Brand logo light

সরকারি জমি

২০০ কোটি টাকার সরকারি প্লট ৮৩ কোটিতে বরাদ্দের প্রস্তাব: ঢাকার ডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন

বায়তুল মোকাররমের পাশে ১২ কাঠার বাণিজ্যিক জমি; আপিল বিভাগের রায়ে সরকারি সম্পত্তি ঘোষণার পরও পুরোনো দখলদারের নামে বরাদ্দের উদ্যোগ- ইত্তেহাদ নিউজ, অনলাইন: রাজধানীর পুরানা পল্টনের প্রাণকেন্দ্রে ১২ কাঠার একটি মূল্যবান সরকারি বাণিজ্যিক প্লট। বর্তমান বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি বলে দাবি করা হচ্ছে। অথচ জমিটি মাত্র ৮৩ কোটি টাকায় খাদিজা ইসলাম নামে এক ব্যক্তির অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে নিজের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি। অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যাঁর নামে বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে, সেই খাদিজা ইসলাম দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা দাবি করে আসছিলেন। জমিটি নিয়ে তাঁর সঙ্গে সরকারের দীর্ঘ বিচারিক বিরোধ চলে। জালিয়াতির অভিযোগে বিতর্কিত মালিকানা দাবির বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ২০১৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। ২০২২ সালে রিভিউ আবেদনও খারিজ হয়। পরবর্তী সময়ে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। প্রশ্ন উঠেছে, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং প্রশাসনিকভাবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত একটি বাণিজ্যিক জমি কীভাবে আবার সেই পুরোনো দাবিদারের নামে বরাদ্দের প্রস্তাব পেল? কেন উন্মুক্ত নিলাম বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পরিবর্তে নির্দিষ্ট একজন ব্যক্তির নামে বরাদ্দের উদ্যোগ নেওয়া হলো? আর জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের তথ্য কেন ব্যবহার করা হয়েছে, যখন প্রস্তাব পাঠানো হয়েছে ২০২৬ সালে?  অনুসন্ধানে উঠে আসা তথ্য, প্রশাসনিক নথি ও আদালতের মামলার বিবরণে এসব প্রশ্ন সামনে এসেছে। বিষয়টি সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা, ভূমি প্রশাসনের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।   দুই শত কোটি টাকার জমি, বরাদ্দের প্রস্তাব ৮৩ কোটিতে রাজধানীর ১০ নম্বর পুরানা পল্টন হোল্ডিংয়ের জমিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে, পল্টন থানার আওতাধীন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ঢাকা জিরো পয়েন্ট ও মতিঝিল বাণিজ্যিক এলাকার কাছাকাছি হওয়ায় জমিটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, করপোরেট অফিস ও প্রকাশনা সংস্থার জন্য পরিচিত। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ১২ কাঠার এই জমির বর্তমান বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি। অথচ জেলা প্রশাসকের প্রস্তাবে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি টাকা। নথির বিবরণ অনুযায়ী, জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট মৌজায় সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত জমির ক্রয়-বিক্রয়ের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ২০২৬ সালের ২৭ জুলাই। এখানেই প্রশ্ন উঠেছে, প্রায় দেড় বছরের পুরোনো মূল্যতথ্য ব্যবহার করে এত মূল্যবান সরকারি সম্পত্তির মূল্য নির্ধারণের যৌক্তিকতা কী? জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে। এ ছাড়া সরকারি জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, নিলামের বাধ্যবাধকতা এবং বিশেষ বন্দোবস্তের আইনি ভিত্তি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ৪২ বছরের দখল, মালিকানা নিয়ে মামলা এবং সরকারি সম্পত্তির বিরোধ প্রশাসনিক নথি অনুযায়ী, জমিটি ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর প্রজা খতিয়ানের ২৩১ নম্বর দাগভুক্ত। জমির পরিমাণ ১২ কাঠা বা ০.১৯৮০ একর। এটি খাসমহালভুক্ত সরকারি সম্পত্তি হিসেবে লিজের আওতায় ছিল। জমিটির মালিকানা দাবি করে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে। সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে, একটি পক্ষ ১৯৫৯ সালের ৩ ফেব্রুয়ারি ৯৬০ নম্বর দলিলের মাধ্যমে জনৈক রাইসা ইসলাম জমিটি লিজ নিয়েছিলেন বলে দাবি করে। পরবর্তী সময়ে ১৯৮২ সালের ১৫ জানুয়ারি ১২০৪ নম্বর দলিলের মাধ্যমে সৈয়দ বদিউর রহমানের কাছে জমি হস্তান্তরের দাবি করা হয়। এরপর ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৩৬৮৬ নম্বর দলিলে সৈয়দ বদিউর রহমান খাদিজা ইসলামের কাছে জমিটি হস্তান্তর করেন বলে দাবি ওঠে। পরবর্তী সময়ে ১৯৮৫ সালের ৩ জুলাই ১৪৫৯৫ নম্বর দলিলের মাধ্যমে খাদিজা ইসলাম খাসমহাল হিসেবে জমিটির দ্বিতীয় মেয়াদে লিজ নবায়ন করেন বলে নথিতে উল্লেখ রয়েছে। তবে জমিটির রেকর্ড নিয়ে জটিলতা তৈরি হয়। সিটি জরিপে জমিটি খাদিজা ইসলামের নামে রেকর্ড না হয়ে ৫৬২ নম্বর খতিয়ানে মোহাম্মদ ওয়াজ উদ্দিন, পিতা হাজী আফাজ উদ্দিনের নামে রেকর্ডভুক্ত হয়। এ নিয়ে খাদিজা ইসলাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ১১৭৩/০৮ নম্বর মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলার আদেশের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে ১৪৪/১৩ নম্বর মিস মোকদ্দমার আদেশ অনুযায়ী তাঁর অনুকূলে ১৫৩০ নম্বর খতিয়ান সৃষ্টি এবং ১৫৬/৮ নম্বর জোত খোলা হয়। এরপর জমিটির একাংশে খাবারের হোটেল নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। অবশিষ্ট অংশে ইন্টারন্যাশনাল ডেভেলপার কোম্পানির সাইনবোর্ডসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছিল বলে নথিতে উল্লেখ রয়েছে। অনুসন্ধানী সূত্রগুলোর দাবি, খাদিজা ইসলাম দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে জমিটি ভোগদখলে রেখেছিলেন। এ সময়ে সরকারি সম্পত্তি ব্যবহারের বিপরীতে সরকার কোনো রাজস্ব বা আয় পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।   আপিল বিভাগের রায়ে সরকারি সম্পত্তি ঘোষণা জমিটির মালিকানা নিয়ে বিরোধ নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। প্রশাসনিক নথিতে দেওয়ানি মামলা নম্বর ৪৮৩/১৯৭৪, ১১৩/১৯৮৪, ১১২/১৯৮৪, ৬৬/১৯৯০ এবং দেওয়ানি আপিল নম্বর ১৬৭/২০১০-এর উল্লেখ রয়েছে। এ ছাড়া ট্রান্সফার আপিল নম্বর ৭, ৮, ৯, ১০ ও ১১/২০১৪, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ৪২৩২/২০১৮ এবং সিভিল আপিল ৩০-৩২/২০১৭-সহ একাধিক মামলা ও আপিলের বিষয়ও নথিতে উঠে এসেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৯ সালের ১৪ মে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘কমপ্লিট জাস্টিস’ প্রদান করে সরকারের পক্ষে রায় দেন। প্রশাসনিক প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ওই রায়ে জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারি খাস দখলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে রায়ের পরও বিরোধের অবসান ঘটাতে রিভিউ আবেদন করা হয়। রিভিউ পিটিশন নম্বর ৪১১/২০১৯ ও ৩৯২/২০১৯-এর মাধ্যমে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। ২০২২ সালের ২১ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের ১ নম্বর বেঞ্চ আবেদন দুটি খারিজ করে দেন। এর ফলে জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিচারিক বিরোধের অবসান ঘটে। আদালতের রায়ের ভিত্তিতে জমিটির মালিকানা ও দখল সরকারের অনুকূলে প্রতিষ্ঠিত হয়।   খাস খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ, বাতিল আগের রেকর্ড সর্বোচ্চ আদালতের রায়ের পর জমিটির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধনে উদ্যোগ নেয় ভূমি মন্ত্রণালয়। নথি অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-১ অধিশাখা ২০২২ সালের ২০ ডিসেম্বর ৩১,০০,০০০০.০৪.৪১.১৮৬.২২-৩৯২ নম্বর স্মারকে ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর খতিয়ানের ২৩১ নম্বর দাগের ০.২১১২ একর জমির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধন করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ২০২৩ সালের ১৭ জানুয়ারি সংশ্লিষ্ট নির্দেশনা জারি করে। পরে ৬৮/২৩ নম্বর মিসকেসের ২০২৩ সালের ২৬ এপ্রিলের আদেশে খাদিজা ইসলামের নামে আগে সৃষ্ট ১৫৩০ নম্বর খতিয়ানের ১৫৬/৮ নম্বর জোতের ০.১৯৮০ একর জমি কর্তন করা হয়। একই সঙ্গে জমিটি ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আদালতের রায় ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে খাদিজা ইসলামের নামে থাকা আগের রেকর্ড বাতিল করে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ অবস্থায় নতুন করে তাঁর নামেই জমি বরাদ্দের প্রস্তাব পাঠানোর বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।   এনএসআইয়ের কার্যালয় নির্মাণের জন্যও ছিল বন্দোবস্তের উদ্যোগ জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার পর সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কার্যালয় নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রশাসনিক নথি অনুযায়ী, ২০২৩ সালের ১০ মে সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেল, ঢাকা থেকে জমিটি এনএসআইয়ের অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব পাঠানো হয়। পরবর্তী সময়ে ১৯ মে ২০২৩ তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০২৩ সালের ১২ জুন ১৫২ নম্বর স্মারকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সেগুনবাগিচা, ঢাকার অনুকূলে অকৃষি খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চায়। চাওয়া কাগজপত্রের মধ্যে ছিল— ১. সিএস, এসএ, আরএস ও সর্বশেষ রেকর্ডের খতিয়ানের সত্যায়িত অনুলিপি। ২. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কার্যালয়ের প্রশাসনিক অনুমোদনপত্র। ৩. প্রস্তাবিত জমির দুই কপি লে-আউট প্ল্যান। তবে প্রশাসনিক প্রতিবেদনে বলা হয়েছে, এনএসআই প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপত্র দাখিল না করায় পরবর্তী সময়ে ভূমি মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্যাদি পাঠানো হয়নি। ফলে সংস্থাটির অনুকূলে জমিটি বন্দোবস্তের প্রক্রিয়া আর এগোয়নি। কিন্তু এরপরই একই জমি নিয়ে নতুন উদ্যোগের বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, সরকারি সংস্থার অনুকূলে বন্দোবস্তের প্রক্রিয়া এগিয়ে না গেলেও পুরোনো মালিকানা দাবিদার খাদিজা ইসলামের নামে জমিটি বরাদ্দের প্রস্তাব পাঠান জেলা প্রশাসক ফরিদা খানম। এতে সরকারি সম্পত্তির ভবিষ্যৎ ব্যবহার ও বরাদ্দপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।   নিলাম ছাড়া বরাদ্দের প্রস্তাব, আইনি ভিত্তি কোথায়? সরকারি জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জমির শ্রেণি, ব্যবহার, সরকারি প্রয়োজন, বরাদ্দের উদ্দেশ্য এবং প্রযোজ্য বিধিবিধানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা। এই জমির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্তির পর কোন আইনি ক্ষমতাবলে নির্দিষ্ট একজন ব্যক্তির নামে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে? যদি জমিটি ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহারের জন্য বরাদ্দের উপযোগী বলে বিবেচিত হয়, তাহলে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি কেন বিবেচনায় নেওয়া হয়নি, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন। বিশেষ করে যার বিরুদ্ধে দীর্ঘদিন সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা এবং মালিকানা নিয়ে মামলা করার অভিযোগ রয়েছে, তাঁর নামেই আবার বরাদ্দের প্রস্তাব পাঠানোর যৌক্তিকতা কী? এ ক্ষেত্রে জমির ৪২ বছরের ব্যবহার, সম্ভাব্য বকেয়া লিজমানি, ক্ষতিপূরণ এবং সরকারি রাজস্বের ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন।   চট্টগ্রাম থেকে ঢাকায়: ডিসি ফরিদা খানমকে ঘিরে আগের অভিযোগও আলোচনায় জেলা প্রশাসক ফরিদা খানমের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও অতীতে বিতর্ক ও অভিযোগের কথা অনুসন্ধানী সূত্রগুলো উল্লেখ করেছে। প্রকাশিত প্রতিবেদনগুলোর দাবি, চট্টগ্রামের জেলা প্রশাসক থাকাকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার হন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঢাকার জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেতে ৩০ কোটি টাকা লেনদেনের অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। তবে এ ধরনের আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট তদন্তের চূড়ান্ত ফল জানা প্রয়োজন। অন্যদিকে, নিজেকে সৎ ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে ফরিদা খানম বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছেন বলে তাঁর কর্মকাণ্ডে দেখা যায়। সম্প্রতি বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের ঘটনাও আলোচনায় আসে। সাধারণ মানুষ ভূমিসেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু এর অল্প সময়ের মধ্যেই তাঁর অধীনস্থ ভূমি অফিসের একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের অভিযান নতুন করে প্রশ্ন তুলেছে। ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, হাতেনাতে আটক সার্ভেয়ার দুদকের তথ্য অনুযায়ী, ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের বিরুদ্ধে জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ৩ নভেম্বর দুদক পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়। ঘটনাটি ঢাকার ভূমি প্রশাসনের অধীনস্থ কার্যালয়গুলোতে দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগকে আবারও সামনে নিয়ে এসেছে। ভুক্তভোগীদের একটি অংশের অভিযোগ, বর্তমান জেলা প্রশাসকের সময়ে বিভিন্ন ভূমি অফিসে ঘুষ লেনদেন ও হয়রানির প্রবণতা বেড়েছে। যদিও এসব অভিযোগের সামগ্রিক সত্যতা নির্ধারণে স্বাধীন তদন্ত প্রয়োজন। তবে একজন সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের সরাসরি অভিযান এবং একই সময়ে শতকোটি টাকার সরকারি জমি নিয়ে বিতর্কিত বরাদ্দ প্রস্তাব—দুটি ঘটনাই ঢাকার ভূমি প্রশাসনের জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।   রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব, নাকি বিতর্কিত বরাদ্দের উদ্যোগ? পুরানা পল্টনের এই ১২ কাঠা জমির ঘটনা কেবল একটি প্লটের মালিকানা কিংবা বরাদ্দের প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা, আদালতের রায়ের বাস্তবায়ন, সরকারি রাজস্ব আদায় এবং ভূমি প্রশাসনের নিরপেক্ষতার বিষয়। একদিকে সর্বোচ্চ আদালতের রায়ে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে আগের রেকর্ড বাতিল করে জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সরকারি একটি গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় নির্মাণের জন্যও জমিটি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর একই জমি পুরোনো দাবিদারের নামে ৮৩ কোটি টাকায় বরাদ্দের প্রস্তাব পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসক ফরিদা খানমের পাঠানো প্রস্তাবের আইনগত ভিত্তি কী? জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের তথ্য ব্যবহারের অনুমোদন কোথা থেকে এসেছে? নিলাম বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ছাড়াই বরাদ্দের সুযোগ আছে কি না? আদালতের রায় ও খাস খতিয়ানে অন্তর্ভুক্তির পর নতুন করে বরাদ্দের প্রস্তাব পাঠানোর প্রশাসনিক যুক্তি কী? এসব প্রশ্নের উত্তর কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যেই নয়, বরং মূল নথি, আইনগত মতামত এবং স্বাধীন তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া প্রয়োজন। কারণ সরকারি সম্পত্তি কোনো কর্মকর্তা বা ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়। জনগণের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে যাঁদের হাতে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত, তাঁদের প্রতিটি সিদ্ধান্তের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সমান জরুরি। ২০০ কোটি টাকার বেশি মূল্যমানের একটি সরকারি জমি ৮৩ কোটি টাকায় নির্দিষ্ট ব্যক্তির নামে বরাদ্দের প্রস্তাব—এটি কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো স্বার্থ? সেই প্রশ্নের উত্তর এখন ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছেই প্রত্যাশিত।  

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬ 0
গণপূর্তের প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি ও সরকারি জমি-ভাড়া বাবদ ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইত্তেহাদ নিউজ, অনলাইন: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা এবং বকেয়া ভাড়া পরিশোধ না করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ ও গণপূর্ত বিভাগের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানা গেছে। দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে ভুয়া রেকর্ডপত্র ব্যবহার করেছেন। এর মাধ্যমে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা হয়। অভিযোগ রয়েছে, বকেয়া ভাড়া পরিশোধ না করেও জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদকের হিসাবে আত্মসাতের পরিমাণ ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বে ছিলেন শাহ-আলম মামলার অনুমোদন পাওয়া আসামিদের মধ্যে মোহাম্মদ শাহ-আলম ফারুক চৌধুরী বর্তমানে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত বলে উল্লেখ করা হয়েছে। এর আগে তিনি গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। ওই সময়ে তাঁর দায়িত্বের আওতায় ছিল গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি স্থাপনা। ফলে সরকারি জমি ও স্থাপনা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নথি জালিয়াতির মতো অভিযোগ ওঠায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এক বছরের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা গেছে, শাহ-আলম ফারুক চৌধুরী এক বছরেরও বেশি সময় ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, তিনি ইতোমধ্যে কানাডায় পাড়ি জমিয়েছেন। তবে তাঁর অনুপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং কানাডায় অবস্থানের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি কীভাবে দখলে? দুদকের অভিযোগের কেন্দ্রে রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি। দুদকের ভাষ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ডপত্র তৈরি ও ব্যবহার করেন। এসব নথি ব্যবহারের মাধ্যমে সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা হয়। অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—জমির বিপরীতে বকেয়া ভাড়া পরিশোধ না করেই বিভিন্ন জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদকের হিসাব অনুযায়ী, জমি ও ভাড়া বাবদ সরকারি অর্থের মোট ক্ষতির পরিমাণ ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা। যে ধারায় মামলা অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ৪০৯ ধারায় বিশ্বাসভঙ্গ ও দায়িত্বের অপব্যবহার, ৪২০ ধারায় প্রতারণা, ৪৬৭ ও ৪৬৮ ধারায় জাল দলিল ও জালিয়াতি, ৪৭১ ধারায় জাল দলিলকে আসল হিসেবে ব্যবহারের মতো অপরাধের বিধান রয়েছে। আর ১০৯ ধারাটি অপরাধে সহায়তা বা প্ররোচনার সঙ্গে সম্পর্কিত। তবে মামলা অনুমোদন এবং অভিযোগের ভিত্তিতে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে—এমনটি বলা যায় না। আদালতে বিচার ও প্রমাণের ভিত্তিতেই অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে নির্ধারিত হবে। এখন সামনে কী? সরকারি জমি ব্যবস্থাপনা, নথিপত্রের বৈধতা এবং বিপুল অঙ্কের সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা কতটা স্বচ্ছ ছিল—দুদকের মামলায় সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। বিশেষ করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বে থাকা একজন প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি জমি ও অর্থসংক্রান্ত এমন অভিযোগ ওঠায় তাঁর দায়িত্ব পালন, সংশ্লিষ্ট নথিপত্র এবং জমির দখল ও ভাড়া ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটি তদন্তের আওতায় আসতে পারে। দুদকের মামলা এখন সেই অভিযোগগুলোর বিচারিক যাচাইয়ের পথ খুলে দিয়েছে। সামনে তদন্ত ও আদালতের কার্যক্রমে সরকারি জমিটি কীভাবে দখলে গেল, কারা নথি তৈরি বা ব্যবহার করেছেন এবং কীভাবে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ তৈরি হলো—এসব প্রশ্নের উত্তর আরও স্পষ্ট হওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৬ 0
কাজী ওয়াছি উদ্দিন
গুলশানের ৩০০ কোটি টাকার সরকারি প্লট: ৪৭ বছরের পুরোনো রায়, হারানো নথি ও রহস্যজনক সিদ্ধান্তের অনুসন্ধান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি জমি বা প্লটসংক্রান্ত মামলায় রাষ্ট্রের দীর্ঘদিনের একটি প্রচলিত অবস্থান হলো—সরকারি স্বার্থ রক্ষায় মামলাটি আদালতের সর্বোচ্চ স্তর পর্যন্ত পরিচালনা করা। নিম্ন আদালত বা হাইকোর্টে সরকার পরাজিত হলে আপিল এবং প্রয়োজন হলে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধেও রিভিউ আবেদন করা হয়ে থাকে। অতীতে রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক মামলায় এমন নজিরও রয়েছে, যেখানে আদালতের চূড়ান্ত রায়ের পরও সরকারি সংস্থাগুলো সম্পত্তির দখল ছাড়েনি এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা বা হস্তান্তর নিয়ে নতুন বিরোধ সৃষ্টি হয়েছে। কিন্তু গুলশানের সিইএন (সি) ব্লকের ৯৮ নম্বর সড়কের ৬ নম্বর প্লটের ক্ষেত্রে পাওয়া সরকারি নথিপত্র একটি ভিন্ন চিত্র তুলে ধরে। নথি বিশ্লেষণে দেখা যায়, ১৯৭৬ সালে হাইকোর্টের একটি রিট মামলায় সরকারের বিপক্ষে রায় হওয়ার পর রাষ্ট্রপক্ষ আর কোনো আপিল করেনি। অথচ সরকারি সম্পত্তি সংক্রান্ত মামলায় এটি ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। প্রশ্ন উঠেছে—কেন ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়নি? ১৯৭২ সালের গেজেট বনাম ১৯৭৬ সালের রায় সরকারি নথি অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশ (পি.ও-১৬/৭২) অনুসারে ১৯৭২ সালে প্লটটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত হয়। পরে ২৫ সেপ্টেম্বর ১৯৭৩ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আদেশে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু একই সময় দায়ের হওয়া রিট পিটিশন নং-২৫১/১৯৭৩-এর রায়ে ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে হাইকোর্ট মন্তব্য করেন যে সংশ্লিষ্ট প্লটটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত নয়। মন্ত্রণালয়ের নথি বিশ্লেষণে অভিযোগ করা হয়েছে, ওই মামলায় সরকার পক্ষ পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গেজেট প্রকাশের গুরুত্বপূর্ণ নথি আদালতে উপস্থাপন করেনি। ফলে রায় সরকারের বিপক্ষে যায়। এরপরও রাষ্ট্রপক্ষ আপিল না করায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রায়ের পরও কেন হয়নি বাস্তবায়নের আবেদন? নথি অনুযায়ী, হাইকোর্টের রায় পাওয়ার পর মামলার বাদীও প্লটের দখল বুঝে নিতে আদালতের দ্বারস্থ হননি। আদালত অবমাননার (Contempt) আবেদন কিংবা রায় বাস্তবায়নের জন্যও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্টদের একটি অংশের দাবি, পরবর্তী আইনি প্রক্রিয়ায় গেলে সরকারি গেজেটসহ অন্যান্য নথি আদালতের সামনে আসার সম্ভাবনা ছিল। এ কারণেই আদালতের বাইরে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালে নতুন মোড় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ২০২৩ সালের জুনে তৎকালীন সচিব কাজী ওয়াছি উদ্দিন একটি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে প্লটটি বেসরকারি মালিকানায় হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেন। অভিযোগ রয়েছে, এ সিদ্ধান্তের আগে বিষয়টি তৎকালীন প্রতিমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়নি। এমনকি প্রধানমন্ত্রী পর্যায়ের অনুমোদন প্রয়োজন ছিল বলেও সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের অভ্যন্তরে আলোচনা শুরু হয় এবং সংশ্লিষ্ট নথি খুঁজে না পাওয়ার ঘটনাও ঘটে। পরে সেটি সচিবের সংরক্ষিত আলমারি থেকে উদ্ধার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া একটি চিঠি অনুসন্ধানে আরও উঠে এসেছে, ২০১০ সালে রাজউকের তৎকালীন সচিব মোহাম্মদ মোস্তফার স্বাক্ষরিত একটি চিঠিতে প্লটটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল। চিঠিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং নথিতে সংরক্ষিতও ছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে সেই চিঠি নথি থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান মূল্য ৩০০ কোটি টাকার বেশি সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বর্তমান বাজারমূল্যে প্লটটির মূল্য ৩০০ কোটি টাকারও বেশি। অভিযোগকারীদের মতে, এত উচ্চমূল্যের সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই—এমন যুক্তি দেখিয়ে বেসরকারি মালিকানায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যদিও সরকারি বিভিন্ন নথিতে এর বিপরীত তথ্য রয়েছে। যেসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি এই পুরো ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে— ১৯৭৬ সালের রায়ের বিরুদ্ধে সরকার কেন আপিল করেনি? পরিত্যক্ত সম্পত্তির গেজেট আদালতে কেন উপস্থাপন করা হয়নি? ২০১০ সালের রাজউকের চিঠি নথি থেকে কীভাবে হারিয়ে গেল? ২০২৩ সালের প্রশাসনিক সিদ্ধান্তে প্রচলিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি? সরকারি সম্পত্তির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো স্বাধীন তদন্ত হয়েছে কি? ভারসাম্যের স্বার্থে এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সরকারি নথি, সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগকারী পক্ষের দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ হবে।

নিজস্ব প্রতিবেদক জুন ২৮, ২০২৬ 0
উত্তর সিটিতে যাচ্ছে বসুন্ধরা
বসুন্ধরা আবাসিকে ২২২ বিঘা সরকারি জমি শনাক্ত, উত্তর সিটির নিয়ন্ত্রণে যাচ্ছে বসুন্ধরার নাগরিক সেবা

বসুন্ধরায় সরকারি জমির সন্ধান: কার নিয়ন্ত্রণে যাবে ঢাকার সবচেয়ে সুরক্ষিত আবাসিক প্রকল্প? ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকার অন্যতম পরিকল্পিত ও অভিজাত আবাসিক এলাকা বসুন্ধরা। তিন দশকের বেশি সময় ধরে এটি পরিচালিত হয়েছে বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায়। কিন্তু এবার সেই প্রকল্প ঘিরেই সামনে এসেছে বড় ধরনের ভূমি ও প্রশাসনিক প্রশ্ন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে, বসুন্ধরা আবাসিক প্রকল্পের ভেতরে প্রায় ২২২ বিঘা সরকারি জমি রয়েছে। একই সঙ্গে প্রকল্প এলাকার নাগরিক সুবিধা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাতে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারি নথি, রাজউকের অনুমোদনপত্র, জিআইএস ডাটাবেস ও মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ বিশ্লেষণ করে দেখা যায়—বসুন্ধরা আবাসিক প্রকল্পের অনুমোদিত সীমানা ও বাস্তব দখলের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য অসামঞ্জস্য। অনুমোদিত জমি বনাম বাস্তব দখল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৩ হাজার ৩১৪ দশমিক ৮৯ একর জমির অনুমোদনের নথিপত্র পেয়েছে। কিন্তু বাস্তবে বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানার অন্তর্ভুক্ত ৯টি মৌজায় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের প্রকল্পের আওতায় রয়েছে প্রায় ৩ হাজার ৪০৪ দশমিক ৪০ একর জমি। অর্থাৎ অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত জমি প্রকল্পের ভেতরে অন্তর্ভুক্ত হয়েছে বলে সরকারি অনুসন্ধানে উঠে এসেছে। এর মধ্যে প্রায় ৭৪ দশমিক ১৮ একর জমিকে “সরকারি স্বার্থ সংশ্লিষ্ট” হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, প্রকল্প এলাকার মোট জমির পরিমাণ ১০ হাজার ২১৩ বিঘার বেশি। এর মধ্যেই রয়েছে সরকারের প্রায় সাড়ে ২২২ বিঘা জমি। কীভাবে সামনে এলো বিষয়টি? গণপূর্ত মন্ত্রণালয় সূত্র বলছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় বসুন্ধরা আবাসিক এলাকার প্রশাসনিক কাঠামো পুনর্বিবেচনা শুরু হয়। এরপর মন্ত্রণালয় ও রাজউকের যৌথ টিম প্রকল্প এলাকার নথি, জিআইএস ম্যাপ, অনুমোদিত লে-আউট এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই করে। সেই অনুসন্ধানের সারসংক্ষেপ গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিষয়টি গণপূর্তমন্ত্রী পর্যালোচনা করেছেন এবং মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সম্মতি দিয়েছেন। ডিএনসিসির নিয়ন্ত্রণে যাচ্ছে নাগরিক সুবিধা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরের রাস্তা, ড্রেনেজ, নাগরিক অবকাঠামো ও সংরক্ষিত সুবিধাসমূহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজউক ইতোমধ্যে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে, অনুমোদিত লে-আউট অনুযায়ী নাগরিক সুবিধার জন্য সংরক্ষিত জমি দ্রুত ডিএনসিসির কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, “বসুন্ধরা আবাসিক এলাকা এমনিতেই ডিএনসিসির অধীনে রয়েছে। খাস জমি উদ্ধার শুধু বসুন্ধরা আবাসিক এলাকাতেই নয়, সারা দেশেই করা হবে। যা হবে, সব আইনগতভাবেই হবে।” বাসিন্দাদের জন্য কী বদল আসতে পারে? বসুন্ধরা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও নাগরিক ব্যবস্থাপনা বেসরকারিভাবে পরিচালিত হয়েছে। তবে বিভিন্ন সার্ভিস চার্জ, প্লট-ফ্ল্যাট হস্তান্তর ফি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষও ছিল। সরকার এখন সেই কাঠামোতে পরিবর্তন আনতে চাইছে। গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের সময় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট যে ফি আদায় করে, তা বাতিল বা পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা চলছে। এ নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। ১৯৮৭ সালের অনুমোদন, ২০১৬ সালের চূড়ান্ত ছাড়পত্র সরকারি নথি অনুযায়ী, ১৯৮৭ সালের ৩০ ডিসেম্বর কিছু শর্তে বসুন্ধরা আবাসিক প্রকল্পের লে-আউট অনুমোদন দেয় রাজউক। পরবর্তীতে ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রায় ৯ হাজার ৯০৫ বিঘা জমির ওপর (সরকারি জমি বাদে) প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে সর্বশেষ জমা দেওয়া ম্যাপ ও জিআইএস ডাটাবেস বিশ্লেষণে সরকারি জমির উপস্থিতি এবং অতিরিক্ত জমি অন্তর্ভুক্তির বিষয়টি নতুন করে সামনে এসেছে। কোন কোন এলাকা এখন ডিএনসিসির আওতায়? আগে বসুন্ধরা আবাসিক এলাকা ভাটারা, বেরাইদ ও ডুমনি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে জোয়ার সাহারা, ভাটারা, বড় বেরাইদ, ডুমনি, বড় কাঠালদিয়া ও পাতিরা মৌজাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সীমানাভুক্ত করা হয়েছে। সরকারি চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীনে ডিএনসিসি এখন আইনগতভাবে কর আদায়, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাধামুক্ত। ঢাকার ‘প্রাইভেট সিটি’ মডেলের সামনে নতুন বাস্তবতা ২০টি ব্লকে বিভক্ত বসুন্ধরা আবাসিক এলাকায় বর্তমানে ৩৫ হাজারের বেশি প্লট রয়েছে। এখানে রয়েছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, হাসপাতাল ও আধুনিক বাণিজ্যিক অবকাঠামো। দীর্ঘদিন ধরে এটি কার্যত একটি “প্রাইভেট সিটি” মডেলে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সরকারি জমি শনাক্তকরণ এবং সিটি কর্পোরেশনের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ সেই কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন উঠছে— সরকার কি শুধু খাস জমি উদ্ধারেই সীমাবদ্ধ থাকবে, নাকি বসুন্ধরার পুরো প্রশাসনিক ব্যবস্থাপনাতেই নতুন নিয়ন্ত্রণ কাঠামো তৈরি হবে?

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
এসি ল্যান্ড আরিফুল ইসলাম
কুড়িগ্রামে গুচ্ছগ্রামের ৭২ একর খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারির অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় শতাধিক পরিবার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : কুড়িগ্রাম সদরের আরাজি পলাশবাড়ী গুচ্ছগ্রামের খাস জমি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের লিখিত নির্দেশনা উপেক্ষা করে সরকারি বন্দোবস্তকৃত জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সদর ভূমি অফিসের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, অন্তত ৭২ একর খাস জমি ধাপে ধাপে বেসরকারি মালিকানায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এতে গুচ্ছগ্রামের শতাধিক পরিবার উচ্ছেদের ঝুঁকিতে পড়েছে। অভিযোগ রয়েছে, ভূমি অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে আর্থিক লেনদেনের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনার পরও নামজারি সংশ্লিষ্ট নথিপত্র ও জেলা প্রশাসনের আর এম শাখা সূত্রে জানা গেছে, আরাজি পলাশবাড়ী মৌজার এস এ দাগ ২০০১, ২০৭৩ ও ২০৭৪ নম্বর জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। এই জমির ওপরই কয়েক দশক ধরে গড়ে উঠেছে সরকারি গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প। গুচ্ছগ্রামবাসীরা অভিযোগ করেন, এসব খাস জমি বিভিন্ন ব্যক্তির নামে “ভ্রমাত্মক রেকর্ডভুক্ত” করা হয়। পরে রেকর্ড সংশোধনের দাবিতে তারা জেলা প্রশাসনের কাছে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের জানুয়ারিতে জেলা প্রশাসন সদর এসি ল্যান্ডকে লিখিত নির্দেশ দেয়—আর এস রেকর্ড সংশোধন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমির সব কার্যক্রম এস এ রেকর্ড অনুযায়ী পরিচালনা করতে হবে। ভূমি উন্নয়ন কর গ্রহণও সেই অনুযায়ী চালিয়ে যেতে বলা হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ওই নির্দেশনা কার্যত উপেক্ষা করা হয়েছে। বর্তমান এসি ল্যান্ড আরিফুল ইসলাম ২০২৪ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর নতুন করে আর এস রেকর্ডের ভিত্তিতে ব্যক্তিমালিকানায় নামজারি শুরু হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি জটিল হয়ে পড়লে গুচ্ছগ্রামবাসীরা আবারও জেলা প্রশাসনের দ্বারস্থ হন। পরে ২০২৫ সালের মার্চে জেলা প্রশাসন একই ধরনের আরেকটি নির্দেশনা জারি করে। “টাকা নিয়ে জমি দিয়ে দিচ্ছে” গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুক অভিযোগ করে বলেন, “ডিসি অফিসের নির্দেশনার পর জমির খাজনা দিতে গেছি। এস এ অনুযায়ী খাজনা নিচ্ছে না। শুনতেছি তলে তলে টাকা নিয়ে অন্যদেরকে জমি দিয়ে দিচ্ছে।” আরেক বাসিন্দা হাছেন আলী বলেন, “সরকার জমি দিছে, ঘর দিছে। বন্দোবস্ত দেওয়া খাস জমি কীভাবে অন্যদের দিল, এই প্রশ্ন আমাদেরও।” একই উদ্বেগ প্রকাশ করেন গুচ্ছগ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। দীর্ঘদিনের পুনর্বাসন প্রকল্প অনুসন্ধানে জানা গেছে, ১৯৮৯ সালে প্রথম দফায় ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে রেজিস্ট্রিকৃত কবুলিয়াতের মাধ্যমে এই এলাকায় পুনর্বাসন করা হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে আরও ২০টি পরিবারকে ব্যারাক ঘরে পুনর্বাসন করা হয়। ২০২১ সালে সরকার পাকা ঘর নির্মাণ করে আরও ২৪টি পরিবারকে সেখানে বসবাসের সুযোগ দেয়। এছাড়া ২০০৯ সালে বীর প্রতীক তারামন বিবিকেও ওই মৌজার ১ একর খাস জমিতে বাড়ি নির্মাণ করে বন্দোবস্ত দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, সরকারি পুনর্বাসন প্রকল্প গড়ে ওঠার পর থেকেই একটি প্রভাবশালী চক্র জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শুরু করে। অভিযোগ রয়েছে, ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় সরকারি খাস জমিকে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করা হয়। “চিঠির বিষয়ে জানা নেই” পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হাকিম শেখ প্রথমে বলেন, “চিঠির বিষয়ে আমার জানা নেই। প্রয়োজনে নামজারি বাতিল করা হবে।” তবে পরে তিনি অবস্থান পরিবর্তন করে বলেন, “আর এস গেজেট হওয়ায় এস এ অনুযায়ী ভূমি উন্নয়ন কর নেওয়ার সুযোগ নেই।” অন্যদিকে এসি ল্যান্ড আরিফুল ইসলাম দাবি করেন, “আর এস রেকর্ড অনুযায়ী নামজারি করা হচ্ছে। নামজারি করার সময় আমরা এস এ রেকর্ড দেখি। সেখানে সরকারি স্বার্থ থাকলে নামজারি স্থগিত রাখা হয়।” তবে সরকারি খাস জমি কীভাবে ব্যক্তিমালিকানায় নামজারি হচ্ছে—এ প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি। জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এমন কোনো চিঠি আমি পাইনি। পেলেও বিধিসম্মত নয় জানিয়ে উত্তর লিখতাম।” প্রশাসনের নীরবতা এই অভিযোগের বিষয়ে জানতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কয়েক দশক ধরে সরকারি পুনর্বাসন প্রকল্পে বসবাস করা পরিবারগুলো ভূমিহীন হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, খাস জমি নিয়ে রেকর্ড জটিলতা ও প্রশাসনিক অনিয়ম শুধু ভূমিহীন মানুষের নিরাপত্তাকেই হুমকিতে ফেলছে না, বরং সরকারি পুনর্বাসন নীতির বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে ফেলছে।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0