Brand logo light

বিচার ও জবাবদিহি

বরিশালের সেই বিতর্কিত ওসি শাখাওয়াতের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ক্ষোভ, শাস্তির দাবি

রাজনৈতিক হয়রানি ও নির্যাতন,পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ওসি শাখাওয়াতের বিরুদ্ধে আদালতে মামলা; আগের বিতর্কও ফিরছে আলোচনায়-   ইত্তেহাদ নিউজ,অনলাইন :  বরিশালে দায়িত্ব পালনকালে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, থানায় নির্যাতন, রিমান্ডে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আবারও আলোচনায় এসেছেন পুলিশের পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন ওরফে টিপু। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দমন-পীড়নে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। অথচ ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দৃশ্যমান নিষ্পত্তি হয়নি। একই কর্মকর্তার বিরুদ্ধে ছয় বছর আগের  নির্যাতনের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় তাঁর সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আরও ১১ সদস্যকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রে মূল হামলাকারীদের বাদ দেওয়ার অভিযোগেও একসময় বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।  অভিযোগ, আদালতের মামলা এবং রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর চাকরিতে বহাল থাকার বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।   বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা এবং মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) দায়িত্ব পালনকালে শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির একাধিক অভিযোগ ওঠে। অভিযোগকারীদের ভাষ্য, তৎকালীন বিরোধী দল বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার এবং মামলার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত থাকতেন না তিনি; আটক ব্যক্তিদের থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এমনকি রিমান্ডে নিয়েও নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নিজেকে আওয়ামী পরিবারের সদস্য হিসেবেও পরিচয় দিতেন বলে দাবি করেছেন অভিযোগকারীরা।   বরিশাল থেকে নলছিটি: রাজনৈতিক প্রভাবের অভিযোগ বরিশালে দায়িত্ব পালনের পর শাখাওয়াত হোসেন ঝালকাঠির নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগকারীদের দাবি, বরিশালের মতো নলছিটিতেও বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং হয়রানিতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। বরিশালের তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর পছন্দের কর্মকর্তা হিসেবে তিনি নলছিটি থানায় পদায়ন পেয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।    ২০১৬ সালে কোতোয়ালি থানা থেকে ডিবিতে বদলি শাখাওয়াত হোসেনকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৫-১৬ সালেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ উঠেছিল। ২০১৬ সালের ৩ মে, মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাঁকে কোতোয়ালি মডেল থানা থেকে সরিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে সংযুক্ত করা হয়। তৎকালীন বিএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বদলির বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে সে সময়ই শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ আলোচনায় ছিল। এমনকি সাংবাদিকরাও তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছিলেন বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে।   ছয় বছর পর আদালতে নির্যাতনের মামলা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি অভিযোগগুলোর একটি সামনে আসে ২০২৪ সালের ২৫ নভেম্বর। ওই দিন বরিশাল মেট্রোপলিটন সদর আমলি আদালতে তাঁরসহ মোট ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ঝালকাঠির নলছিটি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কামাল হোসেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্যরা তাঁকে একটি পুলিশ বাদী মামলায় গ্রেপ্তার করেন। পরে তাঁকে চার মাস ২২ দিন কারাগারে থাকতে হয়। মাওলানা কামাল হোসেনের অভিযোগ, কারাগারে পাঠানোর আগে থানায় বসেই তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। এ ঘটনার বিচার চেয়ে ছয় বছর পর তিনি আদালতের দ্বারস্থ হন। মামলাটির নম্বর সিআর ২২৬৬/২৪, স্মারক নম্বর ৭১২। আদালতের বিচারক নুরুল আমিন অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত ১২ পুলিশ সদস্য হলেন— ১. বরিশাল কোতোয়ালি মডেল থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার রাসেল। ২. সাবেক ওসি শাখাওয়াত হোসেন। ৩. সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন। ৪. সাব-ইন্সপেক্টর ফিরোজ। ৫. সাব-ইন্সপেক্টর শামীম। ৬. সাব-ইন্সপেক্টর দ্বীপায়ন। ৭. কনস্টেবল ইউনুস। ৮. এএসআই নজরুল ইসলাম। ৯. এএসআই মেহেদী হাসান। ১০. কনস্টেবল হুমায়ুন কবির। ১১. কনস্টেবল রাশেদুল ইসলাম। ১২. কনস্টেবল নয়ন চন্দ্র সরকার। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগের সময় অর্থাৎ ২০১৮ সালে এসব পুলিশ সদস্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও নগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।আদালতের তদন্ত নির্দেশ মামলাটিকে নতুন গুরুত্ব দিয়েছে।    বিএম কলেজের অধ্যক্ষকে মারধরের মামলাতেও বিতর্ক শুধু রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ নয়, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র নিয়েও একসময় বিতর্কে জড়ান শাখাওয়াত হোসেন। ওই ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রে মূল হামলাকারীদের বাদ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বরিশালে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।অভিযোগ ছিল, হামলার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। এতে শিক্ষক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ তৈরি হয়।এ বিষয়ে সে সময় কোতোয়ালি মডেল থানার তৎকালীন ওসি শাখাওয়াত হোসেনের বক্তব্য ছিল, ‘ছবি দেখে তো কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যায় না।’অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রশ্রয়ের কারণে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা যথাযথ শাস্তির মুখোমুখি হননি।   পিপিএম পদক নিয়েও প্রশ্ন শাখাওয়াত হোসেন পিপিএম পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা-কর্মীর অভিযোগ, তাঁদের গ্রেপ্তার ও দমনে সক্রিয় ভূমিকার সময়ই তিনি পদক লাভ করেন। এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—যেসব কার্যক্রমের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে, সেসব সময়ের দায়িত্ব পালনের সঙ্গে তাঁর পদকপ্রাপ্তির কোনো সম্পর্ক ছিল কি না?   এখন কোথায় কর্মরত শাখাওয়াত হোসেন? ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ শাখায় (ক্রাইম ব্রাঞ্চ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ সরবরাহ করা তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের প্রশ্ন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ ও আদালতে মামলা থাকা সত্ত্বেও চাকরিতে বহাল থাকার কারণ কী? এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কোনো বিভাগীয় তদন্ত করেছে কি না, সেটিও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন।   জবাবদিহি নিশ্চিত করার দাবি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের দাবি, অতীতে রাজনৈতিক পরিচয়ের কারণে যেসব মানুষ গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, শুধু রাজনৈতিক পটপরিবর্তন হলেই হবে না; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, নির্যাতন এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি, থানায় নির্যাতন, রিমান্ডে নিপীড়ন, বিএম কলেজের অধ্যক্ষকে মারধরের মামলার অভিযোগপত্র নিয়ে বিতর্ক এবং জামায়াত নেতা মাওলানা কামাল হোসেনের দায়ের করা আদালতের মামলা।  পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা নয়। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ যদি নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে থাকেন, তবে তাঁর পরিচয় বা পদমর্যাদা যা-ই হোক, আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। এখন প্রশ্ন একটাই—শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগ এবং আদালতে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত কবে শেষ হবে? রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্য উদ্ঘাটন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। শাখাওয়াত হোসেন ওরফে টিপু।তার পিতার নাম মোকসেদ আলী হাওলাদার। পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার ৮ নম্বর সেহাংগল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সমুদয়কাঠীতে তার বাড়ি। জেলা: পিরোজপুর।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0