেটি বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন যুদ্ধ বন্ধে জাতিসংঘ কী করছে? তেহরানে অ্যাস্ট্রেলিয়ার সাবেক কূটনৈতিক প্যাট্রিক গিবন্স মনে করেন, আগামী এক সপ্তাহের ঘটনাপ্রবাহ অনেক কিছু স্পষ্ট করে দেবে। খামেনির চারপাশে থাকা কট্টরপন্থীরা প্রতিশোধের রাজনীতি চালিয়ে যেতে পারেন এবং ইসরায়েল, সৌদি আরব, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করতে পারেন। আবার তারা বাস্তবতা মেনে ভবিষ্যৎ নিয়ে ভাবতেও পারেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে চান। এর সঙ্গে ইরানে গণতন্ত্র তথা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ার দাবিও রয়েছে। ইরান সরকার নিজেই সম্প্রতি বড় ধরনের বিক্ষোভ মোকাবিলা করেছে। সরকারের পতন হয়ে যাওয়া সময়ের ব্যাপার অনেকে এমনটাও বলছিলেন। সব মিলিয়ে একদিকে ইরানের অভ্যন্তরীণ সমস্যা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং স্বয়ং খামেনির মৃত্যুর মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হলো, সেটি ইরানকে সমঝোতার দিকে নিয়ে যাবে নাকি আরও বেশি প্রতিশোধপরাণ করবে, সেটি নির্ভর করবে ইরান তার মিত্রদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে—তারওপর। তবে শেষ পর্যন্ত আলোচনা ও সমঝোতার পথ এড়িয়ে যদি উভয়পক্ষই যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে মধ্যপ্রাচ্যেও আরেকটি ইউক্রেইন তৈরি হবে এবং যুদ্ধটা হবে দীর্ঘস্থায়ী—যার ফল ভোগ করতে হবে তেলসমৃদ্ধ ধনী আরব রাষ্ট্রগুলোকেও—যেসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি তথা এশিয়ান মানুষ জীবিকা অর্জনের জন্য কাজ করেন। এই যুদ্ধ তখন বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের ওপর সরাসরি আঘাত হানবে—যা মোকাবিলা করার শক্তি ও সামর্থ্য হয়তো বাংলাদেশের নেই। আমীন আল রশীদ: সাংবাদিক ও লেখক।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক চাপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘১০ থেকে ১৫ দিনের’ আলটিমেটামকে ঘিরে কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার করেছে ইরান। বিশ্লেষকদের মতে, এটি কেবল নিয়মতান্ত্রিক কূটনৈতিক প্রচেষ্টা নয়; বরং সম্ভাব্য যুদ্ধ এড়াতে তেহরানের শেষ মুহূর্তের কৌশলগত প্রয়াস। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছে, ওয়াশিংটনের কড়া অবস্থানের প্রেক্ষিতে তেহরান এখন একযোগে জাতিসংঘ, ইউরোপীয় কূটনৈতিক মহল এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। ট্রাম্পের হুঁশিয়ারি ও সময়সীমা চলতি সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেন, একটি ‘অর্থবহ চুক্তিতে’ পৌঁছাতে ইরানের হাতে সর্বোচ্চ ‘১০ থেকে ১৫ দিন’ সময় রয়েছে। অন্যথায় ‘ভয়াবহ কিছু ঘটতে পারে’ বলে তিনি হুঁশিয়ারি দেন। এই বক্তব্যের পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধ প্রস্তুতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। তেহরানের জন্য বিষয়টি নতুন নয়। ২০২৫ সালের জুনে ইসরায়েল-ইরান সংঘাতের আগে ট্রাম্প ৬০ দিনের সময়সীমা দিয়েছিলেন; ৬১তম দিনে শুরু হয়েছিল সামরিক সংঘাত। যদিও ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে এ তুলনা টানছেন না, দেশটির সংবাদমাধ্যমে সেই নজির নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘে ইরানের অভিযোগ জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে ‘সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকি’ নিয়ে সতর্ক করেছেন। ট্রাম্পের বক্তব্যকে জাতিসংঘ সনদের ‘নগ্ন লঙ্ঘন’ আখ্যা দিয়ে তিনি বলেন, হামলা হলে ইরান ‘যথাযথ ও চূড়ান্ত’ জবাব দেবে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও স্থাপনাই তখন বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। জেনেভা আলোচনা ও কূটনৈতিক তৎপরতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন। একই সঙ্গে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকের সঙ্গে পারমাণবিক আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। নিরাপত্তা পরিষদে রাশিয়ার অবস্থান তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সৌদি আরব ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। বিশেষ করে সৌদি আরব নতুন করে আঞ্চলিক যুদ্ধ ও জ্বালানি বাজারে অস্থিরতা চায় না। হরমুজ প্রণালিতে সামরিক বার্তা একদিকে যখন কূটনৈতিক টেবিলে ‘উইন-উইন’ চুক্তির খসড়া তৈরির চেষ্টা চলছে, অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নৌ-মহড়া জোরদার করেছে। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট। যুদ্ধ শুরু হলে এই পথ ব্যাহত করার সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ওয়াশিংটনের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান। ‘ঝুলন্ত তলোয়ারের’ নিচে তেহরান ইরানি কৌশলবিদদের মতে, এখন লক্ষ্য কেবল সংঘাত এড়ানো নয়; বরং সংঘাত শুরু হলেও তার ব্যাপ্তি সীমিত রাখা এবং শাসনব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা। তেহরানের বর্তমান পরিস্থিতিকে অনেকেই ‘ঝুলন্ত তলোয়ারের নিচে বসবাস’-এর সঙ্গে তুলনা করছেন। ইরান একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রেখে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, অন্যদিকে কোনো আলটিমেটামের মুখে সার্বভৌমত্ব বিসর্জন দিতেও রাজি নয়। সম্ভাব্য পরিণতি বিশ্লেষকদের মতে, সামনের কয়েক দিন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক নমনীয়তা ও সামরিক প্রস্তুতির সমন্বিত কৌশল নিয়ে এগোচ্ছে তেহরান। এখন দেখার বিষয়—ওয়াশিংটন ও তেহরান কি আলোচনার টেবিলে সমাধানে পৌঁছাতে পারবে, নাকি অঞ্চলটি আবারও নতুন সংঘাতের দিকে ধাবিত হবে। মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত অনিশ্চয়তার ঘন মেঘ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছেন, তখন বিশ্ব অর্থনীতি ও খোদ মার্কিন জনগণের পকেটে তার নেতিবাচক প্রভাব নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেলের খনি ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটের নিয়ন্ত্রণ থাকা ইরানের ওপর আক্রমণ করলে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ট্রাম্পের ‘১০ দিনের সময়সীমা’র হুঁশিয়ারিতে ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম চড়চড় করে বাড়ছে। বুধবার বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়ে গেছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে তেলের দাম গত এক মাসে ব্যারেল প্রতি ১০ ডলার বেড়েছে। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আবাসন খাতের মন্দার কারণে রিপাবলিকানরা এমনিতেই চাপের মুখে রয়েছে। এর মধ্যে তেলের দাম বাড়লে তা সাধারণ ভোটারদের ক্ষুব্ধ করে তুলতে পারে। ট্রাম্প গত কয়েক মাস ধরে তেলের দাম কমার যে কৃতিত্ব দাবি করে আসছিলেন, ইরান সংঘাত তা নস্যাৎ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ইরানের হাতে সবচেয়ে বড় অস্ত্র হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। মাত্র ২১ মাইল প্রশস্ত এই সরু জলপথ দিয়ে প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল সরবরাহ হয়, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ। পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের বাকি অংশে তেল পাঠানোর একমাত্র পথ এটি। সম্প্রতি ইরান সামরিক মহড়ার জন্য এই পথ আংশিক বন্ধ করায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫ ডলার বেড়ে গিয়েছিল। টর্টয়েজ ক্যাপিটালের পোর্টফোলিও ম্যানেজার রব থামেল সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হলে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এমনটি হওয়ার সম্ভাবনা কম। কারণ, তেল রফতানি থেকে আয়ের ওপর ইরান সরকার নিজেই নির্ভরশীল। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ২ দশমিক ৯২ ডলার। তেলের দাম ব্যারেলে ৮০ ডলার হলে পেট্রোলের দাম ৩ ডলার ছাড়িয়ে যাবে। যদিও ট্রাম্প তেলের দাম কমার কারণে সাধারণ মানুষের বছরে ১০০ থেকে ২০০ ডলার সাশ্রয় হয়েছে বলে দাবি করেন, কিন্তু তার আরোপিত শুল্কের কারণে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে ১ হাজার ডলার বাড়তি কর গুনতে হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ টুটল বলেন, কম দামে পেট্রোল পাওয়াটা আরামদায়ক ছিল, কিন্তু দাম এখন ধীরে ধীরে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগে তেলের দাম বাড়লে মার্কিনীদের অর্থনৈতিক অসন্তোষ আরও চরম আকার ধারণ করবে। ওপেক-এর তথ্যমতে, ইরান প্রতিদিন গড়ে ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বিশ্ব উৎপাদনের ৪ শতাংশ। বিপুল নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বড় ছাড় দিয়ে তেল রফতানি অব্যাহত রেখেছে। এখন ট্রাম্পের একটি সামরিক পদক্ষেপ যদি এই সরবরাহকে বাধাগ্রস্ত করে, তবে তার ফলাফল ইরানের চেয়েও ট্রাম্পের নিজের দেশের ভোটারদের কাছে বেশি তিক্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে... কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। তার এমন হুমকির মাঝে ইরানের প্রেসিডেন্ট পালটা ওই হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হবে। চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় দুই পক্ষের মধ্যে আলোচনার পর ওই সতর্কবার্তা এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি ১০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করেন। শুক্রবার এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এতটুকুই বলতে পারি—বিষয়টি বিবেচনা করছি।’ সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালি অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ট্রাম্পের নির্দেশে জাহাজটিকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এর আগে, গত জানুয়ারিতে ওয়াশিংটন ইউএসএস আব্রাহাম লিংকন ও এর বহরে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করে। জেনেভায় আলোচনার পর তেহরান বলেছে, সম্ভাব্য একটি চুক্তির খসড়া জমা দিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন গণমাধ্যমকে বলেন, এটিই হবে পরবর্তী ধাপ। তিনি বলেন, আমি মনে করি, আগামী দুই-তিন দিনের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং আমার ঊর্ধ্বতনদের চূড়ান্ত অনুমোদনের পর তা স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে। আরাঘচি বলেন, মার্কিন আলোচকরা তেহরানকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে বলেননি। তবে আরাঘচির এই মন্তব্য কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, আমরা কোনো স্থগিতাদেশের প্রস্তাব দিইনি এবং যুক্তরাষ্ট্রও শূন্য সমৃদ্ধকরণের কথা বলেনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাউয়ে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এখন যে বিষয়ে কথা বলছি, তা হলো—ইরানের পরমাণু কর্মসূচি, যার মধ্যে সমৃদ্ধকরণও রয়েছে, কীভাবে নিশ্চিত করা যায় যে এটি শান্তিপূর্ণ থাকবে এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। সূত্র: রয়টার্স
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর (আইএসএফ) জন্য সেনা পাঠানের প্রতিশ্রুতি দিয়েছে ৫টি দেশ। বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ ‘বোর্ড অব পিস’র বৈঠকে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন, তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। জেনারেল জেফারস বলেন, প্রথম পাঁচটি দেশ হিসেবে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া এই আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠাতে সম্মত হয়েছে। তাছাড়া, মিশর ও জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জেফারস জানান, আন্তর্জাতিক এই বাহিনী মোতায়েন শুরু হবে দক্ষিণ গাজার রাফাহ অঞ্চল থেকে। সেখানে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে পুরো গাজার বিভিন্ন সেক্টরে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। জেনারেল জেফারস আরও জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই বাহিনীতে মোট ২০ হাজার আন্তর্জাতিক সেনা অন্তর্ভুক্ত করা হবে। একইসঙ্গে গাজার আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ হাজার স্থানীয় পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পর্ষদের আওতায় গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই নিরাপত্তা বাহিনীকে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ঢালাওভাবে শুল্ক আরোপ বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।উচ্চ আদালত রায় দিয়েছে যে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন "প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না"।রায়ে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থার জন্য সংরক্ষিত আইনকে ব্যবহার করে শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প তার কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন। সংবিধান অনুযায়ী, এ ধরনের ক্ষমতা কংগ্রেসের হাতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেন, প্রেসিডেন্টকে শুল্ক আরোপের মতো অসাধারণ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। তিনি তা করতে পারেন না। এপ্রিল মাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের উপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। মি. ট্রাম্প সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একে 'অপমানজনক' বলে অভিহিত করেছেন। সরাসরি হোয়াইট হাউজ থেকে প্রতিক্রিয়া না এলেও, গভর্নরদের সাথে এক বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন । ট্রাম্পের শুল্ক নীতির প্রতি রিপাবলিকানদের সমর্থন বা চিন্তাভাবনা একরকম ছিল না। অনেকেই নিজ নিজ এলাকার ভোটারদের চাপের মুখে পড়েছেন, যারা শুল্কের প্রভাবের মুখে পড়েছেন। কিছু ক্ষেত্রে প্রতীকীভাবে কিছু রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে শুল্ক প্রত্যাহারের চেষ্টা করেছেন। যেমন কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর মিচ ম্যাকওনেল গত বছর প্রকাশ্যে শুল্কের বিরোধিতা করে বলেছিলেন, "বাণিজ্য প্রতিবন্ধকতার প্রকৃত খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে, ফলে তারা সবক্ষেত্রেই বেশি দাম দিচ্ছেন।" এই রায় ট্রাম্পের জন্য বড় ধাক্কা হলেও প্রশাসন অন্য আইনও ব্যবহার করতে পারে এবং হোয়াইট হাউস থেকে বড় নীতিগত পরিবর্তন আসার সম্ভাবনা কম। এমন বিশ্লেষণ করছেন বিবিসির আন্তর্জাতিক ব্যবসা বিষয়ক সংবাদদাতা থিও লেগেট। কিন্তু অন্য পদ্ধতিতে শুল্ক আরোপ করতে গেলে কংগ্রেসের অনুমোদন বা বাণিজ্য দপ্তরের তদন্ত প্রয়োজন হতে পারে, যা বেশি সময় নিতে পারে।ফলে এই রায় একদিকে নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট এই নির্দিষ্ট পদ্ধতিতে শুল্ক আরোপ করতে পারবেন না। অন্যদিকে নতুন অনিশ্চয়তাও সৃষ্টি করেছে। কারণ মার্কিন আমদানিকারকরা ইতিমধ্যে যে শুল্ক পরিশোধ করে ফেলেছেন, তা ফেরতের ক্ষেত্রে কী হবে- তা এখনও স্পষ্ট নয়। সে শুল্ক ফেরত দিতে হলে মার্কিন সরকারের জন্য বিশাল অর্থ খরচ হতে পারে।সুপ্রিম কোর্ট ট্রাম্পের কিছু বৈশ্বিক শুল্ক আরোপের ক্ষমতা বাতিল করার আগেই, কিছু বড় মার্কিন কোম্পানি ইতিমধ্যে পরিশোধ করা অর্থ ফেরত পেতে মামলা করেছিল।সুপ্রিম কোর্টের রায় কীভাবে কার্যকর হবে, সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আইন প্রতিষ্ঠান পিলসবারি-এর আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রধান স্টিভ বেকার বিবিসিকে বলেন, আদালতের রায় কীভাবে কার্যকর হবে- তা নির্ধারণের দায়িত্ব থাকবে কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর।আবার ট্রাম্প প্রশাসনের কাছে অন্য আইনের মাধ্যমে শুল্ক আরোপের বিকল্প পরিকল্পনা থাকার সম্ভাবনা রয়েছে উল্লেখ করছেন মি. বেকার। তিনি উদাহরণ দেন, এখন তিনি এমন একটি আইন ব্যবহার করতে পারেন, যা প্রেসিডেন্টকে ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপের অনুমতি দেয়। সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট দেশ বা খাতকেও লক্ষ্যবস্তু করতে পারেন।আদালত আবার কিছু শুল্ক বহালও রেখেছে, যেগুলো নির্দিষ্ট দেশ থেকে নির্দিষ্ট পণ্যের ওপর আরোপ করা হয়েছিল। এতে প্রশাসনের সামনে শুল্ক নীতি পুনর্গঠনের একটি সম্ভাব্য পথ রয়ে গেছে। যাই হোক, ট্রাম্প এই ইস্যু সহজে ছেড়ে দেবেন—এমন সম্ভাবনা কম। হোয়াইট হাউসে প্রার্থী হওয়ার অনেক আগ থেকেই তিনি শুল্ক নিয়ে সোচ্চার।সুপ্রিম কোর্ট তার এককভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করলেও, তিনি এই অবস্থান সহজে ত্যাগ করবেন না বলে ধারণা দিচ্ছেন বিবিসির ওয়াশিংটন সংবাদদাতা ড্যানিয়েল বুশ।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ২০২৫ সালের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’ ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, গত বছর এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামাতে তিনি উভয় দেশকে ২০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, টাকার চেয়ে বড় কিছু নেই; যখন তারা দেখল অনেক টাকা লোকসান হবে, তখনই তারা যুদ্ধ থামাতে রাজি হলো। এই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন। ট্রাম্প তাকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং দাবি করেন যে শাহবাজ শরিফ নিজেই তাকে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতা অন্তত ২৫ মিলিয়ন (আড়াই কোটি) মানুষের জীবন বাঁচিয়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় দুই দেশের অন্তত ১১টি অত্যন্ত দামী যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। উল্লেখ্য, এই সংখ্যাটি ট্রাম্প বারবার পরিবর্তন করেছেন—প্রথমে ৫টি, তারপর ৮টি, ১০টি এবং এখন তিনি ১১টি বিমান বিধ্বস্ত হওয়ার দাবি করছেন। তবে ভারত শুরু থেকেই ট্রাম্পের এই মধ্যস্থতার দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর পর যে অস্ত্রবিরতি হয়েছিল, তা ছিল দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস-এর সরাসরি আলোচনার ফসল, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়। ভারতীয় বিমান বাহিনীও তাদের কতগুলো বিমান বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে ট্রাম্পের দেওয়া সংখ্যার সাথে একমত নয় এবং কোনো পাইলটের মৃত্যুর খবরও তারা নিশ্চিত করেনি। ২০২৫ সালের ৭ মে ভারতের পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তানে বিমান হামলা চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল। ট্রাম্পের দাবি, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং তার চাপের মুখেই দুই দেশ যুদ্ধ থেকে সরে আসে। তবে আন্তর্জাতিক বিশ্লেষক এবং ভারতীয় কূটনীতিকরা ট্রাম্পের এই অতিরঞ্জিত দাবিকে তার নিজস্ব প্রচারণার অংশ হিসেবেই দেখছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব জোরদারের বিষয়ে স্পষ্ট অঙ্গীকার তুলে ধরেন। চিঠিতে কিয়ার স্টারমার উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সহযোগিতা অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে আরও সম্প্রসারিত হবে। 🔹 বাণিজ্য ও বিনিয়োগে জোর বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে যুক্তরাজ্য ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার আশা প্রকাশ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং অগ্রগতির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। 🔹 রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সহায়তা চিঠিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের প্রতি বাংলাদেশের মানবিক আচরণের প্রশংসা করেন কিয়ার স্টারমার। তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে। 🔹 জলবায়ু, অভিবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা ব্রিটিশ প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। 🔹 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিনন্দন এর আগে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান জনগণের পক্ষ থেকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে তার ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা ওই চিঠিটি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেছে বলে জানা গেছে। 🔹 সম্পর্কের ‘নতুন অধ্যায়’ পরিশেষে, ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের ‘পরবর্তী অধ্যায়’ সফল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক অঙ্গনে এই অভিনন্দন বার্তাগুলো বাংলাদেশের নতুন সরকারের প্রতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন হিসেবেই বিবেচিত হচ্ছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত। অবশ্যই তাকে খামোশ হতে হবে।”— এমন মন্তব্যের খবর প্রকাশ করেছে সিএনএন। এর আগে গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ ওঠে। সে সময় পরিস্থিতির জেরে যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকি দেয়। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরীসহ একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করে মার্কিন বাহিনী। উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক। তারই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও বুধবার বৈঠকটি আদৌ হবে কি না— তা নিয়ে শঙ্কা তৈরি হয়। ঠিক তখনই ট্রাম্পের এই হুমকিমূলক বক্তব্য সামনে আসে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “ইরানকে অবশ্যই পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। এর কোনো বিকল্প নেই।” তিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় দেশগুলো কখনোই ইরানের হাতে পরমাণু শক্তি দেখতে চায় না এবং এ কারণেই তারা গভীরভাবে উদ্বিগ্ন। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠক শুরু হবে। এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্র শুধু ইরানের পারমাণবিক কার্যক্রম নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানসমর্থিত প্রক্সি বাহিনীগুলোকে সহায়তার বিষয়ও অন্তর্ভুক্ত করতে চায়। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা পারমাণবিক কর্মসূচির বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করবে না। ইরানের এই কঠোর অবস্থানের কারণেই একপর্যায়ে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে অনীহা প্রকাশ করে। একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ইরানকে জানায়— ওয়াশিংটনের শর্তে আলোচনা করতে হবে, নতুবা কোনো আলোচনা হবে না। এর জবাবে তেহরান স্পষ্ট করে জানিয়ে দেয়, সে ক্ষেত্রে তারা আলোচনায় অংশ নেবে না।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : মার্কিন বিচার বিভাগ কর্তৃক দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টাইন সংক্রান্ত কয়েক লাখ পৃষ্ঠার নতুন নথি ফাঁস হওয়ার পর বিশ্ব রাজনীতিতে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত এই বিপুল নথিতে ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের নাম আসায় রীতিমতো আন্তর্জাতিক শোরগোল পড়ে গেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রভাবশালী ব্যবসায়ী অনিল আম্বানির মধ্যকার যোগসূত্র এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপনে এপস্টাইনের মধ্যস্থতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রকাশিত নথিগুলো থেকে জানা যায়, ২০০৮ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টাইনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুই মাস পর অনিল আম্বানি এপস্টাইনকে আইমেসেজের মাধ্যমে জানান, ভারতের শীর্ষ নেতৃত্ব ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের মানুষ যেমন জ্যারেড কুশনার ও স্টিভ ব্যাননের সঙ্গে সংযোগ স্থাপন করতে আগ্রহী। সেই বছরই মে মাসে মোদির সম্ভাব্য মার্কিন সফর এবং পরবর্তীতে ইসরায়েল সফরের বিষয়েও আম্বানি ও এপস্টাইনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ফাঁস হওয়া ইমেইলে দেখা যায়, ২০১৭ সালের ৬ জুলাই নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের নেপথ্যে এপস্টাইনের পরামর্শ ও প্রভাব কাজ করেছিল। মোদির সেই সফরের পর এপস্টাইন অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ইমেইলে লিখেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী তার পরামর্শ গ্রহণ করেছেন এবং ট্রাম্পের সুবিধার জন্য ইসরায়েলে গিয়েছেন। তিনি উল্লাসের সঙ্গে দাবি করেন, এই কৌশল পুরোপুরি সফল হয়েছে। এই সফরের পরই ভারত ইসরায়েলের অস্ত্রের বৃহত্তম ক্রেতা হিসেবে আবির্ভূত হয় এবং ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের অবস্থানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। নথিতে আরও উঠে এসেছে, ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি বিশাল ব্যবধানে জয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এপস্টাইন এবং ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের মধ্যে কথোপকথন হয়। সেখানে এপস্টাইন জানান, অনিল আম্বানি তার সঙ্গে দেখা করতে আসছেন এবং মোদি সরকার ব্যাননের চীন-বিরোধী দর্শনের প্রতি আস্থাশীল। এমনকি মোদি ও ব্যাননের মধ্যে একটি বৈঠকের আয়োজনের প্রস্তাবও দিয়েছিলেন এপস্টাইন। যদিও সেই বৈঠক শেষ পর্যন্ত হয়েছিল কি না, তার কোনো দাপ্তরিক প্রমাণ পাওয়া যায়নি। এই নথিতে মোদির মন্ত্রিসভার বর্তমান সদস্য হরদীপ সিং পুরীর নামও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সাবেক এই কূটনীতিবিদের সঙ্গে ২০১৪ সাল থেকেই এপস্টাইনের ইমেইল চালাচালি ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। লিংকড-ইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে ভারতে বিনিয়োগে আকৃষ্ট করার বিষয়ে পুরী ও এপস্টাইন নিয়মিত যোগাযোগ রাখতেন। নথিপত্র অনুযায়ী, নিউইয়র্কে এপস্টাইনের বিলাসবহুল বাড়িতে কমপক্ষে তিনবার বৈঠক করেছিলেন হরদীপ সিং পুরী। অবশ্য এই খবর প্রকাশের পর পুরী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এপস্টাইনের সঙ্গে তার সমস্ত আলাপচারিতা ছিল একান্তই ব্যবসায়িক ও পেশাদার পর্যায়ের। একজন দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে বিশ্বনেতাদের এমন ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত আলোচনা নৈতিকভাবে বড় প্রশ্ন তুলেছে। বিশেষ করে মোদি সরকারের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ কিছু মোড় পরিবর্তনের পেছনে এপস্টাইনের মতো বিতর্কিত ব্যক্তির প্রভাবের ইঙ্গিত আসায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্কের ঝড় উঠেছে। এখন পর্যন্ত ভারতীয় সরকারের পক্ষ থেকে এই নথির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিরোধী শিবির ও আন্তর্জাতিক বিশ্লেষকরা এই তথ্যের গভীরতা নিয়ে নতুন করে বিচার-বিশ্লেষণ শুরু করেছেন। সূত্র: আল জাজিরা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
মামুনুর রশীদ নোমানী,বরিশাল: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক প্রতিষ্ঠান বরিশাল সিটি করপোরেশন এর নির্বাচন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সমানভাবে তাৎপর্যপূর্ণ হবে।ইতিমধ্যে নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিন এবং চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরেই বরিশাল নগরজুড়ে এখন এক ধরনের নীরব রাজনৈতিক উত্তাপ। চায়ের দোকান থেকে শুরু করে নদী তীরের আড্ডা—সবখানেই আলোচনা একটাই: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কে হচ্ছেন বিএনপির প্রার্থী? দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশন শুধু একটি প্রশাসনিক ইউনিট নয়; এটি বরিশালের রাজনৈতিক স্পন্দনের কেন্দ্র। আর তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সম্ভাব্য মনোনয়ন ঘিরে শুরু হয়েছে জল্পনা–কল্পনা, হিসাব–নিকাশ আর ভেতরের নীরব লবিং। দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র অবস্থান ও কৌশল রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা : বিএনপির ভেতরে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক জনপ্রতিনিধির নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহিদুল্লাহ,বরিশাল মহানগর বিএনপি'র সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা অ্যাডঃ মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ,বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন,বিএনপি নেতা এবায়েদুল হক চান ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম খান রাজন। এছাড়া বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সভাপতি ও বি এম কলেজ এর সাবেক জি এস এ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম আলোচনায় রয়েছেন। অভিজ্ঞতার পাল্লা ভারী: দলীয় সূত্র বলছে, এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা। নির্দিষ্ট কেউকে ঘিরেই আলোচনা সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা নীরবে মাঠ গুছিয়ে নিচ্ছেন। কেউ কেউ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততা এসব বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। চূড়ান্ত মনোনয়নের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। অন্যদিকে দলীয় একটি সূত্র জানায়, এবার বিএনপিকে এমন প্রার্থী দিতে হবে যিনি সর্বস্তরে গ্রহণযোগ্য। কারণ, মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সম্ভাব্য প্রার্থীদের বিষয়টিও রাজনৈতিক সমীকরণে বিবেচনায় রাখতে হবে। দলীয় কৌশল ও চ্যালেঞ্জ : বিএনপি সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নির্বাচন অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে প্রার্থী নির্ধারণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে— *ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভুমিকা, *জেল জুলম,মামলা হামলা নির্যাতন, *রাজনৈতিক অবস্থান। এসব বিষয় গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালে দলীয় ঐক্য ধরে রাখা এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অতীতের নির্বাচনে বিভক্তি বা বিদ্রোহী প্রার্থীর কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। ভোটারদের প্রত্যাশা : বরিশাল নগরবাসীর প্রধান দাবি— * জলাবদ্ধতা নিরসন, * সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, * পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, * কর্মসংস্থান ও ব্যবসাবান্ধব পরিবেশ, মেয়র প্রার্থীদের জন্য এসব ইস্যু হবে নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে।চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও দলীয় কৌশলই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থী ঘোষণার পর নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। বরিশালের রাজনীতির বাতাসে ইতিমধ্যেই নির্বাচনী সুর। বিএনপি শক্ত প্রার্থী দিলে নগর রাজনীতিতে জমে উঠতে পারে লড়াই।এখন সবার দৃষ্টি কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। কে হবেন বিএনপির ‘নগর সেনাপতি’তার উত্তর মিললেই বরিশাল সিটির নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে। উল্লেখ্য,বরিশাল সিটি করপোরেশ নির্বাচনে ২০১৩ সালে আওয়ামীলীগের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন তৎকালীন মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল।২০১৮ সালে আলহাজ্ব মজিবর রহমান সরোয়ার দল থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।ভোট ডাকাতির মাধ্যমে মেয়র নির্বাচিত হোন সাদিক আব্দুল্লাহ। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।