৪৬টি গাড়ি ও ভারী যন্ত্রপাতি মেরামতের দরপত্র ঘিরে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অনিয়মের অভিযোগ উঠেছে। একই গাড়ির একই ধরনের কাজ একাধিকবার অন্তর্ভুক্তি, বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ এবং সামগ্রিক ব্যয়ের হিসাব প্রকাশ না করায় প্রশ্নের মুখে পড়েছে করপোরেশনের যান্ত্রিক বিভাগের কার্যক্রম। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস। তবে অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে চসিক। সংশ্লিষ্ট প্রকৌশলী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। ইত্তেহাদ নিউজ,অনলাইন : চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে গাড়ি ও ভারী যন্ত্রপাতি মেরামতের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সেই মেরামতের নামে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়তা যাচাই করা হয়েছে, একই কাজ একাধিকবার দরপত্রে অন্তর্ভুক্ত হলো কেন এবং ৪৬টি প্যাকেজের সম্ভাব্য ব্যয় কত—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে না। গত ১৯ আগস্ট প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে ৪৬টি পৃথক কাজের তালিকা প্রকাশ করে চসিক। এসব কাজের মধ্যে রয়েছে ময়লার গাড়ির ইঞ্জিন ও গিয়ারবক্স সংস্কার, বডি ও কেবিন মেরামত, ডেন্টিং-পেইন্টিং, বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন, টায়ার সরবরাহ, কনটেইনার মেরামত এবং ভারী যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ অংশ সংস্কার। দরপত্র বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চসিকের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস। ফলে দরপত্রের কাজের প্রয়োজনীয়তা, তালিকা প্রণয়ন এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যে তাঁর দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। একই গাড়ির একই কাজ, একাধিকবার অন্তর্ভুক্তির প্রশ্ন দরপত্রের তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একই গাড়ির মেরামতকাজের পুনরাবৃত্তি নিয়ে। তালিকায় ২৭৪৩৬২ চেসিস নম্বরের একটি আইশার ময়লার গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, বডি ও কেবিন সংস্কারের কাজ একাধিকবার উল্লেখ রয়েছে। একইভাবে বিভিন্ন গাড়ির জন্য পৃথক প্যাকেজে কাছাকাছি ধরনের মেরামতকাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই গাড়ির একই ধরনের কাজ কেন একাধিকবার দরপত্রে এসেছে, প্রতিটি কাজের জন্য আলাদা প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছিল কি না এবং আগের মেরামতের পর গাড়িগুলোর প্রকৃত অবস্থা কী ছিল—এসব প্রশ্নের ব্যাখ্যা প্রয়োজন। শতাধিক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ, ব্যয়ের হিসাব কোথায়? দরপত্রের কয়েকটি প্যাকেজে বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ সরবরাহের বিষয়টিও আলোচনায় এসেছে। একটি প্যাকেজে ৩৬টি গাড়ি ও একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ সরবরাহের কথা বলা হয়েছে। অন্য একটি প্যাকেজে রয়েছে ২৬টি গাড়ির যন্ত্রাংশ সরবরাহ। এ ছাড়া ২৪টি, ২৩টি, ১২টি ও পাঁচটি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ এবং সংস্কারের কাজও অন্তর্ভুক্ত করা হয়েছে। এত বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে কোন গাড়ির কী ধরনের যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলোর বাজারদর কত, সরবরাহের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং বাস্তবে কতটুকু যন্ত্রাংশ ব্যবহারের প্রয়োজন—এসব তথ্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে ৪৬টি প্যাকেজের সম্ভাব্য মোট ব্যয়ের কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। যদিও প্রতিটি কাজের প্রাক্কলিত ব্যয় দরপত্র দলিলে থাকার কথা, তবু সামগ্রিক ব্যয়ের হিসাব প্রকাশ না হওয়ায় আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্জ্যাগারের ভারী যন্ত্রপাতিও মেরামতের তালিকায় শুধু ময়লার গাড়ি নয়, চসিকের বিভিন্ন বর্জ্যাগারে ব্যবহৃত ভারী যন্ত্রপাতির মেরামতকাজও রয়েছে দরপত্রের আওতায়। হালিশহরের আনন্দবাজার বর্জ্যাগারে ব্যবহৃত শৃঙ্খলচালিত ভারী মাটি কাটার যন্ত্র, আরেফিন নগর বর্জ্যাগারের দীর্ঘ বাহুবিশিষ্ট খননযন্ত্র এবং জল-স্থলে চলাচলে সক্ষম খননযন্ত্রের বিভিন্ন অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে ব্যবহৃত ১৫টি ধাতব কনটেইনারসহ আরও কয়েকটি ইস্পাতের কনটেইনার মেরামতের কাজও দরপত্রে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ভারী যন্ত্রপাতির কোন অংশ নষ্ট হয়েছে, সেগুলোর বর্তমান কার্যক্ষমতা কতটুকু, মেরামতের পর কত দিন ব্যবহার করা যাবে এবং সংস্কারের ব্যয় নতুন যন্ত্রপাতি কেনার তুলনায় কতটা সাশ্রয়ী—এসব বিষয়ও যাচাই করা প্রয়োজন। ৪৬টি কাজের সময়সীমা নিয়েও প্রশ্ন দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ আগস্ট দুপুর ১টা পর্যন্ত দরপত্র দলিল কেনা এবং একই দিন দুপুর ২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। ৪৬টি পৃথক কাজের ক্ষেত্রে একই সময়সীমা নির্ধারণ নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। এতগুলো পৃথক কাজের দরপত্র প্রস্তুত, প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক তথ্য যাচাই এবং প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময় কতটা যথাযথ ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। পুরোনো গাড়ি মেরামত, নাকি নতুন কেনা বেশি সাশ্রয়ী? দরপত্র ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পুরোনো গাড়ি ও যন্ত্রপাতি মেরামতে বিপুল অর্থ ব্যয় করা কতটা যৌক্তিক। কোনো গাড়ির বয়স, বর্তমান বাজারমূল্য, যান্ত্রিক অবস্থা এবং মেরামতের সম্ভাব্য ব্যয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কিছু গাড়ির ক্ষেত্রে বারবার মেরামতের পরিবর্তে নতুন গাড়ি কেনা দীর্ঘমেয়াদে বেশি সাশ্রয়ী হতে পারে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ জন্য প্রতিটি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ের ইতিহাস, মেরামতের প্রাক্কলন, যন্ত্রাংশের বাজারদর এবং সম্ভাব্য আয়ুষ্কালের তুলনামূলক হিসাব প্রকাশ করা জরুরি। তদন্ত কমিটি গঠনের কথা জানাল চসিক অনিয়মের অভিযোগের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, ‘রুবেল চন্দ্র দাসের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগগুলো আমরা শুনেছি। অভিযোগগুলো আমলে নিয়ে ইতোমধ্যে করপোরেশনের নিজস্ব আইনজীবীর মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও অভিযোগগুলোর তদন্ত প্রতিবেদন হাতে পাব।’ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।তবে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে দরপত্রের সব নথি, কাজের প্রাক্কলন, কারিগরি মূল্যায়ন, গাড়ির মেরামতের ইতিহাস এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। অভিযোগ অস্বীকার প্রকৌশলী রুবেল চন্দ্র দাসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে চসিকের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে আমি অবগত নই। এখানে গাড়ি মেরামতের বিষয়ে যে অর্থের হরিলুটের কথা বলা হয়েছে, তা অসম্ভব। কারণ, এখানে আমার একার পক্ষে কোনো দরপত্র আহ্বান করা সম্ভব নয়। আমাদের আরও কয়েকজন প্রকৌশলীসহ সব বিষয় বিবেচনা করে সবশেষে মেয়রের স্বাক্ষরের ভিত্তিতে এসব কাজ করা হয়।’ তিনি আরও বলেন, ‘৪৬টি দরপত্রের সবগুলোই অনলাইনের মাধ্যমে আহ্বান করা হয়েছে। কমিটির মাধ্যমে যিনি কাজ পেয়েছেন, তাঁকেই কাজ দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। অনিয়ম-দুর্নীতি করারও সুযোগ নেই। যারা দরপত্রের মাধ্যমে কাজ চেয়েছিল, কিন্তু কাজ পায়নি, হয়তো তারাই এসব কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ নিজেকে নির্দোষ দাবি করে রুবেল চন্দ্র দাস বলেন, কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতেই গাড়ির যন্ত্রাংশ কেনা ও মেরামতের কাজ করা হচ্ছে। তদারকি বাড়ানোর আশ্বাস পরিচ্ছন্ন বিভাগের এ বিষয়ে চসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। পূর্বের দাফতরিক কাজে কী অনিয়ম-দুর্নীতি হয়েছে, সেটি আমার জানা নেই। শুনেছি, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পুরোনো গাড়ির যন্ত্রাংশ কেনা ব্যয়বহুল এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সময়মতো পাওয়া যায় না। ফলে নির্ধারিত গ্যারেজের বাইরে অন্য গ্যারেজেও অচল গাড়ি সচল করার জন্য যেতে হয়। অন্যথায় নগরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তবে ভবিষ্যতে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গাড়ির যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে কঠোর তদারকি করা হবে বলে আশ্বাস দেন তিনি। তদন্তে যেসব প্রশ্নের উত্তর জরুরি চসিকের ৪৬টি দরপত্র ঘিরে ওঠা অভিযোগের প্রকৃত চিত্র জানতে কয়েকটি বিষয় তদন্তে গুরুত্ব পাওয়া প্রয়োজন। প্রথমত, একই চেসিস নম্বরের গাড়ির একই ধরনের মেরামতকাজ একাধিকবার কেন অন্তর্ভুক্ত করা হয়েছে, তার কারিগরি ব্যাখ্যা কী? দ্বিতীয়ত, ৩৬টি, ২৬টি, ২৪টি ও ২৩টি গাড়ির যন্ত্রাংশ সরবরাহের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং সেগুলোর বাজারমূল্য যাচাই করা হয়েছিল কি না? তৃতীয়ত, ৪৬টি প্যাকেজের পৃথক প্রাক্কলিত ব্যয় ও সামগ্রিক ব্যয়ের পরিমাণ কত? এসব ব্যয় অনুমোদনের আগে কোনো স্বাধীন কারিগরি মূল্যায়ন করা হয়েছিল কি না? চতুর্থত, পুরোনো গাড়ি মেরামতের ব্যয় এবং নতুন গাড়ি কেনার সম্ভাব্য ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ রয়েছে কি না? পঞ্চমত, দরপত্র আহ্বান, মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং কাজ সম্পন্ন হওয়ার পর বিল পরিশোধ—প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কমিটির ভূমিকা কী ছিল? চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে এ খাতে গাড়ি ও যন্ত্রপাতি সচল রাখতে অর্থ ব্যয় যেমন প্রয়োজন, তেমনি প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হবে। তবে একই গাড়ির কাজের পুনরাবৃত্তি, বিপুলসংখ্যক যন্ত্রাংশ সরবরাহ এবং সামগ্রিক ব্যয়ের হিসাব নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব প্রকাশ করা চসিকের প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই প্রয়োজন। তদন্ত কমিটির প্রতিবেদন কতটা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
মামুনুর রশীদ নোমানী, বরিশাল: বরিশাল নগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার চেষ্টা করছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। প্রচারের চেয়ে নগরীর বাস্তব সমস্যা সমাধান, নাগরিক সেবার উন্নয়ন এবং অবকাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান নগর উন্নয়নের পরিকল্পনা। কীর্তনখোলার তীরে গড়ে ওঠা বরিশাল একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় নগরী হিসেবে পরিচিত ছিল। ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনযাত্রার সমন্বয়ে গড়ে ওঠা এ শহরকে আরও পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নান্দনিক নগরীতে রূপান্তর করার প্রত্যাশা দীর্ঘদিনের। সেই প্রত্যাশা পূরণে নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে কাজ করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশাল নগরীর প্রধান বিনোদনকেন্দ্র বেলসপার্ক। সবুজে ঘেরা এই পার্ককে নগরবাসীর স্বস্তি ও অবসর কাটানোর জায়গা হিসেবে গড়ে তোলার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ স্থাপনা, দখলদারত্ব এবং অনিয়মের অভিযোগ ছিল। একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েও পরিস্থিতির স্থায়ী পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বেলসপার্ক অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল সিটি করপোরেশন । প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দায়িত্ব গ্রহণের পর নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নাগরিক সমস্যার সমাধানে নতুন করে তৎপরতা দেখা গেছে। বেলসপার্ক দখলমুক্ত করার উদ্যোগের মধ্য দিয়ে নগর ব্যবস্থাপনার একটি সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন নগরবাসীকে। নগরীর সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট, মশার উপদ্রব, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ও নিরাপত্তার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছেন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। প্রশাসক শিরিন দৃশ্যমান উন্নয়ন দেখানো নিয়ে ব্যস্ত নয়; বরং নাগরিক সেবাকে নিয়মিত, কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থার মধ্যে নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমানতালে। তিলোত্তমা বরিশাল গড়ার প্রত্যাশা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। বেলসপার্কে উচ্ছেদ অভিযান, স্থায়ীভাবে দখলমুক্ত : কীর্তনখোলার তীরের বরিশাল নগরীতে বেলসপার্ক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়; এটি নগরবাসীর অবসর, শরীরচর্চা ও পারিবারিক সময় কাটানোর গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু পার্কটির অভ্যন্তরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ ছিল দীর্ঘ দিনের। নগর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিলকিস আক্তার জাহান শিরিন বেলসপার্কসহ নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্র থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার ঘোষণা দেন। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে পার্কের অভ্যন্তর থেকে সব স্থাপনা সরিয়ে দিয়েছেন। বেলসপার্কের পুর্ব দিকে কেডিসি সড়কের পাশে স্টল নির্মাণ করে পুনর্বাসন করেছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে প্রশাসক শিরিন কঠোর অবস্থান নেন। তার কঠোর অবস্থানের কারনেই নগরজুড়ে অবৈধ স্থাপনা অপসারণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বরিশাল নগরীর বেলস পার্ক,বিবিরপুকুর পাড়,চৌমাথাসহ বিভিন্ন স্থান সম্পূর্ণভাবে অবৈধ দখলমুক্ত করা হয়েছে বলে সিটি করপোরেশন-সংশ্লিষ্টরা এ তথ্যে জানিয়েছেন। এদিকে বেলসপার্কসহ বিভিন্ন পার্কের প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তাকর্মী বাড়ানো এবং তাঁদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে। ফলে বেলসপার্কসহ সকল পার্কগুলোকে আবারও নাগরিকদের স্বাভাবিক বিনোদনকেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পার্কে ঘুরতে আসা নগরবাসীর অনেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসকের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযান চালিয়েই দায়িত্ব শেষ হবে না; পার্কটি ভবিষ্যতে যেন আবার দখলদারত্বের শিকার না হয়, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে। সকল বিনোদনকেন্দ্রেও উচ্ছেদের দাবি বেলপার্কের পাশাপাশি নগরীর আরও কয়েকটি বিনোদনকেন্দ্র ও জনপরিসর থেকে অবৈধ দখলদারদের সরানোর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে নগর ভবন।এসব স্থানের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, আমতলা মোড়ের স্বাধীনতা পার্ক,লঞ্চঘাট ও রুপাতলী-নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।নগরবাসীর প্রত্যাশা, এসব স্থানেও উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, প্রবেশপথের নিরাপত্তা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানা গেছে। যে সমস্যাগুলো দেখেছেন প্রশাসক: বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের ব্যাপারে বলেন, প্রশাসক হওয়ার পর তিনি সব ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ প্রয়োগ নিশ্চিত করেছি। প্রশাসক শিরিন বলেন,নগরীর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের নিয়মিততা ও কার্যকারিতা নিয়ে আমি যথেষ্ট তৎপর। প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং প্রয়োগ করা ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণে বেশি গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে।ফলে বরিশালে ডেঙ্গুর প্রভাব নেই বললেই চলে। শহরের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ ছিল নগরবাসীর মাঝে। নগরীতে ময়লা-আবর্জনায় ভরা থাকতো; ঠিকভাবে পরিষ্কার করা হতোনা। পরিষ্কারের পরও ময়লা পড়ে থাকতো। আমি দ্বায়িত্ব নেয়ার পরে নগর বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারটি গুরুত্ব দিয়ে মৌলিক দুর্বলতা খুজে বের করে সমাধান করেছি। পরিচ্ছন্নতাকর্মীদের কাজ, বর্জ্য সংগ্রহের সময়সূচি, পরিবহন, নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ এবং তদারকি—প্রতিটি ধাপের মধ্যে সমন্বয় করার ফলে নগরী আজ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হয়েছে। প্রশাসক জানিয়েছেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে বরিশালকে বসবাসের উপযোগী শহর হিসেবে গড়ে তুলতে চান। সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট, নিরাপত্তা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানকে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলেও জানান প্রশাসক শিরিন। সুপেয় পানি, জলাবদ্ধতা ও যানজট নিরসনের উদ্যোগ একটি শহর কতটা আধুনিক, তা শুধু সড়ক বা স্থাপনার সৌন্দর্য দিয়ে নির্ধারিত হয় না। বাসিন্দারা নিরাপদ পানি পাচ্ছেন কি না, বৃষ্টির সময় রাস্তায় পানি জমছে কি না, যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কি না এবং রাতে চলাচল কতটা নিরাপদ—এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন প্রশাসক শিরিন। বরিশালে এসব সমস্যা সমাধানের প্রত্যাশা দীর্ঘদিনের। সুপেয় পানির সংকট মোকাবিলায় সরবরাহব্যবস্থার সক্ষমতা, পানির মান, সরবরাহের নিয়মিততা এবং সমস্যাগ্রস্ত এলাকা চিহ্নিতকরণে কাজ করা হয়েছে ইতিমধ্যে। একইভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সচল রাখা, খাল ও জলাধার সংরক্ষণ এবং অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রণে নগর ভবন সোচ্চার রয়েছে। যানজট কমাতে সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বিসিসি। সমস্যাগুলোকে অগ্রাধিকারভিত্তিক তালিকায় এনে প্রতিটির জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। কোন এলাকায় কী সমস্যা, সমাধান এবং কাজের অগ্রগতি নিয়ে রাত দিন সমানে কাজ করে যাচ্ছেন নিরবে প্রশাসক শিরিন। পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়তে সমন্বিত পরিকল্পনা কীর্তনখোলার তীরে গড়ে ওঠা বরিশাল দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী নগরীগুলোর একটি। শিক্ষা, সংস্কৃতি, নদীকেন্দ্রিক জীবনযাত্রা ও আঞ্চলিক বাণিজ্যের কারণে শহরটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যাশা দীর্ঘদিনের। কিন্তু নগর উন্নয়ন কেবল সৌন্দর্যবর্ধন কিংবা বিচ্ছিন্ন অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নিরাপদ ফুটপাত, সবুজায়ন এবং উন্মুক্ত স্থান সংরক্ষণকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনার জন্য বিসিসি বদ্ধপরিকর।বিশেষ করে নগরীর খাল ও জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের পথ সচল রাখা এবং জনসাধারণের ব্যবহারযোগ্য উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন প্রশাসক। শিরিন বলেন,এ ক্ষেত্রে সিটি করপোরেশনের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সমাজ এবং নাগরিকদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।সকলের সহযোগীতা পেলে একটি আধুনিক নগরীতে পরিনত হবে বরিশাল নগরী প্রচারণা নয়, উন্নয়নের ফলাফলেই প্রসংশিত শিরিন নগর প্রশাসনের সাফল্য নির্ধারণে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি তার স্থায়িত্ব ও বাস্তব ফলাফল বিবেচনা করা জরুরি। একটি পার্ক দখলমুক্ত করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ; কিন্তু সেটি আবার দখল হয়ে যাচ্ছে কি না, পরিবেশ পরিচ্ছন্ন থাকছে কি না এবং নাগরিকেরা নিরাপদে ব্যবহার করতে পারছেন কি না সেদিকেও নজর রাখছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। একইভাবে মশা নিয়ন্ত্রণে কতবার ওষুধ ছিটানো হয়েছে, সব ওয়ার্ডে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না এবং মশার উপদ্রব কমছে কি না। বর্জ্য ব্যবস্থাপনায় কতটি পরিচ্ছন্নতা অভিযান হয়েছে, প্রতিদিনের পরিচ্ছন্নতা বজায় থাকছে কি না।এসবের দিকে দৃষ্টি রাখছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। নাগরিক অভিযোগ গ্রহণে হটলাইন চালু: নাগরিক অভিযোগ গ্রহণ, দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগের অগ্রগতি জানার ব্যবস্থাও কার্যকর করার জন্য ফেসবুকে পেজ, গ্রুপ ও হটলাইন নম্বর খুলেছেন প্রশাসক। ফলে সমস্যার সমাধান যেমন দ্রুত হচ্ছে, তেমনি প্রশাসনের কাজের মূল্যায়নও সহজ হচ্ছে। ছাত্ররাজনীতি থেকে নগর প্রশাসন: শিরিনের রাজনৈতিক পথচলা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে পড়াশোনার সময় ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন তিনি। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হন শিরিন। একই বছর জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। পরবর্তী সময়ে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যুক্ত ছিলেন শিরিন। কর্মজীবনের শুরুতে বরিশাল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় এক দশক অধ্যাপনা করেন। পেশাগতভাবে তিনি একজন আইনজীবী।দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার পর নগর প্রশাসনের দায়িত্ব তাঁর জন্য যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি নগরীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার সুযোগও। নগরবাসীর প্রত্যাশা: উদ্যোগের ধারাবাহিকতা : বরিশালকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যাশা শুধু একজন প্রশাসকের নয়; এটি নগরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। বেলসপার্ক দখলমুক্ত করার উদ্যোগ সেই প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত একটি দৃশ্যমান পদক্ষেপ। নগরীর সামগ্রিক পরিবর্তন নিশ্চিত করতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি সুপেয় পানি, জলাবদ্ধতা, যানজট, মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো মৌলিক নাগরিক সমস্যারও কার্যকর সমাধানে কাজ করে যাচ্ছেন শিরিন। প্রশাসক শিরিন দায়িত্ব নেয়ার পরে নগর উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। উদ্যোগগুলো সফল ও বাস্তবায়নের জন্য ধারাবাহিকতা, কাজের মান এবং নগরবাসীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দেওয়া, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে যাচ্ছেন। তিলোত্তমা বরিশাল গড়ার প্রত্যাশা তাই শুধু একজন প্রশাসকের নয়; এটি পুরো নগরবাসীর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।
ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধানে একটি নতুন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৫১ বছরের পুরোনো এই সমস্যার সম্ভাব্য সমাধানকে অনেকে স্বাগত জানালেও, প্রস্তাবিত স্থানের কারণে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রকল্পটি চামটা গ্রামের কুনিয়ারী মৌজায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে, যেখানে অধিকাংশ জমি তিন ফসলি আবাদি। স্থানীয়দের দাবি, এই জমিই তাদের প্রধান জীবিকার উৎস এবং এখানে প্লান্ট নির্মাণ হলে গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। গ্রামবাসীরা বলছেন, “উন্নয়নের নামে মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তাদের আশঙ্কা, প্লান্ট চালু হলে বর্জ্য থেকে নির্গত রাসায়নিক ও দুর্গন্ধ আশপাশের জমির উর্বরতা নষ্ট করবে এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এলাকাবাসীর অভিযোগ, এর আগে অপরিকল্পিতভাবে স্থাপিত ইটভাটার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন এই প্রকল্প সেই ক্ষতিকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে তারা মনে করছেন। তাদের মতে, একটি কৃষিনির্ভর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন পরিকল্পনার ঘাটতিরই ইঙ্গিত দেয়। তারা প্রশ্ন তুলেছেন—যেখানে মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, সেখানে ময়লার ভাগাড় তৈরি কতটা যুক্তিসঙ্গত? তবে স্থানীয়রা উন্নয়নের বিপক্ষে নন। তারা বিকল্প হিসেবে শহরের উপকণ্ঠে অনাবাদী জমি বা নদীর পাশের ইকো পার্ক এলাকার মতো স্থানে প্লান্ট স্থাপনের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষিজমির ক্ষতি হবে না। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, প্রকল্পটি বর্তমান স্থান থেকে সরিয়ে পরিবেশবান্ধব ও জনস্বার্থসম্মত কোনো বিকল্প স্থানে বাস্তবায়ন করতে হবে। তাদের ভাষায়, “কৃষকের জীবিকা ধ্বংস করে কোনো আধুনিক শহর গড়া সম্ভব নয়।”
বরিশাল অফিস : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়নকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় “সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা” বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এছাড়া ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধিরা অংশ নেন। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি আলোচনায় নগরীর ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ—পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনাও তুলে ধরা হয়। জৈব বর্জ্য থেকে সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য পুনঃব্যবহার করে জ্বালানি বা অন্যান্য পণ্য তৈরির সুযোগ নিয়ে আলোচনা হয়। পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগ সভায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, খোলা স্থানে বর্জ্য ফেলা বন্ধ করা এবং আধুনিক ডাম্পিং স্টেশন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা সহজ হবে। প্রশাসকের বক্তব্য সভায় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্জ্য আর অভিশাপ থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে।” তিনি আরও জানান, প্রকল্পটির বাস্তবায়ন দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে।
বরিশাল অফিস : ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকার আধুনিক ব্যবস্থাপনা ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদপুর পৌরসভার আদমপুর এলাকায় বর্জ্য শোধনাগার ও রিসাইকেলিং প্লান্ট পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিসিসি প্রশাসক আদমপুর এলাকায় বর্জ্য শোধনাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। বিশেষ করে প্লাস্টিক রিসাইকেলের ‘পাইরোলাইসিস প্লান্ট’ এর কার্যক্রমে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এই প্লান্টে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে পরিবেশবান্ধব উপায়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি করা হচ্ছে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ফরিদপুরের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা পরিদর্শন শেষে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, নগরায়নের ফলে সৃষ্ট বর্জ্য বর্তমানে বড় চ্যালেঞ্জ। ফরিদপুর পৌরসভা যেভাবে প্লাস্টিক বর্জ্য থেকে তেল উৎপাদন করছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং পরিবেশবান্ধব। তিনি আরও বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য পরিশোধন ব্যবস্থাকে আরও আধুনিক ও সুগম করতে আমরা কাজ করছি। ফরিদপুরের এই মডেলটি অত্যন্ত কার্যকর। বরিশালেও অনুরূপ পাইরোলাইসিস প্লান্ট ও আধুনিক বর্জ্য শোধনাগার চালু করার ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
বিবিসি বাংলা: "ঘরে মশা বাইরে মশা, যেখানেই যাই মশা। মশার যন্ত্রনায় অতিষ্ঠ। বিশেষ করে সন্ধ্যার পর মনে হয় মশা যেন তুলে নিয়ে যাবে।" এভাবেই বলছিলেন ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টরের খিদির খাল এলাকার বাসিন্দা শরিফুল হোসেন। দিনের বেলায়ও মশার কয়েল অথবা মশা প্রতিরোধক রিপিলেন্ট ব্যবহার করেও কাজ হচ্ছে না বলে দাবি করেন তিনি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকার বাসিন্দা সিমি আক্তারও। তিনি বলেন, বাসায় ছোট শিশু থাকায় মশা থেকে বাঁচতে দিন-রাত সবসময় বাসার দরজা-জানালা বন্ধ রাখছেন। মশার এমন ভয়াবহ উপদ্রবেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা গোপাল বিশ্বাস বলেন, "আগে তো মাঝেমধ্যে ধোঁয়া মারতে দেখতাম, অনেক দিন হলো সেটাও চোখে পড়ে না।" মশা বেড়েছে ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান কিংবা বসুন্ধরা আবাসিক এলাকায়ও। কেবল ঢাকায়ই নয় চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী সিটির কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে ওইসব এলাকায়ও হঠাৎ করেই মশা বৃদ্ধির খবর পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু নিয়ে শঙ্কা বেড়েছে সাধারণ মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, এবছরের পহেলা জানুযারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে অন্তত দেড় হাজার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন চার জন। ড্রেন পরিষ্কার না করা, খালের সংযোগস্থল ভরাট এবং জমে থাকা পঁচা পানির কারণেই মশা বেড়েছে বলে মত কীটতত্ত্ববিদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলছেন, স্থানীয় প্রশাসনে দীর্ঘদিনের অচলবস্থার কারণে কেবল ঢাকাই নয়, মশার উপদ্রব বেড়েছে গোটা দেশেই। যে তিন কারণে মশা বেড়েছে শীতের বিদায় আর বসন্তের আগমনে প্রকৃতিতে যখন পরিবর্তনের হাওয়া, ঠিক তখনই সারাদেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা শহরেও মশার দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ। বছরের এই সময়ে প্রতি বছরই মশা কিছুটা বাড়ে বলেই মত কিটতত্ত্ববিদের। তবে এবার মশার উপদ্রব অনেকটা বেশি বলেই জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এর পেছনে মোটাদাগে তিনটি কারণকে দায়ি করছেন মি. বাশার। তিনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের স্থানীয় সরকার প্রশাসন পুরোপুরি ভঙ্গুর অবস্থায় ছিল, মাঠপর্যায়ে প্রশাসন ছিল না বললেই চলে। দীর্ঘদিন ধরে চলা এই অচলবস্থার কারণে বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ায়, বিশেষ করে জনবহুল সিটি কর্পোরেশন এলাকাগুলোতে মশা অধিক হারে বেড়েছে বলেই মনে করেন তিনি। মি. বাশার বলছেন, "ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের মতো স্থানীয় সরকার প্রশাসনের যে অঙ্গপ্রতিষ্ঠানগুলো ছিল পুরো কাঠামোটাই ভেঙে পড়েছে।" দ্বিতীয়ত, বর্জ ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমসহ সব ধরণের তৎপরতার গতি কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘ সময় বৃষ্টি না থাকায় ড্রেন, ডোবা, নর্দমার পানি আটকে কিউলেক্স মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে বলেও মনে করেন মি. বাশার। "বৃষ্টি না হওয়ায় ড্রেন, ডোবা, নর্দমার জমে থাকা পানি স্থির থেকেছে, সেই পানি পরিষ্কার না করার দীর্ঘদিন ধরে পঁচেছে। এখন বসন্তের আগমনে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমে মশার বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।" শুষ্ক সময়ে জমে থাকা পানি যদি সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসন পরিষ্কারের ব্যবস্থা নিত তাহলে পানি পঁচতো না। মশার প্রজননের সুযোগও কমে যেত। তবে "এখন যে মশাটা আছে তার ৯২ ভাগই কিউলেক্স মশা। এই মশার বংশবৃদ্ধি হয় ড্রেন, ডোবা, নর্দমার পঁচা পানিতে," বলেন তিনি। তৃতীয় কারণ হিসেবে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়াকে দায়ি করছেন এই কীটতত্ত্ববিদ। তার মতে, কেবল গত আঠারো মাসে নয়, বাংলাদেশে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে কখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশে সাধারণত মশা নিয়ন্ত্রণে যে ফগিং বা ধোঁয়ার ব্যবহার করা হয় সেটি কার্যকর কোনো সমাধান নয় বলেই মনে করেন মি. বাশার। তিনি বলছেন, এর মাধ্যমে নাগরিকদের কেবল খুশি করার চেষ্টা করা হয়। "ছোট বাচ্চাদের চকলেট দিয়ে যেমন খুশি করার চেষ্টা করা হয় ঠিক একইভাবে নাগরিকদের খুশি করার পদক্ষেপ হচ্ছে ফগিং," বলেন তিনি। উন্নত বিশ্বের উদাহরণ টেনে কবিরুল বাশার বলেন, স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি থাকায় পৃথিবীর বেশিরভাগ দেশেই, মশা নিয়ন্ত্রণে ধোঁয়া ব্যবহার এখন আর অনুমোদিত নয়। ডেঙ্গু নিয়ে শঙ্কা বাংলাদেশে সাধারণত বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। কারণ এই সময়ে গরম ও বৃষ্টির কারণে জমে থাকা পানিতে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবৃদ্ধি দ্রুত হয়। যদিও ডেঙ্গু এখন আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোন সময়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেই মনে করেন জনস্বাস্থ্যবিদরা। সারাদেশে মশার উপদ্রব ভয়াবহ আকারে বাড়লেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও আশঙ্কাজনক নয় বলেই মনে করেন জনস্বাস্থ্যবিদ এবং কীটতত্ত্ববিদরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে, মশার বর্তমান আধিপত্য এখনই নিয়ন্ত্রণ না করা গেলে, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলছেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে যেমন পদক্ষেপ জরুরি তেমনি সাধারণ মানুষের সচেতনতাও প্রয়োজন। বিবিসি বাংলাকে তিনি বলেন, "ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় অতীতের অভিজ্ঞতা কাজে লাগানো দরকার। আমাদেরকে অবশ্যই আগেভাগে প্রস্তুতি রাখতে হবে, এপ্রিলে বৃষ্টি শুরু হলে এডিস মশা আমাদের চিন্তার কারণ হতে পারে।" ডেঙ্গুর শঙ্কা কিছুটা কম থাকলেও কিউলেক্স মশাবাহিত রোগ এই সময় হতে পারে বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। তিনি বলছেন, "যখনই বৃষ্টি শুরু হবে তখন কিউলেক্স মশা মরবে আর এডিস মশা বাড়বে। কারণ বৃষ্টির পানি বিভিন্ন পাত্রে জমা হয়ে এডিস মশার প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করবে।" এ কারণেই বৃষ্টি শুরুর আগে এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার পরামর্শ তার। এক্ষেত্রে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মি. বাশার। তিনি বলছেন, "ছোট বড় পড়ে থাকা পাত্র ধ্বংস করতে হবে। এপ্রিলে বৃষ্টি শুরুর আগেই এগুলো করতে হবে যাতে বৃষ্টি শুরু হলেই পানি জমে থাকতে না পারে।" মশা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? মশার উপদ্রব এবং মশাবাহিত রোগ নিয়ে নানা আলোচনা হলেও এর যেন কোনো সমাধান নেই। প্রতি বছরই অসংখ্য মানুষের মৃত্যু হয় ছোট্ট এই জীবের কামড়ে। সম্প্রতি মশার উপদ্রব যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে সেটি নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পঁচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করাই সব থেকে কার্যকর উপায় বলে মনে করেন কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলছেন, পরিষ্কার করার পর এই জায়গাগুলোতে কীট নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করতে হবে। যাতে মশার প্রজননস্থলগুলোই ধ্বংস হয়। "মশার উৎপত্তিস্থল যদি আমরা নষ্ট করতে পারি, তাহলে উড়ন্ত মশা পরবর্তীতে আর আসবেই না। আর মশার জন্মস্থান নষ্ট করে মশা নিয়ন্ত্রণ যত সহজ, উড়ন্ত মশা নিয়ন্ত্রণ করা তো অতটা সহজ না," বলেন তিনি। মশা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নিচ্ছে সরকার? সম্প্রতি মশার উপদ্রব অনেক বেশি বেড়ে যাওয়ায় এই প্রশ্নটি ঘুরেফিরেই আসছে সাধারণ মানুষের মধ্যে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করলেও মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই এখনও তেমন কার্যকর করতে পারেনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া মো. শফিকুল ইসলাম খান বলছেন, সিটি কর্পোরেশনে সব কিছুতেই অব্যবস্থাপনা রয়েছে। "আমি দায়িত্ব নিয়েছি কয়েক দিন হলো। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি, আশা করছি মশা নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকেই মাঠপর্যায়ে কাজ শুরু করবো আমরা," বিবিসি বাংলাকে বলেন তিনি। মশা নিধনে 'জিরো টলারেন্স' এর কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা ডিএসসিসি এর প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি জানান, মশক নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। "মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু করা হবে," বলেও জানান মি. সালাম।
রাজধানী ঢাকায় মশার তীব্র উপদ্রব জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শহরের ঘরবাড়ি, সড়ক ও আবাসিক এলাকার প্রায় প্রতিটি স্থানে মশার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার পরিমাণ ৪০ শতাংশের বেশি বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কার্যকর পদক্ষেপ না নিলে মার্চে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। গবেষণায় উদ্বেগজনক তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার-এর নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, বর্তমানে রাজধানীর প্রায় ৯০ শতাংশ মশাই কিউলেক্স প্রজাতির। গবেষণায় আরও জানা যায়, এক ঘণ্টায় কামড়াতে আসা মশার সংখ্যা এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বমান অনুযায়ী, ঘণ্টায় পাঁচটি মশা কামড়াতে এলেই তা ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা পৌঁছেছে প্রায় ৮৫০-এ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয়। মশা বৃদ্ধির তিন প্রধান কারণ গবেষকদের মতে, এ বছর মশার প্রকোপ বৃদ্ধির পেছনে তিনটি মূল কারণ রয়েছে— ১. কম তীব্র শীত ও আগাম শীত বিদায় — ফলে মশার বংশবিস্তার দ্রুত শুরু হয়েছে। ২. নর্দমা ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা — অপরিচ্ছন্ন পরিবেশ প্রজননের অনুকূল ক্ষেত্র তৈরি করেছে। ৩. প্রশাসনিক দুর্বলতা ও তদারকির ঘাটতি — দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রমে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। প্রশাসনিক স্থবিরতায় মশক নিধন কার্যক্রম ব্যাহত গত ৫ আগস্টের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসনিক কাঠামো নড়বড়ে হয়ে পড়ে। মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যত স্থবির হয়ে যায়। করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ফগিং বা ধোঁয়া ছিটানো পূর্ণবয়স্ক মশা কমাতে কিছুটা কার্যকর হলেও লার্ভা ধ্বংসে তেমন ফল পাওয়া যাচ্ছে না। ফলে সমস্যা স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। নাগরিকদের দুর্ভোগ চরমে মিরপুরের বাসিন্দা শিল্পী আক্তার বলেন, আগে ওয়ার্ড কাউন্সিলররা মাঠপর্যায়ে তদারকি করতেন। এখন সেই জবাবদিহি না থাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাড্ডার বাসিন্দা জুনায়েদ জানান, আগে মশারি ছাড়া ঘুমানো যেত, এখন স্প্রে করেও রেহাই মিলছে না। শেওড়াপাড়ার পারভিন তালুকদার বলেন, আগে সন্ধ্যায় মশা বেশি থাকত, এখন দিনভর উপদ্রব চলছে। দরজা-জানালা খোলা রাখার সুযোগ নেই। নতুন সরকারের নির্দেশনা নতুন নির্বাচিত সরকার ছয় সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রশাসকদের মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর নতুন প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে অভিযান পরিচালিত হবে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। মশা নিধনের ওষুধ কার্যকর কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে এবং ডিপো পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে। চলতি বছর এডিস মশা নিয়ন্ত্রণে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই বিশেষজ্ঞদের মতে, শুধু ফগিং নয়— কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত বর্জ্য অপসারণ খাল-নালার পরিষ্কার নির্মাণাধীন ভবন ও ছাদে জমে থাকা পানির নজরদারি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো এসব নিশ্চিত না হলে রাজধানীতে মশার বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হবে। মার্চ মাস ঘনিয়ে আসছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীবাসীর জন্য সামনে অপেক্ষা করছে আরও দুর্বিষহ সময়। জনস্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে সমন্বিত ও টেকসই উদ্যোগ নেওয়াই সময়ের দাবি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।