ইত্তেহাদ নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে প্রতিষ্ঠিত হলো রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ভয়াবহ বাস্তবতা। মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ সৃষ্টি এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারকরা। দ্য হেগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রায় ৮০ বছরের ইতিহাসে এই প্রথম আইসিজে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায় নির্ধারণ করল। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের বিচার ও জবাবদিহির দাবিতে নতুন মাত্রা যুক্ত হলো। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের গ্রেট হল অব জাস্টিসে রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘মিয়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত করেছে।’ পরিকল্পিত নিধনযজ্ঞের ভয়াবহ চিত্র প্রায় তিন ঘণ্টার রায় পাঠে বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিস্তৃত প্রমাণ তুলে ধরেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। নারীদের ওপর চালানো হয়েছে ব্যাপক যৌন সহিংসতা। এমনকি শিশুরাও রেহাই পায়নি; তাদের ওপর সংঘটিত হয়েছে চরম নির্যাতন ও সহিংসতা। রোহিঙ্গাদের বসতিগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। এসব এলাকায় রোহিঙ্গাবহির্ভূত জনগোষ্ঠীকে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয় বলেও আদালত উল্লেখ করেছেন। বিচারকদের মূল্যায়নে, এসব কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো—রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য নিয়ে মিয়ানমার কাজ করেছে। গণহত্যা নির্ধারণের ক্ষেত্রে জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি শর্ত। ২০১৭ সালের সেই অভিযানের পর কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে বসবাস করছেন। নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের রায়ে শুধু গণহত্যার দায় নির্ধারণেই সীমাবদ্ধ থাকেনি। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভবিষ্যৎ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত মিয়ানমারকে সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিজ নিজ বসতিতে ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়ার সুযোগ দিতে এবং প্রত্যাবাসন সহজ করতে’ নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণহত্যার অভিযোগে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। তবে আইসিজের রায় বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো সরাসরি প্রয়োগকারী ব্যবস্থা নেই। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও নেই। ফলে মিয়ানমার শেষ পর্যন্ত আদালতের নির্দেশ কতটা বাস্তবায়ন করবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মিন অং হ্লাইংয়ের ওপর বাড়বে আন্তর্জাতিক চাপ রোহিঙ্গা গণহত্যার দায় নির্ধারণের এই রায় মিয়ানমারের বর্তমান শাসক মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় তিনি দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন তিনি। চলতি বছরে কঠোরভাবে সীমিত নির্বাচনী প্রক্রিয়ার পর তাঁকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনে তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু আইসিজের এই রায় তাঁর আন্তর্জাতিক বৈধতা অর্জনের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায় এবং বিচারিক জবাবদিহির প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের শরণার্থী শিবিরে ন্যায়বিচারের অপেক্ষা দ্য হেগের আদালতকক্ষ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের কাছে এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়; এটি দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়ন ও স্বজন হারানোর বেদনার মধ্যে ন্যায়বিচারের আশার আলো। রায় ঘোষণার আগে পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছোট আশ্রয়কেন্দ্রে বসবাসরত ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা নারী, যিনি ধর্ষণের শিকার হয়েছিলেন, বিচার প্রত্যাশার কথা জানান। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার চাই।’ তিনি আরও বলেন, যারা নারীদের ধর্ষণ করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তাঁর মতে, যৌন সহিংসতার শিকার নারীদের ন্যায়বিচারের বিষয়টি আদালতের আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। মিয়ানমারের সামরিক অভিযানে বেঁচে আসা রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দলবদ্ধ ধর্ষণ, হত্যাকাণ্ড, পরিবার-পরিজন হারানো এবং শিশুদের ওপর নির্মম নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। সাত বছরের বিচারিক লড়াই, গাম্বিয়ার উদ্যোগ রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের আওতায় ২০১৯ সালে শুরু হওয়া এই মামলায় সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর প্রণীত গণহত্যা কনভেনশন অনুযায়ী, চুক্তি লঙ্ঘনের অভিযোগে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করতে পারে। ১৫ বিচারকের একটি প্যানেল দীর্ঘ সময় ধরে সাক্ষ্য, নথি, প্রমাণ ও আইনি যুক্তি পর্যালোচনা করেন। মূল প্রশ্ন ছিল—মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় ১২ জন সদস্য নিহত হওয়ার পর তারা বিদ্রোহীদের সামরিক তৎপরতা দমনে অভিযান চালিয়েছিল। জানুয়ারিতে মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেন, সন্ত্রাসীদের অবাধে চলাচলের সুযোগ দেওয়া কিংবা নিষ্ক্রিয় থাকার কোনো বাধ্যবাধকতা মিয়ানমারের ছিল না। অন্যদিকে গাম্বিয়ার বিচারমন্ত্রী আদালতে বলেন, দীর্ঘদিনের অমানবিকীকরণ ও নিপীড়নের শিকার একটি অসহায় জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ সহিংসতার বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনা করেই তাঁর দেশ মামলাটি দায়ের করেছে। বিচারমন্ত্রী দাওদা জালো জানান, আইসিজেতে গাম্বিয়ার উদ্যোগের প্রতি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের জটিল কোনো বিষয় নয়; এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং বাস্তব একটি মানবগোষ্ঠীর বিষয়।’ বাবা-মায়ের শেষকৃত্য করতে চান ওসমান রায়ের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের প্রত্যাশার সবচেয়ে মর্মস্পর্শী চিত্র উঠে এসেছে ২০ বছর বয়সী মোহাম্মদ ওসমানের বক্তব্যে। তিনি জানান, মিয়ানমারে ফিরে গিয়ে নিহত বাবা-মা ও ছোট ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে চান তিনি। ওসমান বলেন, ‘তারা আমার বাবাকে গুলি করে হত্যা করেছে, আমার মাকে কয়েকজন নারীসহ একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’ একটি পরিবারের ওপর সংঘটিত এই ভয়াবহ নির্যাতনের বর্ণনা রোহিঙ্গাদের সামগ্রিক বিপর্যয়েরই প্রতিচ্ছবি। গাজা মামলার দিকেও নজর আইন বিশেষজ্ঞদের রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের এই ঐতিহাসিক রায়ের দিকে শুধু মিয়ানমার বা বাংলাদেশ নয়, আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞদেরও বিশেষ নজর ছিল। কারণ, ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা আরেকটি বহুল আলোচিত মামলাও আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোহিঙ্গা মামলার রায় গণহত্যা নির্ধারণে প্রমাণ, উদ্দেশ্য এবং রাষ্ট্রীয় দায়ের মতো আইনি প্রশ্নগুলো বুঝতে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। রায় কি ফিরিয়ে দেবে রোহিঙ্গাদের হারানো স্বদেশ? আইসিজের রায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণ করেছে। কিন্তু বিচারিক স্বীকৃতির পরও রোহিঙ্গাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—তারা কবে নিরাপদে নিজেদের জন্মভূমিতে ফিরতে পারবেন? একটি জনগোষ্ঠীর গ্রাম ধ্বংস হয়েছে, পরিবার বিচ্ছিন্ন হয়েছে, স্বজন হারিয়েছে অসংখ্য শিশু ও নারী। বহু মানুষ বছরের পর বছর শরণার্থী শিবিরে মানবেতর পরিবেশে জীবন কাটাচ্ছেন। আদালতের রায় নিঃসন্দেহে আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু এই রায়ের প্রকৃত সাফল্য নির্ভর করবে মিয়ানমার কতটা নির্দেশনা বাস্তবায়ন করে, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হয় কি না এবং রোহিঙ্গারা বাস্তবিক অর্থে নিরাপদে, মর্যাদার সঙ্গে নিজেদের দেশে ফিরতে পারেন কি না—তার ওপর। রোহিঙ্গাদের কাছে তাই এই রায় বিচারিক স্বীকৃতির পাশাপাশি একটি দীর্ঘ প্রতীক্ষার নতুন অধ্যায়। এখন তাঁদের প্রত্যাশা, আদালতের রায় যেন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না থাকে; বরং তা বাস্তব ন্যায়বিচার, নিরাপত্তা ও স্বদেশে ফেরার পথ তৈরি করে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক :২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না, সেই প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ এক আইনি লড়াই চলছে। গাম্বিয়ার করা মামলাটি শুধু রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার বিচার নয়; বরং আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিপ্রায় কীভাবে প্রমাণিত হবে, তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গণহত্যার অভিযোগ প্রমাণ করা সাধারণ যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধ প্রমাণের চেয়ে অনেক বেশি জটিল। কারণ, হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতির মতো অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণই যথেষ্ট নয়। আদালতকে আরও নির্ধারণ করতে হয়, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত কিংবা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছিল কি না। এই আইনি প্রশ্নের উত্তর শুধু মিয়ানমারের দায় নির্ধারণেই নয়, ভবিষ্যতে গাজাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে গণহত্যার অভিযোগের বিচারপ্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক আইনে গণহত্যার সংজ্ঞা: কী বলছে ১৯৪৮ সালের সনদ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হলোকাস্টে লাখ লাখ মানুষের হত্যাকাণ্ডের পর গণহত্যা প্রতিরোধ ও শাস্তির জন্য ১৯৪৮ সালে জাতিসংঘের উদ্যোগে প্রণীত হয় Convention on the Prevention and Punishment of the Crime of Genocide বা গণহত্যা সনদ। এই সনদে গণহত্যাকে এমন অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত কিংবা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ে নির্দিষ্ট কিছু অপরাধ সংঘটিত হয়। সনদ অনুযায়ী, গণহত্যার পাঁচ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে: কোনো জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা। জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা। এমন জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা, যার উদ্দেশ্য ওই জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে শারীরিকভাবে ধ্বংস করা। জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ করা। এক জনগোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য জনগোষ্ঠীর কাছে স্থানান্তর করা। তবে এসব অপরাধের কোনো একটি সংঘটিত হলেই স্বয়ংক্রিয়ভাবে তা গণহত্যা হয়ে যায় না। অপরাধের পাশাপাশি প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল। গণহত্যার অভিপ্রায় প্রমাণ: সবচেয়ে কঠিন আইনি পরীক্ষা গণহত্যার মামলায় সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় হলো Specific Intent বা বিশেষ ধ্বংসাত্মক অভিপ্রায় প্রতিষ্ঠা করা। সরাসরি কোনো লিখিত নির্দেশ, সামরিক আদেশ, সরকারি নথি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য থেকে এ ধরনের উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যেতে পারে। কিন্তু বাস্তবে গণহত্যার পরিকল্পনা বা নির্দেশ সব সময় লিখিতভাবে সংরক্ষিত থাকে না। এ কারণে আন্তর্জাতিক আদালত বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণও বিবেচনা করে। যেমন— হামলার ধারাবাহিকতা ও বিস্তৃতি। নির্দিষ্ট জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা। হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের ধরন। বাড়িঘর ও বসতি ধ্বংসের ব্যাপকতা। জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন করে এমন জীবনযাপনের পরিস্থিতি সৃষ্টি। অপরাধের আগে, চলাকালে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আচরণ। এসব প্রমাণের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে আদালত নির্ধারণ করতে পারে, অপরাধের পেছনে কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য কাজ করেছিল কি না। অর্থাৎ, শুধু কত মানুষ নিহত হয়েছেন, তা দিয়ে গণহত্যার আইনি সংজ্ঞা নির্ধারিত হয় না। হত্যাকাণ্ডের ধরন, লক্ষ্যবস্তু নির্বাচন এবং অপরাধীদের উদ্দেশ্যও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণের নজির কতটা? আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে গণহত্যা সনদের অধীনে রাষ্ট্রের দায় নির্ধারণের নজির খুব বেশি নয়। এ ক্ষেত্রে বলকান যুদ্ধ-পরবর্তী দুটি মামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বসনিয়া ও হার্জেগোভিনা বনাম সার্বিয়া (২০০৭) ১৯৯০-এর দশকের বলকান যুদ্ধের সময় বসনিয়ার স্রেব্রেনিকায় বসনীয় মুসলিমদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় আইসিজে। তবে আদালত সার্বিয়াকে সরাসরি ওই গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেনি। বরং গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে সহযোগিতা না করার কারণে দেশটিকে গণহত্যা সনদের অধীন দায়ী করে। ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া (২০১৫) অন্যদিকে, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধকালীন হত্যাকাণ্ড ও নির্যাতন নিয়ে দায়ের করা মামলায় উভয় পক্ষের গণহত্যার অভিযোগ খারিজ করে দেয় আইসিজে। আদালত মনে করে, সহিংসতার প্রমাণ থাকলেও জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠিত হয়নি। এ ছাড়া জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যায় জড়িত একাধিক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। সাবেক যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও স্রেব্রেনিকা হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যার দায়ে দণ্ডিত করে। ২০১৮ সালে জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথ উদ্যোগে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল খেমাররুজ শাসনামলের দুই নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে: আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায় নির্ধারণ করে; অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণ করে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর কী ঘটেছিল? ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সামরিক অভিযানের মুখে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম। অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, যৌন সহিংসতা, নির্যাতন, নির্বিচারে হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বহু গ্রাম ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অনুসন্ধানেও এসব সহিংসতার ব্যাপকতা উঠে আসে। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত ও বিচারের সুপারিশ করে। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির বক্তব্য, সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযান। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণের প্রশ্নটি আইসিজের সামনে এসেছে। গাম্বিয়ার মামলা: কীভাবে এগিয়েছে বিচারপ্রক্রিয়া? ২০১৯ সালের ১১ নভেম্বর নয়, ১১ নভেম্বর ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের বিধান লঙ্ঘন করেছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর মধ্যে ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধের আলামত সংরক্ষণ এবং আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। ২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটি শুনানির এখতিয়ার ও গ্রহণযোগ্যতা বহাল রাখেন। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি রাষ্ট্র মামলার আইনি ব্যাখ্যায় অংশ নেয়। ২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিষয়ের ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের যুক্তি, সাক্ষ্য ও বিশেষজ্ঞের বক্তব্য শোনার পর আদালত রায় প্রস্তুতের জন্য deliberation বা বিচারিক পর্যালোচনা শুরু করে। অবশেষে ৩ নভেম্বর ২০২৬ আইসিজে ঘোষণা করে, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার রায় দেওয়া হবে। নেদারল্যান্ডসের হেগে স্থানীয় সময় সকাল ১০টায় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করবেন। বাংলাদেশের সময় অনুযায়ী তা বিকেল ৩টা। গাজায় গণহত্যার মামলায় কী প্রভাব ফেলতে পারে রোহিঙ্গা মামলার রায়? রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের দিকে শুধু মিয়ানমার কিংবা বাংলাদেশের মানুষই তাকিয়ে নেই। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের দৃষ্টি রয়েছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলার দিকেও। ২০২৩ সালে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সনদের লঙ্ঘন ঘটেছে। ইসরায়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। গাজা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। ফলে রোহিঙ্গা মামলার রায়কে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। বিশেষ করে তিনটি বিষয় আলোচনায় রয়েছে। প্রথমত, গণহত্যার অভিপ্রায় নির্ধারণে কী ধরনের প্রমাণ গ্রহণযোগ্য হবে। সরাসরি নির্দেশ বা লিখিত দলিল না থাকলেও ধারাবাহিক সহিংসতা, হামলার ধরন এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার প্রমাণ কীভাবে বিবেচিত হবে, তা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির আইনি গুরুত্ব। ধর্ষণ, নারীদের ওপর নির্যাতন, শিশুদের ক্ষতি এবং কোনো জনগোষ্ঠীর বসতি ধ্বংসের মতো ঘটনাগুলো গণহত্যার অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা বিশেষ অভিপ্রায়ের প্রমাণ হিসেবে কীভাবে মূল্যায়িত হবে, তা ভবিষ্যতের মামলাগুলোর জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। তৃতীয়ত, রাষ্ট্রের দায় নির্ধারণের মানদণ্ড। কোনো রাষ্ট্রের সামরিক বাহিনী বা সরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনে রাষ্ট্রকে কীভাবে দায়ী করা হবে, সে বিষয়েও রোহিঙ্গা মামলার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। তবে মনে রাখতে হবে, রোহিঙ্গা মামলার রায় গাজা মামলার ফলাফল আগাম নির্ধারণ করবে না। প্রতিটি মামলার ঘটনা, প্রমাণ ও আইনি যুক্তি আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার ও বাংলাদেশের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় মানবিক বোঝা বহন করছে বাংলাদেশ। ২০১৭ সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গার পাশাপাশি আগে থেকে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক শরণার্থীও কক্সবাজার ও আশপাশের শিবিরগুলোতে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে শরণার্থীজীবন কাটাতে গিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনও এখন পর্যন্ত কার্যকরভাবে শুরু করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আইসিজের রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি, মিয়ানমারের রাষ্ট্রীয় দায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গাম্বিয়া মামলায় আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের ঘোষণা, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা, ক্ষতিগ্রস্তদের স্বার্থে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা চাওয়া হয়েছে। তবে রায় যা-ই হোক, সেটি বাস্তবায়নের প্রশ্নও গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ করাই সংকট সমাধানের অন্যতম প্রধান শর্ত। রায় ঘিরে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে বিশ্ব ১৯ নভেম্বরের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার সামনে কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর তুলে ধরতে পারে— রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না? মিয়ানমার রাষ্ট্র গণহত্যা সনদের অধীনে তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না? গণহত্যার বিশেষ অভিপ্রায় প্রতিষ্ঠায় কোন ধরনের প্রত্যক্ষ ও পরিস্থিতিগত প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়েছে? ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য কী ধরনের প্রতিকার বা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হতে পারে? ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কীভাবে আরও স্পষ্ট হবে? এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি: আইসিজের এই রায় কোনো নির্দিষ্ট মিয়ানমার সেনা কর্মকর্তার ব্যক্তিগত ফৌজদারি সাজা নির্ধারণ করবে না। আদালত নির্ধারণ করবে গণহত্যা সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায়। শেষ পর্যন্ত ১৯ নভেম্বরের রায় শুধু একটি মামলার বিচারিক নিষ্পত্তি নয়; এটি হতে পারে গণহত্যা প্রতিরোধ, রাষ্ট্রের জবাবদিহি এবং নিপীড়িত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার (৩১ জুলাই) একযোগে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। একই দিনে নাবলুস, হেবরন, বেথলেহেম, রামাল্লাহ ও তুলকারমসহ একাধিক এলাকায় অভিযান এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। ঘটনাপ্রবাহের মধ্যেই ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন দাবি করেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা (সেটলার) ফিলিস্তিনিদের বিরুদ্ধে ১১ হাজার ৭৪টি হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলার মধ্যে সামরিক অভিযান, গ্রেফতার, জমি দখল, বসতি সম্প্রসারণ, নতুন চেকপয়েন্ট স্থাপন এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অন্তর্ভুক্ত রয়েছে। নাবলুসে নতুন উত্তেজনা স্থানীয় সূত্র জানায়, নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল গ্রামের আইন আল-মাজরাব এলাকায় ইসরায়েলি সেনাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক বসতি স্থাপনকারী প্রবেশ করেন। এর আগে বিভিন্ন বসতি স্থাপনকারী সংগঠন তেল গ্রামে গণমিছিলের ডাক দেয়। এর একদিন আগে ইসরায়েলি বাহিনী গ্রামের চারটি ফিলিস্তিনি বাড়ি অস্থায়ী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করে। শুক্রবার সেনাবাহিনীর সহায়তায় বসতি স্থাপনকারীরা পাশের আল-জুনেইদ ও সুররা গ্রামে মিছিল করলে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানায়, সংঘর্ষে একজন যুবক গুলিবিদ্ধ হন। এছাড়া চার শিশুসহ আরও ১০ জন টিয়ার গ্যাসে আক্রান্ত হন। আগের হামলার রেশ গত সপ্তাহেও তেল গ্রাম বড় ধরনের সহিংসতার মুখোমুখি হয়। ফিলিস্তিনি সূত্রের দাবি, ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। এ সময় বহু মানুষ আহত হন এবং বাড়িঘর, যানবাহন ও কৃষিজমিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের কার্যক্রম এবং সামরিক অভিযানের মধ্যে সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। কোথায় কতজন আটক স্থানীয় সূত্র অনুযায়ী— হেবরনের ইয়াত্তা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। বেথলেহেম থেকে আটক করা হয় দুইজনকে। রামাল্লাহর উত্তরের আতারা সামরিক চেকপয়েন্ট থেকে একজনকে আটক করা হয়। তুলকারমের পূর্বাঞ্চলের আনাবতা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। এছাড়া রামাল্লাহ ও আল-বিরেহ এলাকায় অভিযান চলাকালে ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ছয় মাসে ১১ হাজারের বেশি হামলার দাবি ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পশ্চিম তীরে ১১ হাজার ৭৪টি হামলা হয়েছে। সংস্থাটি বলছে, এসব ঘটনার মধ্যে রয়েছে— সামরিক অভিযান ব্যাপক গ্রেফতার জমি দখল নতুন বসতি সম্প্রসারণ অতিরিক্ত সামরিক চেকপয়েন্ট স্থাপন বসতি স্থাপনকারীদের হামলা এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক উদ্বেগ চলতি সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ভূমি দখলের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এর আগে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্বকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে মত দিয়েছিল। তবে ইসরায়েল আদালতের ওই অবস্থান প্রত্যাখ্যান করে আসছে। বন্দির সংখ্যা বাড়ছে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় ২৪ হাজার ৬০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে রয়েছে— ১ হাজার ৯০০ শিশু ৭৮৫ নারী সংস্থাটির দাবি, বর্তমানে ইসরায়েলের কারাগারে প্রায় ৯ হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে— ৯৪ জন নারী ৩৫০ জনের বেশি শিশু ৩ হাজার ২৪৪ জন প্রশাসনিক আটক, যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা হয়েছে ১ হাজার ৩২০ জনকে 'অবৈধ যোদ্ধা' হিসেবে আটক রাখা হয়েছে বাড়ছে মানবাধিকার উদ্বেগ ফিলিস্তিনি বন্দি অধিকার সংগঠনগুলোর অভিযোগ, পশ্চিম তীরে চলমান গ্রেফতার অভিযান, সামরিক তৎপরতা এবং বসতি স্থাপনকারীদের হামলা মিলিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির নীতি আরও জোরদার হচ্ছে। অন্যদিকে ইসরায়েল বরাবরই বলে আসছে, পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র হামলা প্রতিরোধের অংশ। পশ্চিম তীরে সাম্প্রতিক ঘটনাগুলো আবারও এই অঞ্চলকে নতুন অস্থিরতার মুখে দাঁড় করিয়েছে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, চলমান অভিযান, বসতি সম্প্রসারণ এবং গ্রেফতারের ধারাবাহিকতা ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক : ২০২৪ সালের জানুয়ারির শুরুর দিকে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর সামনে জড়ো হয়েছিলেন কয়েকজন বিক্ষোভকারী। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শীত উপেক্ষা করে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। তখন গাজায় যুদ্ধ চলছিল প্রায় ১০০ দিন ধরে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র চাপ, আন্তর্জাতিক মহলের নিন্দা এবং মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ সত্ত্বেও ইসরাইল সামরিক অভিযান অব্যাহত রাখে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত, ২০২৫ সালের অক্টোবর নাগাদ গাজায় নিহত হন ৭০ হাজারের বেশি মানুষ এবং আহত হন অন্তত ১ লাখ ৭১ হাজার। এই সময়ের মধ্যেই ইসরাইলে অব্যাহতভাবে প্রবেশ করেছে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে, আইসিজে গণহত্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করার পরও অন্তত ৫১টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে ইসরাইলে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। আইসিজের রায়ের পর বেড়েছে অস্ত্র আমদানি ইসরাইলের কর কর্তৃপক্ষের (আইটিএ) আমদানি তথ্য, শুল্ক নথি এবং তথ্য অধিকার আইনের আওতায় সংগৃহীত রেকর্ড বিশ্লেষণ করে আল-জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলে মোট ২ হাজার ৬০৩টি সামরিক সরঞ্জামের চালান পৌঁছেছে। এসব চালানের মোট মূল্য ছিল প্রায় ৩.২২ বিলিয়ন ইসরাইলি শেকেল, যা মার্কিন মুদ্রায় প্রায় ৮৮৫ মিলিয়ন ডলারের সমান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য হলো—এই চালানের ৯১ শতাংশই এসেছে আইসিজের রায়ের পরবর্তী সময়ে। অধিকাংশ সরঞ্জাম ছিল গোলাবারুদ, বিস্ফোরক এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সামরিক উপকরণ। তথ্য অনুযায়ী, ইসরাইলের জন্য সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। মোট সামরিক আমদানির ৪২ শতাংশের বেশি এসেছে দেশটি থেকে। দ্বিতীয় অবস্থানে ছিল ভারত, যার অংশ প্রায় ২৬ শতাংশ। শীর্ষ পাঁচ সরবরাহকারীর তালিকায় আরও রয়েছে রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র। প্রকাশ্য সমালোচনা, আড়ালে সরবরাহ অনুসন্ধানে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। যেসব দেশ প্রকাশ্যে ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছে বা যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে, তাদের অনেকেই বাস্তবে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। চীন আইসিজের রায়কে স্বাগত জানিয়েছিল। কিন্তু শুল্ক তথ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালেও দেশটি থেকে সামরিক চালান গেছে ইসরাইলে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের কঠোর সমালোচনা করলেও, বাণিজ্য নথিতে দেখা যায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। একইভাবে ব্রাজিলও আইসিজের পদক্ষেপকে “বাধ্যতামূলক” বলে উল্লেখ করেছিল। তবে অনুসন্ধানে দেখা যায়, দেশটি থেকেও কিছু সামরিক সরঞ্জাম ইসরাইলে গেছে। ‘গণহত্যা প্রতিরোধের দায়িত্ব আগে থেকেই শুরু হয়’ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গণহত্যার আশঙ্কা সম্পর্কে অবগত হওয়ার পরও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা আন্তর্জাতিক আইনের গুরুতর প্রশ্ন তৈরি করে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক স্টিফেন হামফ্রেস এবং ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডের অধ্যাপক গেরহার্ড কেম্প বলেছেন, গণহত্যা প্রতিরোধের দায়িত্ব কেবল চূড়ান্ত রায়ের পর শুরু হয় না; ঝুঁকির ইঙ্গিত দেখা দেওয়ার মুহূর্ত থেকেই রাষ্ট্রগুলোর দায়িত্ব কার্যকর হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনও তাদের প্রতিবেদনে উল্লেখ করে, গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক প্যাট্রিক উইলকেন বলেন, “ইসরাইল একা এত বড় পরিসরের বোমাবর্ষণ পরিচালনা করতে পারত না। এর পেছনে বৈশ্বিক অস্ত্র সরবরাহ শৃঙ্খলের বড় ভূমিকা রয়েছে।” বৈশ্বিক নীরবতার বাইরে সক্রিয় সহায়তা আল-জাজিরার অনুসন্ধান এমন এক বাস্তবতা সামনে এনেছে, যেখানে আন্তর্জাতিক আদালতের সতর্কতা, মানবাধিকার উদ্বেগ এবং গণহত্যার অভিযোগের পরও অস্ত্র সরবরাহ বন্ধ হয়নি। বরং বহু দেশ প্রকাশ্যে কূটনৈতিক সমালোচনা করলেও বাস্তবে সামরিক সহায়তা চালিয়ে গেছে। গাজা যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের একটি সংঘাত নয়—এই অনুসন্ধান দেখাচ্ছে, এটি একটি বৈশ্বিক অস্ত্র নেটওয়ার্কেরও প্রতিচ্ছবি; যেখানে যুদ্ধক্ষেত্রের বাইরে থেকেও বহু রাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।